চট্টগ্রামে রোডমার্চ জানুয়ারিতে
বিএনপির চট্টগ্রাম অভিমুখী রোডমার্চ জানুয়ারিতে। প্রথম সপ্তাহে যেকোনো একটি দিন চূড়ান্ত হতে পারে। এ ব্যাপারে চলতি সপ্তাহে নগর বিএনপির সভাপতি আমীর খসরু মাহমুদ চৌধুরী দলীয় চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে বৈঠক করবেন। দলীয় সূত্রে এসব তথ্য জানা গেছে। এদিকে, বিএনপির রোডমার্চ কর্মসূচি নিয়ে দলীয় নেতা-কর্মীদের মধ্যে আগ্রহের কমতি নেই।সরকারের ব্যর্থতা ও অযোগ্যতা তুলে ধরতে এবং তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহালের দাবিতে বিএনপি নানা কর্মসূচি পালন করে আসছে। এরই অংশ হিসেবে রোডমার্চ কর্মসূচির ঘোষণা করা হয়। ইতিমধ্যে কয়েকটি বিভাগীয় শহরে এই কর্মসূচি পালিত হয়েছে। নগর বিএনপির সভাপতি আমীর খসরু মাহমুদ চৌধুরী এ প্রসঙ্গে প্রথম আলোকে বলেন, ‘সর্বক্ষেত্রে সরকার ব্যর্থতার পরিচয় দিচ্ছে। দেশের অর্থনৈতিক অবস্থা সংকটের মধ্যে পড়েছে। সাধারণ নাগরিকের কষ্ট বেড়েই চলেছে। এই অবস্থায় সাধারণ মানুষ সরকারের দ্রুত বিদায় চায়। তারা আমাদের কাছ থেকে কঠিন কর্মসূচি প্রত্যাশা করে। কর্মসূচি দিলে তারা স্বতঃস্ফূর্তভাবে অংশ নেয়। তেমনি রোডমার্চ কর্মসূচিতে লাখ লাখ মানুষ অংশ নেবে বলে আমরা ধারণা করছি।’দিনক্ষণ সম্পর্কে আমীর খসরু বলেন, ‘চলতি সপ্তাহে আমি চেয়ারপারসনের সঙ্গে বৈঠক করে দিনক্ষণ ঠিক করব। তবে জানুয়ারির প্রথম সপ্তাহের যেকোনো দিন এই কর্মসূচির তারিখ ঠিক করা হবে।’কর্মসূচি দেড়-দুই মাস পিছিয়ে দেওয়ার কারণ সম্পর্কে আমীর খসরু বলেন, ‘ডিসেম্বর মাসজুড়ে চেয়ারপারসন বিভিন্ন কর্মসূচি নিয়ে ব্যস্ত থাকবেন। তাঁর পরামর্শে আমরা নভেম্বরের পরিবর্তে জানুয়ারিতে কর্মসূচি পালনের সিদ্ধান্ত নিয়েছি।’চলতি মাসের মধ্যে চট্টগ্রাম অভিমুখী রোডমার্চ কর্মসূচি হওয়ার কথা ছিল। সেভাবে স্থানীয় বিএনপি অভ্যন্তরীণ কর্মসূচির ছক সাজিয়েছিল। দলীয় চেয়ারপারসনের ব্যস্ততার কারণে রোডমার্চ দেড়-দুই মাস পিছিয়ে তা জানুয়ারির প্রথম সপ্তাহে হতে যাচ্ছে।দলীয় সূত্র জানায়, খালেদা জিয়ার রোডমার্চ কর্মসূচি ঘিরে নগর বিএনপি ইতিমধ্যে ১১টি ওয়ার্ডে পথসভা করছে। এসব সভায় উপস্থিতির হার বাড়ছে। আগামী সপ্তাহ থেকে অন্য ৩০টি ওয়ার্ডে অনুরূপ কর্মসূচি পালন করা হবে বলে জানা গেছে। এ প্রসঙ্গে নগর বিএনপির সভাপতি আমীর খসরু মাহমুদ চৌধুরী প্রথম আলোকে বলেন, ‘আমাদের পথসভাগুলো জনসভায় পরিণত হচ্ছে। বিএনপির কর্মী-সমর্থক ছাড়াও সাধারণ জনগণ স্বতঃস্ফূর্তভাবে কর্মসূচিতে আসছে। খালেদা জিয়ার রোডমার্চে শামিল হতে তারা অধীর আগ্রহে অপেক্ষা করছে।’ দলীয় সূত্র জানায়, পর্যায়ক্রমে বাকি ৩০টি ওয়ার্ডের পথসভা কর্মসূচিতে আওয়ামী লীগের ব্যর্থতা বিশেষ করে দুর্নীতি, স্বজনপ্রীতি, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, শেয়ারবাজার ও ইউনিপেটুইউ কেলেঙ্কারি, পানিবিদ্যুৎ ও গ্যাস-সংকটসহ নানা বিষয় তুলে ধরা হবে। বিএনপির নেতা-কর্মীদের সঙ্গে কথা বলে জানা গেছে, রোডমার্চে হাজার হাজার কর্মী-সমর্থককে সম্পৃক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে। এর অংশ হিসেবে ওয়ার্ডে ওয়ার্ডে পাড়া-মহল্লায় কর্মী-সমর্থকদের সংগঠিত করা হচ্ছে। ওয়ার্ড থেকে নগর পর্যায়ের নেতারা এসব কর্মসূচিতে অংশ নিচ্ছেন। আগামী সপ্তাহ থেকে আবার পথসভা শুরু হবে। বিএনপির কর্মী আসাদুজ্জামান বলেন, রোডমার্চ কর্মসূচিতে অংশ নিতে দলীয় কর্মী-সমর্থকেরা অধীর আগ্রহের সঙ্গে অপেক্ষা করছেন। আসলে এখন কর্মসূচির কথা শুনলেই লোকজন স্বতঃস্ফূর্তভাবে অংশ নেয়। কারণ, এই সরকার জনগণকে কিছু দিতে পারেনি; বরং দুর্ভোগ আর কষ্ট আরও বাড়িয়ে দিয়েছে।