আনোয়ারা ও বাঁশখালী উপজেলার ২৫টি ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচন অনুষ্ঠানের মাধ্যমে আজ মঙ্গলবার শেষ হচ্ছে চট্টগ্রাম জেলার সব ইউনিয়নের ভোট গ্রহণ। এর আগে শান্তিপূর্ণভাবে শেষ হয়েছে ১৩ উপজেলার প্রায় দেড় হাজার কেন্দ্রের নির্বাচন। এসব নির্বাচনে ভোট গ্রহণের সময় কেন্দ্র দখল কিংবা ব্যালট ছিনতাইয়ের একটি ঘটনাও ঘটেনি। শোনা যায়নি গুলি-বোমার শব্দ। হত্যা, খুন কিংবা বড় কোনো সহিংসতা হয়নি। এমনকি সন্দ্বীপ, ফটিকছড়ি, রাউজান, রাঙ্গুনিয়ার মতো অপরাধপ্রবণ এবং সন্ত্রাসীদের বিচরণের নিরাপদ এলাকায় ইউপি নির্বাচন হয়েছে শান্তিপূর্ণভাবে। অতীতে এসব এলাকায় এমন নজির পাওয়া যায়নি। সেই অভিজ্ঞতা থেকে পুলিশ কর্মকর্তারা মনে করছেন, আনোয়ারা ও বাঁশখালীর ইউপি নির্বাচনও হবে শান্তিপূর্ণ। এটা শেষ হলে চট্টগ্রামে সহিংসতা ছাড়াই শান্তিপূর্ণ ইউপি নির্বাচন অনুষ্ঠানের নতুন নজির স্থাপিত হবে। চট্টগ্রামের জেলা পুলিশ সুপার মো. জেড এম মোরশেদ প্রথম আলোকে বলেন, ‘১৫ উপজেলার নির্বাচনকে কেন্দ্র করে কোনো থানায় একটি জিডিও হয়নি। এর চেয়ে শান্তিপূর্ণ নির্বাচন আর কীভাবে হতে পারে।’ পুলিশের হিসাবে, চট্টগ্রাম জেলার আয়তন দেশের অন্য যেকোনো জেলার চেয়ে বড়। আজকের নির্বাচন শেষ হলে এই জেলায় ১৭৬টি ইউনিয়নের এক হাজার ৬০৯ কেন্দ্রে ভোট গ্রহণ সম্পন্ন হবে। ফটিকছড়ি, সন্দ্বীপ, রাঙ্গুনিয়া ও বাঁশখালী জেলার প্রত্যন্ত ও দুর্গম এলাকাও রয়েছে এই জেলায়। আজকের দুই উপজেলার নির্বাচনও সারা দেশের সব জেলার মধ্যে কোনো একটি জেলায় একসঙ্গে সর্বোচ্চ ইউপিতে ভোট গ্রহণের অনন্য নজির। এসব বিবেচনা থেকে চট্টগ্রাম জেলায় নির্বাচনকে কেন্দ্র করে সহিংসতা কিংবা কেন্দ্র দখল অথবা ব্যালট বাক্স ছিনতাই ঘটনার আশঙ্কা ছিল ভোটার ও প্রার্থীদের মধ্যে। কিন্তু সব অঘটনের আশঙ্কা মিথ্যা প্রমাণিত করে চট্টগ্রামে শান্তিপূর্ণ ভোট গ্রহণের কারণে সর্বসাধারণের মধ্যে স্বস্তি লক্ষ করা গেছে।এ প্রসঙ্গে সাতকানিয়ার খাগরিয়া ইউনিয়নের বাসিন্দা এবং একটি খ্যাতনামা বেসরকারি প্রতিষ্ঠানের শীর্ষস্থানীয় কর্মকর্তা মাহবুব আলম প্রথম আলোকে বলেন, ‘যে প্রার্থী জোর খাটাতে পারতেন সেই প্রার্থী বিজয়ের ইতিহাস ছিল সাতকানিয়ায়। এবার অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচনের কারণে সাধারণ মানুষ তাঁদের পছন্দের চেয়ারম্যান ও সদস্য নির্বাচন করতে পেরেছে। যে কারণে শান্তিপূর্ণ নির্বাচন: প্রশাসন, পুলিশ ও সংশ্লিষ্ট নির্বাচনী কর্মকর্তাদের সঙ্গে কথা বলে জানা যায়, এবার নির্বাচনের আগে প্রত্যেক থানায় জেলা প্রশাসক ও পুলিশ সুপার গিয়ে প্রকাশ্যে সমাবেশ করেছেন প্রতিদ্বন্দ্বিতাকারী সকল চেয়ারম্যান-সদস্যের সঙ্গে বৈঠক করেছেন। কেউ নির্বাচনে প্রভাব খাটানোর চেষ্টা করলে তাঁর অবস্থা খারাপ হবে বলে এসব বৈঠকের মাধ্যমে সংশ্লিষ্ট প্রার্থী ও তাঁদের সমর্থকদের কাছে নির্বাচনের অনেক আগেই বার্তা পৌঁছে দেওয়া হয়। একই সঙ্গে থানার পুলিশ নির্বাচনে বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের তালিকা তৈরি করে এদের গ্রেপ্তার কিংবা চাপে রাখার কৌশল নেয়। একজন দায়িত্বশীল পুলিশ কর্মকর্তা বলেন, ভোটগ্রহণের দিন কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত পুলিশ (ইনচার্জ) বড় ভূমিকা পালন করেন। কোনো প্রার্থী ওই পুলিশের ওপর প্রভাবসৃষ্টিতে সক্ষম হলে প্রার্থীর সমর্থকেরা ভোটগ্রহণের সময় অনিয়মের চেষ্টা করে। আর এটা হলেও প্রতিদ্বন্দ্বী প্রার্থীর সমর্থকরাও বেপরোয়া হয়ে ওঠে। ফলে ভোটগ্রহণ ব্যবস্থায় বিশৃঙ্খল পরিস্থিতির কারণে সহিংসতার সৃষ্টি হয়।এ কারণে এবার কোন কেন্দ্রে কে দায়িত্বপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা হিসেবে নিয়োগ পাচ্ছেন তা আগেভাগে জানানো হয়নি। ভোটগ্রহণের আগের দিন সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তাকে দায়িত্ব বুঝিয়ে দিয়ে কেন্দ্রে চলে যেতে বলা হচ্ছে। এ ছাড়া যে এলাকায় ভোটগ্রহণ হচ্ছে সেই থানা এলাকার কোনো পুলিশ এমনকি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) কেন্দ্রের দায়িত্ব থেকে বিরত রাখা হয়। ফলে কেন্দ্রের পুলিশের সঙ্গে কোনো প্রার্থীর যোগাযোগ সৃষ্টির সুযোগ হয়নি।একজন নির্বাচনী কর্মকর্তা জানান, অতীতের অভিজ্ঞতায় দেখা গেছে, কোনো কেন্দ্রে ভোটগ্রহণে বিলম্ব হলেও সম্ভাব্য পরাজিত প্রার্থীর পক্ষ থেকে ব্যালট বাক্সে সিল মারার গুজব রটিয়ে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করা হয়। তখন উত্তেজিত শত শত সমর্থককে আর দমিয়ে রাখা সম্ভব হয় না। এ কারণে এবার বিকেল চারটায় ভোটগ্রহণ শেষ হওয়ার সঙ্গে সঙ্গে কেন্দ্রে ভোটগণনা শুরু এবং দিনের আলো থাকার সঙ্গে সঙ্গে গণনা শেষ করার নির্দেশনা ছিল। এটাও নির্বাচনী সহিংসতাকে অনেকখানি কমিয়ে দিয়েছে।এ প্রসঙ্গে জেলা পুলিশের অতিরিক্ত সুপার মো. নজরুল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘ফটিকছড়ির প্রত্যন্ত ইউপির ফলাফল শেষ করে রাত নয়টার মধ্যে আমরা চট্টগ্রাম শহরে পৌঁছে গেছি। অতীতের কোনো সময়ে এটা হয়েছে বলে আমাদের জানা নেই।’ জানা গেছে, পুলিশের নিরপেক্ষ ভূমিকা ছিল এবার নির্বাচনে সহিংসতা কম হওয়ার অন্যতম প্রধান কারণ। বিশেষ করে নির্বাচনের আগের দিন পদস্থ কর্মকর্তাদের ব্রিফিং এবং তারও আগে জেলা পুলিশ সুপার কোনো এলাকায় কেন্দ্রদখল কিংবা ব্যালট বাক্স ছিনতাই হলে তার পুরো দায়-দায়িত্ব সংশ্লিষ্ট থানার ওসিকে নিতে হবে বলে সতর্ক করে দিয়েছেন। ফলে থানার ওসি তাঁর সুনাম রক্ষার প্রয়োজনে নির্বাচনী কাজে তাঁর সর্বাত্মক চেষ্টা চালিয়ে নির্বাচনী বিশৃঙ্খলা ঠেকানোর চেষ্টা করেন।ছোট-খাটো বিশৃঙ্খলা: ১৩ উপজেলার নির্বাচনী সহিংসতার মধ্যে একমাত্র সীতাকুণ্ডের কুমিরা ইউনিয়নের শান্তিপূর্ণ ভোটগ্রহণ শেষে একটি কেন্দ্রে গণনার সময় দুই প্রতিদ্বন্দ্বী প্রার্থীর কর্মী-সমর্থকদের মধ্যে সহিংসতা হয়েছে। এ নিয়ে ঘণ্টা দুয়েকের জন্য ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ ছিল। এ নিয়ে আওয়ামী লীগ দলীয় পরাজিত প্রার্থী ও সমর্থকদের বিরুদ্ধে পুলিশ মামলা করে। এ ছাড়া মিরসরাইয়ের হাইতকান্দি ইউনিয়নের একটি কেন্দ্রে ভোটগ্রহণ স্থগিত হয়েছে প্রিসাইডিং কর্মকর্তার কিছু ব্যালট হারানোর কারণে। ওই প্রিসাইডিং কর্মকর্তা নিজের ডেস্কে রাখা ব্যালট বাক্সের একটি মুড়ি খুঁজে পাচ্ছিলেন না বলে ওই কেন্দ্রে ভোটগ্রহণ স্থগিত রাখা হয়েছে। রাউজানে প্রতিদ্বন্দ্বী দুই চেয়ারম্যান পদপ্রার্থীর সমর্থকদের মধ্যে ছোট-খাটো হামলা-পাল্টাহামলা, অগ্নিসংযোগ ও ভাংচুরের ঘটনা ঘটে ফলাফল ঘোষণার পরবর্তী সময়ে। রাতের মধ্যে ঘটে যাওয়া এই ঘটনাকে আর বড় হতে দেয়নি পুলিশ। সন্দ্বীপে ভোটগ্রহণ চলাকালে একটি কেন্দ্রের বাইরে একজন চেয়ারম্যান পদপ্রার্থী প্রতিদ্বন্দ্বীর কর্মী-সমর্থকদের প্রভাবিত করার ঘটনা নিয়ে সামান্য উত্তেজনার সৃষ্টি হয়। এই ঘটনায় ওই চেয়ারম্যান পদপ্রার্থীকে ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট কিছু সময়ের জন্য আটকে রাখেন। এর বাইরে আর কোনো অঘটন ঘটেনি বলে জেলা পুলিশের গোপন প্রতিবেদনে বলা হয়। এই প্রতিবেদন পুলিশ সদর দপ্তরে পাঠানো হয়েছে।