চট্টগ্রামে হবে আরেকটি 'প্রথম'?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
২০০৫ সালের ১০ জানুয়ারি চট্টগ্রামের এম এ আজিজ স্টেডিয়ামে বাংলাদেশের প্রথম টেস্ট জয়ের সেই মুহূর্ত l শামসুল হক
২০০৫ সালের ১০ জানুয়ারি চট্টগ্রামের এম এ আজিজ স্টেডিয়ামে বাংলাদেশের প্রথম টেস্ট জয়ের সেই মুহূর্ত l শামসুল হক

উদ্বেগ আর কৌতূহল স্পন্দিত চোখে সবাই তাকিয়ে চট্টগ্রামের এম এ আজিজ স্টেডিয়ামে। জিততে জিম্বাবুয়ের তখন দরকার ২২৭ রান। তখনই চকিতে পাল্টে গেল ছবিটা। এনামুল হক জুনিয়রের বলে সিলি পয়েন্টে ক্রিস্টোফার পোফুর ক্যাচ ধরে মোহাম্মদ আশরাফুল দিলেন ভোঁ-দৌড়! মুহূর্তেই এম এ আজিজ স্টেডিয়াম হয়ে গেল উৎসবের মঞ্চে। সেকেন্ডের ভগ্নাংশে উৎসবের রং ছড়িয়ে পড়ল গোটা দেশে। পাঁচ বছর দুই মাস, ৩১ পরাজয়, ৩টি ড্র আর অসংখ্য বিনিদ্র রাতের পর আরাধ্য জয়! বাংলাদেশের প্রথম টেস্ট জয়! সেটি এই চট্টগ্রামেই।
গতকাল শনিবার এম এ আজিজ স্টেডিয়ামে বিসিবি একাদশের সঙ্গে ইংল্যান্ডের প্রস্তুতি ম্যাচটা দেখার সময় যেন মূর্ত হয়ে উঠছিল ২০০৫ সালের ১০ জানুয়ারির সেই দিনটি। ১১ বছর আগের ঐতিহাসিক জয়—এখানেই তো রচিত হয়েছিল টেস্টের গৌরবময় ইতিহাস!
এমনিতে টেস্টে বাংলাদেশের রেকর্ড খুব একটা উজ্জ্বল নয়। ৯৩ টেস্টে জয় মাত্রই সাতটি। ড্র হয়েছে ১৫টি, বাকি ৭১ টেস্টেই হার। ক্রিকেটের সর্বোচ্চ সংস্করণে বাংলাদেশের হাতে গোনা যে কটি সাফল্য, নিঃসন্দেহে তার মধ্যে সবচেয়ে উজ্জ্বলতমটি চট্টগ্রামেই।
টেস্ট ক্রিকেটের পিচ্ছিল আঙিনায় বাংলাদেশের ইতিহাস নিরন্তর সংগ্রামের। ঐতিহ্য-অভিজ্ঞতায় যোজন-যোজন এগিয়ে থাকা সব দলের বিপক্ষে হোঁচট খেতে খেতেই শিখছে বাংলাদেশ। অবশ্য সাম্প্রতিক পারফরম্যান্স বিবেচনায় বাংলাদেশের উন্নতি আশাজাগানিয়া। নিশ্চয়ই বহু স্মরণীয় জয় আসবে ভবিষ্যতেও। তবু টেস্টের প্রথম জয়ের কথা নিপুণভাবে অঙ্কিত থাকবে স্মৃতিপটে। মাশরাফি বিন মুর্তজা একবার বলেছিলেন, ‘ওই ম্যাচটার কথা মনে থাকবে সারা জীবন। তখন একটা জয়, অনেক বড় ব্যাপার আমাদের কাছে। ক্রিকেট যে পর্যায়েই যাক, প্রথম জয়ের কথা অবধারিতভাবে আসবেই।’
সেই সঙ্গে আসবে চট্টগ্রামের নামও। ওয়ানডেতে চট্টগ্রামের মাঠ বাংলাদেশের জন্য ‘পয়া’ হিসেবে স্বীকৃত। টেস্টে সেটি না হলেও এখানে বাংলাদেশের স্মরণীয় মুহূর্তের সংখ্যা একেবারে কম নয়। চট্টগ্রামে আন্তর্জাতিক ক্রিকেটের ইতিহাসটা অবশ্য দুই পর্বে বিভক্ত। ২০০৫ পর্যন্ত ম্যাচ হয়েছে এম এ আজিজে। ২০০৬ থেকে শুরু জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামের যাত্রা।
এম এ আজিজে ৮ টেস্টে বাংলাদেশ জিতেছে ১টি, হার বাকি ৭টিতে। এই মাঠে সর্বোচ্চ রান হাবিবুল বাশারের। বাংলাদেশ দলের সাবেক এই অধিনায়ক ৭ টেস্টে ৪৩ গড়ে করেছেন ৬০২ রান। সেঞ্চুরি ১টি আর হাফ সেঞ্চুরি ৬টি। এম এ আজিজে ১৭ উইকেট নিয়ে বোলিংয়ে যৌথভাবে সবার ওপরে আছেন মাশরাফি (৫ টেস্ট) ও মোহাম্মদ রফিক (৪ টেস্ট)। টেস্টে মাশরাফির সেরা বোলিং এম এ আজিজেই। ২০০৩ সালে ইংল্যান্ডের বিপক্ষে ৬০ রানে নিয়েছিলেন ৪ উইকেট।
২০০৬ সালের ফেব্রুয়ারিতে শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট দিয়ে আন্তর্জাতিক ‘অভিষেক’ জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামের। এই মাঠে বাংলাদেশের সাফল্য এম এ আজিজের তুলনায় বেশি। ১৪ টেস্টে ১টিতে জয়, ড্র ৫, বাকি ৮টিতে হার।
জহুর আহমেদে সবচেয়ে বেশি রান মুশফিকুর রহিমের। বাংলাদেশ টেস্ট অধিনায়ক ১১ টেস্টে ৪৫.১১ গড়ে করেছেন ৮১২ রান। তাঁর সেঞ্চুরি ১টি ও হাফ সেঞ্চুরি ৫টি। এ তালিকায় দুইয়ে আছেন ‘ঘরের ছেলে’ তামিম ইকবাল। ১১ টেস্টে ৩৩.০৯ গড়ে বাঁহাতি ওপেনারের রান ৬৯৫। মুশফিকের মতো তাঁরও সেঞ্চুরি-হাফ সেঞ্চুরি সমান। তবে এই মাঠে মুমিনুল হকের রেকর্ডটা সবচেয়ে উজ্জ্বল। কক্সবাজার থেকে উঠে আসা বাংলাদেশ দলের এই টপ অর্ডার ব্যাটসম্যান ৪ টেস্টে করেছেন ৫০১। সেঞ্চুরি ৩টি। তাঁর গড়টাও চমকে ওঠার মতো ১২৫.২৫!
১২ টেস্টে ৪১ উইকেট নিয়ে বোলারদের মধ্যে সবার ওপরে আছেন সাকিব আল হাসান। টেস্টে বাঁহাতি অলরাউন্ডারের সেরা বোলিং এই মাঠেই। ২০০৮ সালের অক্টোবরে নিউজিল্যান্ডের বিপক্ষে ৩৬ রানে নিয়েছিলেন ৭ উইকেট। ম্যাচে ১০ উইকেট পেতে পেতে পাননি। পেয়েছিলেন ৯ উইকেট।
ইংল্যান্ডের বিপক্ষে ৮ টেস্টে জয় দূরে থাক, ড্র-ই করতে পারেনি বাংলাদেশ। ইংলিশদের বিপক্ষে সাফল্যখরা ঘুচিয়ে এবার চট্টগ্রামে আরেকটি ‘প্রথমে’র জন্ম দেবে বাংলাদেশ?