হাইকোর্টের সার্কিট বেঞ্চ বাস্তবায়ন পরিষদের উদ্যোগে চট্টগ্রামে হাইকোর্টের সার্কিট বেঞ্চ স্থাপনের দাবিতে এক মতবিনিময় সভা চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সম্মেলনকক্ষে ১৮ এপ্রিল অনুষ্ঠিত হয়।
এতে সভাপত্বি করেন পরিষদের আহ্বায়ক আবুল হাসেম। সদস্যসচিব শঙ্কর প্রসাদ দে ও প্রধান সমন্বয়কারী কাসেম কামালের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মাহবুবুল আলম।
সভায় আলোচক ছিলেন সাবেক সাংসদ মাজহারুল হক শাহ্, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদের ডিন আব্দুল্লাহ্ আল-ফারুক ও সাবেক ডিন জাকির হোসেন।
প্রধান অতিথির বক্তব্যে মাহবুবুল আলম বলেন, ‘চট্টগ্রাম বাংলাদেশের বাণিজ্যিক রাজধানী ও অন্যতম সমুদ্রবন্দর। দেশের অর্থনীতির চাকাকে সচল রেখেছে আমাদের এই বন্দর। অথচ আন্তর্জাতিক সমুদ্রবন্দরের কাস্টমস, ভ্যাট ও অন্যান্য মামলার প্রতিকারের জন্য ব্যবসায়ী সম্প্রদায়কে প্রতিনিয়ত ঢাকায় দৌড়াতে হচ্ছে। এতে ব্যবসায়ী সম্প্রদায়সহ চট্টগ্রামের সর্বস্তরের বিচারপ্রার্থীদের অর্থ ও সময় অপচয় হচ্ছে।’ তিনি আগামী তিন মাসের মধ্যে চট্টগ্রামে সার্কিট বেঞ্চ স্থাপনের দাবি জানান।
অন্য বক্তারা বলেন, পৃথিবীর প্রায় দেশেই অ্যাডমিরালটি কোর্ট বন্দরের পাশেই অবস্থিত। বর্তমান আইনি কাঠামো ও সংবিধানের ১০০তম অনুচ্ছেদের আলোকেই চট্টগ্রামের সার্কিট বেঞ্চ চালু করা সম্ভব। এ জন্য দরকার রাজনৈতিক সদিচ্ছা ও প্রধান বিচারপতির উদ্যোগ। বিজ্ঞপ্তি।