চট্টগ্রামে ২৭ বছর পর সব আসামি বেকসুর খালাস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম বন্দর এলাকায় আমদানি করা বলপেনের রিফিল চুরির ঘটনার ২৭ বছর পর গত মঙ্গলবার আট আসামি বেকসুর খালাস পেয়েছেন। তাঁদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় চট্টগ্রাম মহানগর হাকিম মোহাম্মদ মাহাবুবুর রহমান সব আসামিকে বেকসুর খালাসের আদেশ দেন। তবে শুনানি চলাকালীন গত বছরের মার্চে অন্য এক আসামির স্বাভাবিক মৃত্যু হয়।খালাস পাওয়া আসামিরা হলেন: মো. ওয়াজিউল্লাহ, আবদুল গনি, আমিনুর রশিদ, মো. গোলাম মোস্তফা, জহুরুল আলম, হাবিব উল্লাহ, আবদুল মতিন ও জমির আহমদ। আসামি ইব্রাহিম খলিল গত বছরের ৮ মার্চ মারা যান। এ কারণে তাঁকে রায় ঘোষণার আগে মামলা থেকে অব্যাহতি দেওয়া হয়।আদালত সূত্র জানায়, ১৯৮৪ সালের ১৭ এপ্রিল চট্টগ্রাম বন্দরের ১০ নম্বর জেটির পেছনে কাস্টমগোলা এলাকা থেকে আমদানি করা ১৪ হাজার ২৫৬টি বলপেনের রিফিল চুরি হয়। এ ঘটনায় বন্দর থানার তৎকালীন পুলিশের উপপরিদর্শক (এসআই) মো. আলতাফ হোসেন নয়জনকে আসামি করে একটি মামলা দায়ের করেন।আদালত সূত্র জানায়, মামলার আসামিরা ১৯৮৪-৯৯ সাল পর্যন্ত আদালতে নিয়মিত হাজিরা দেন। এরপর তাঁদের আর হদিস পাওয়া যায়নি। ফলে ওই বছর থেকে গত মঙ্গলবার রায় ঘোষণার আগমুহূর্ত পর্যন্ত তাঁরা ফেরারি ছিলেন।সূত্র আরও জানায়, রিফিল চুরির ঘটনায় ২৭ বছরে সাক্ষ্য দেন মাত্র চারজন। এতে আসামিদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণ করার যথেষ্ট উপাদান ছিল না। এ কারণে আদালত আসামিদের বেকসুর খালাস দেন।