চট্টগ্রামেই নিজেকে প্রস্তুত করেছি: সন্দীপন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘ছেলেবেলায় পাথরঘাটার ইকবাল রোডেই থাকতাম। ওখানকার বন্ধুদের সঙ্গেই সময় কাটাতাম বেশি। স্কুলে পড়ার সময় সেন্ট প্লাসিডস স্কুলে বাস্কেটবল খেলতাম আর খেলার ফাঁকে ফাঁকে গালগল্পে মশগুল থাকতাম। সঙ্গীরা প্রায় সবাই একই ক্লাসের একই পাড়ার। সেই মুখগুলো—মন্টি, রোমেল, পলাশ, মানস, জিতেন, বাবু, অংশু, অন্জনসহ আরও কতজন! তাদের বড় মনে পড়ে। ক্লাস এইট কি নাইনে পড়ার সময় ফুটবলও খেলতাম। অনেক জায়গায় ভাড়ায়ও খেলতে যেতাম। সে সময়ের বিশ্বখ্যাত ফুটবল তারকাদের কথা আমাদের মুখে মুখে ফিরত।’ ফেলে আসা শৈশবের কথা বলতে বলতে স্মৃতিকাতর হয়ে পড়লেন জনপ্রিয় গায়ক সন্দীপন। চট্টগ্রামের সঙ্গে সন্দীপনের নাড়ির টান। জীবনের সবচেয়ে আনন্দের সময় সেই শৈশব আর কৈশোর কেটেছে এখানেই। আর দেশজোড়া খ্যাতিমান গায়ক সন্দীপনের ভিত্তিটাই গড়ে উঠেছে চট্টগ্রামে। তাঁর স্মৃতিচারণের মধ্যেই সে কথা উঠে এসেছে। কলেজে পড়ার সময় থাকতেন হাজারী গলিতে। সে সময় আবীর খেলাঘরের আসরে যোগ দিতেন। মাঝেমধ্যে আড্ডা জমত বাসার ছাদেও। ছোটদের গান আর কবিতা শেখানোই ছিল তখন মূল কাজ। ওই সময় লালদীঘিতে ওয়াটার পোলো খেলতেন আর পাড়ে বসে সময় কাটাতেন। সোহরাব খান নামের এক বন্ধুর বাসায় গানের আসর বসত। কলেজের স্মৃতিচারণা করতে গিয়ে সন্দীপন বলেন, ‘মুহসিন কলেজে শিবিরের প্রাধান্য ছিল, তবে আমরা সেখানে গান করতাম। গিটার বাজাতাম। বিভিন্ন গানের প্রতিযোগিতায় পুরস্কার পেয়েছি। কলেজজীবনেই আমি গানের সঙ্গে বেশি জড়িয়ে পড়ি। তখন আমার প্রচুর মেয়েভক্ত ছিল।’ তিনি বললেন, ‘আর্যসংগীতে গানের স্কুলে আড্ডাটা ভালো জমত।’ একসময় চট্টগ্রাম থিয়েটারের সঙ্গে যুক্ত হন। থিয়েটারের রিহার্সাল রুমের প্রাণবন্ত দিনগুলোর কথাও স্মরণ করলেন সন্দীপন। ফিরিঙ্গিবাজার ঘাটে নদীর পাড়ে হাওয়া খেতে যেতেন থিয়েটারের সব ছেলেমেয়ে। সেখানে মজা করে পুরি খেতেন। কোতোয়ালি মোড়ের সাধুর মিষ্টি আর নিউ মার্কেটের লিবার্টির ফালুদার কথাও ভুলতে পারেননি সন্দীপন। সন্দীপন বললেন, ‘শিল্পকলা একাডেমীতে বিকেলে যেতাম নাটকের চর্চা বা অন্য কোনো কাজে। তখন সেখানে ম্যারাথন আড্ডা হতো। আইস ফ্যাক্টরি রোডে সানি টিউটোরিয়ালে বাচ্চাদের গান শেখাতাম। সেখানে দলপতি ছিলেন সুরকার বাসুদা। সেখানেও আমাদের কথার আসর জমত। আমি পারকিউসন বাজাতাম। এখন ব্যস্ততার কারণে সুযোগই মেলে না প্রাণ খুলে হাসার, কথা বলার। তাই কাজের ফাঁকে যখন ক্লান্ত হয়ে পড়ি, তখন কর্ণফুলির তীরের শহরটার কথা বড় মনে পড়ে। আজকের আমাকে প্রস্তুত করেছে চট্টগ্রামের সেই দিনগুলো।’