চট্টগ্রামেই সুর খুঁজে পান মিনার

সময়টা এখন মিনারের। ২০১৬ সালের পুরোটা সময় গানের জগতে তাঁর সদর্প বিচরণ। তাঁর গাওয়া বেশ কয়েকটি গান শ্রোতাপ্রিয়তা পেয়েছে। জুন মাসে প্রকাশিত হওয়া ‘ঝুম’ শিরোনামের গানটি তো গত শনিবার বিকেল পর্যন্ত ইউটিউবে ৭৫ লাখ ৯৪ হাজার ১৫৪ বার দেখা হয়েছে। গানটিই বলে দেয় তাঁর জনপ্রিয়তার পারদ কতটা ঊর্ধ্বমুখী। এই গানের গীতিকার ও সুরকার মিনার নিজে।
চট্টগ্রামের চকবাজারের ছেলে মিনার মাঝে কয়েকটা বছর গান থেকে দূরে ছিলেন। দীর্ঘ বিরতির পর তৃতীয় একক অ্যালবামের ‘আহারে...’ গানের ভিডিওর মাধ্যমে নিয়মিতভাবে গানে ফেরেন।
গানে এ বছরটাকে তাঁর অর্জনের সেরা মনে করছেন মিনার। নিজের সফলতার পাশাপাশি মিনারের মা এ বছরের মা দিবসে আকিজ গ্রুপ থেকে সম্মানিত হয়েছেন। তাঁকে রত্নগর্ভা মা হিসেবে আখ্যায়িত করা হয়। এটাকে শুধু এ বছরের নয়, গানের জীবনের সবচেয়ে বড় অর্জন মনে করছেন মিনার। চট্টগ্রাম কলেজের পূর্ব গেটসংলগ্ন নবাব সিরাজউদ্দোলা সড়কের বাসিন্দা মিনার নিজ এলাকার চিটাগাং জুনিয়র চেম্বার ইন্টারন্যাশনাল থেকে সম্প্রতি সম্মাননা পেয়েছেন।
চকবাজার এলাকার দেশ মেডিকেলে আশির দশকের শেষ দিকে জন্মগ্রহণ করেন মিনার। জন্ম এবং বেড়ে ওঠার কারণে শহরজুড়ে রয়েছে তাঁর অসংখ্য বন্ধু। চট্টগ্রামের প্যারেড গ্রাউন্ডে বন্ধুদের সঙ্গে নিয়মিত ফুটবল খেলতেন। স্কুলজীবনে বন্ধুদের নিয়ে এই খেলা চালিয়ে গেছেন তিনি। চট্টগ্রাম সরকারি উচ্চবিদ্যালয় থেকে ২০০৭ সালে এসএসসি পাস করেন। বেসরকারিভাবে এ-লেভেল করে ২০০৯ সালে পাকাপাকিভাবে ঢাকায় চলে আসেন। তার এক বছর আগে মিনারের প্রথম একক গানের অ্যালবাম ডানপিটে (২০০৮) প্রকাশিত হয়। তিন বছর বিরতির পর প্রকাশিত হয় আড়ি (২০১১)।
>জাতীয় অঙ্গনে নানা ক্ষেত্রে দাপিয়ে বেড়াচ্ছেন চট্টগ্রামের তরুণ–তরুণীরা। পড়ুন সংগীতশিল্পী মিনারের গল্প
স্কুলজীবনে রয়েছে দারুণ এক স্মৃতি, যা পরে তাঁর আঁকাআঁকির জগৎকে বিস্তৃত হতে ভীষণভাবে অনুপ্রাণিত করে। মিনার বললেন, আমি ক্লাস সেভেনে থাকতে একটা পেইন্টিংস করেছিলাম। শিশুশ্রম বন্ধ করা নিয়ে আঁকা সেই পেইন্টিংস আমার স্কুল কর্তৃপক্ষ খুব পছন্দ করে। তারা সেটি বাঁধাই করে প্রিন্সিপালের রুমের দেয়ালে টাঙিয়ে রাখে। আমার আঁকা সেই পেইন্টিংস যত্ন করে রেখে দেওয়া হয়েছে প্রিন্সিপালের রুমের সামনে। এখনো সেখানে গেলে যখন দেখতে পাই তা আমাকে অদ্ভুত আনন্দ দেয়।’
গানের জগতে বিচরণের জন্য মিনারের অনুপ্রেরণা তাঁর বড় মামা শেখ সফিউর রহমান। তিনি খুব ভালো গজল গাইতেন। চট্টগ্রাম শহরে নাকি তাঁকে গজলশিল্পী মেহেদী হাসান বলতেন। মিনার বলেন, ‘চট্টগ্রামের এমন কোনো বড় অনুষ্ঠান নেই যেখানে মামা গজল গাইতেন না।’
মিনারের বাবা মোহাম্মদ আজহারুল ইসলাম বাংলাদেশ ব্যাংক চট্টগ্রাম শাখায় চাকরি করতেন। ২০০৬ সালে তিনি মারা যান। তাঁর মা নীলুফা ইয়াসমিন। ছয় ভাইবোনের মধ্যে তিনি একমাত্র ভাই ও সবার ছোট। গৃহিণী মা এখনো গানের ব্যাপারে তাঁকে অনুপ্রেরণা দেন।
ছোটবেলায় মা গানের ব্যাপারে খুব একটা উৎসাহ না দিলে নিরুৎসাহিত করতেন না। বললেন, ‘আমি যখন কি-বোর্ড ও পিয়ানো বাজাতাম, মা কখনোই বাধা দিতেন না। তবে পড়াশোনার ব্যাপারে খুব কঠোর ছিলেন।’
মিনারের বাবা-মা দুজনেই ছোটবেলা থেকে তাঁকে বই পড়ার ব্যাপারে উৎসাহ দিতেন। মিনার বলেন, ‘আব্বু-আম্মু বইমেলায় নিয়ে গিয়ে বই কিনে দিতেন। ছোটবেলায় কমিকস পড়তাম। ক্লাস ওয়ানে থাকতে টিনটিন, নন্টে ফন্টে, হাদাভোদা, নারায়াণ দেবনাথসহ সব ধরনের কমিক বই পড়া শেষ করে ফেলি। ফোর-ফাইভে ওঠার পর থেকে উপন্যাস পড়া শুরু করেছি। যদি বই পড়ার অভ্যাস তৈরি না হতো তাহলে এখন গান লিখতে পারতাম না। আমি এখনো সময় পেলে পড়ি।’
এখনো সময় পেলেই চট্টগ্রামে ছুটে যান মিনার। তাঁর মতে, চট্টগ্রাম তাঁর অস্তিত্বজুড়ে মিশে আছে। আর চট্টগ্রাম এলেই নাকি তিনি নতুন গানের সুর খুঁজে পান।