আসন্ন বিসিএস সাধারণ শিক্ষা সমিতির নির্বাচনকে ঘিরে কেন্দ্রের মতো আঞ্চলিক পর্যায়েও প্রচারণা এখন তুঙ্গে। নগরের ২১টি সরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের ৬৫৯ জন শিক্ষক ও শিক্ষাকর্মকর্তা ভোট দিয়ে নতুন কমিটি নির্বাচিত করবেন।
এবারের নির্বাচনে চট্টগ্রাম সাংগঠনিক অঞ্চলে তিনটি প্যানেলের প্রার্থীরা সহসভাপতি, যুগ্ম মহাসচিব, সাংগঠনিক সচিব এবং পাঁচজন নির্বাহী সদস্যসহ মোট আটটি পদের জন্য লড়বেন। প্রার্থী হয়েছেন বিভিন্ন সরকারি কলেজের ২৪ জন শিক্ষক। নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ২০ আগস্ট।
নির্বাচনকে কেন্দ্র করে চট্টগ্রামের ১৮টি সরকারি কলেজ, একটি শিক্ষক প্রশিক্ষণ ইনস্টিটিউট, একটি কমার্শিয়াল ইনস্টিটিউট এবং শিক্ষা বোর্ডের শিক্ষক ও কর্মকর্তাদের মধ্যে চলছে প্রচারণা।
বিসিএস সাধারণ শিক্ষা সমিতির বর্তমান কেন্দ্রীয় কমিটি-সমর্থিত প্যানেল হলো রব্বানী-সেলিম প্যানেল। এ প্যানেলের সহসভাপতি পদে প্রার্থী হয়েছেন চট্টগ্রাম সরকারি সিটি কলেজের উপাধ্যক্ষ মো. আখতার আলম চৌধুরী।
শিক্ষা ক্যাডারের বিভিন্ন ব্যাচের সদস্যরা আন্ত ব্যাচ-সমর্থিত শফিক-শাহেদ প্যানেলে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এই প্যানেলের সহসভাপতি পদে প্রার্থী হয়েছেন চট্টগ্রাম সরকারি কলেজের অধ্যক্ষ শেখর দস্তিদার।
অপর দিকে, এবার প্রকাশ্যে বিএনপি-জামায়াতের সমর্থন নিয়ে নির্বাচন করছে নাসরীন-সোহেল পরিষদ। এই প্যানেলের হয়ে চট্টগ্রামে সহসভাপতি পদে নির্বাচন করছেন খাগড়াছড়ি সরকারি কলেজের ইতিহাস বিভাগের সহযোগী অধ্যাপক মো. শাহ আলমগীর।
রব্বানী-সেলিম প্যানেলের যুগ্ম মহাসচিব প্রার্থী মো. আমিরুল আনোয়ার চৌধুরী বলেন, ‘আমরা তৃণমূল পর্যায়ে নেতৃত্বের বিকাশের মাধ্যমে এগিয়ে চলেছি। শিক্ষাবিদ ইনস্টিটিউট প্রতিষ্ঠাসহ শিক্ষকদের স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণের অঙ্গীকার আছে আমাদের।’
শফিক-শাহেদ প্যানেলের সহসভাপতি প্রার্থী শেখর দস্তিদার বলেন, ‘আমরা ব্যর্থ ও স্থবির নেতৃত্বের পরিবর্তন এবং অচলায়তন ভাঙার স্লোগান নিয়ে নির্বাচন করছি।’ তবে, এ দুটি প্যানেলের প্রার্থীরা বিএনপি ও জমায়াত-সমর্থিত নাসরীন-সোহেল পরিষদের সমালোচনা করেছেন। তাঁদের মতে, একটি সমিতিতে বিভিন্ন দল ও মতের মানুষ থাকে। কিন্তু নির্দিষ্ট কোনো রাজনৈতিক দলের সমর্থকদের নেতৃত্বে আসা মঙ্গলজনক নয়।
নির্বাচনের প্রতিশ্রুতি সম্পর্কে জানতে চাইলে বিএনপি ও জামায়াত-সমর্থিত নাসরিন-সোহেল পরিষদের সহসভাপতি প্রার্থী মো. শাহ আলমগীর পত্রিকার পরিচয় জানার পর ‘রং নম্বর’ বলে মুঠোফোনের সংযোগ কেটে দেন। এরপর একাধিকবার মুঠোফোনের মাধ্যমে যোগাযোগ করতে চাইলেও ফোন বন্ধ পাওয়া যায়।
বিভিন্ন সরকারি কলেজের শিক্ষকদের সঙ্গে কথা বলে জানা যায়, বেশির ভাগ ভোটারই চান সৎ ও দলনিরপেক্ষ নেতৃত্ব। দলের সমর্থন পেয়ে নির্বাচিত হওয়া নেতারা সাধারণ সদস্যদের জন্য কাজ করতে ব্যর্থ হন বলে তাঁরা মনে করেন।
নাম প্রকাশে অনিচ্ছুক চট্টগ্রাম সরকারি কলেজের একজন শিক্ষক বলেন, ‘সমিতি কোনো দলীয় আদর্শ এবং চিন্তাধারায় পরিচালিত হলে তাতে কখনো সার্বিক উন্নতি হয় না। তাই আমরা এসব ধ্যান ধারণার বাইরে নিরপেক্ষ কাউকে সমিতির দায়িত্বে দেখতে চাই।’