চট্টগ্রামেও টি-টোয়েন্টি ক্রিকেট আসর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশ্বকাপ টি-টোয়েন্টি ক্রিকেটের ডামাডোল চলছে। এই জোয়ারের মধ্যে চট্টগ্রাম আয়োজন করে বসল আরেকটি টি-টোয়েন্টি আসর। শুক্রবার চট্টগ্রাম বিভাগীয় স্টেডিয়ামের মহিলা ক্রীড়া কমপ্লেক্স মাঠে টুর্নামেন্টের পর্দা ওঠে। শুধু চট্টগ্রামের ক্রিকেটারদের নিয়ে এই আয়োজনটির নাম এফএমসি-আম্বিয়া একাডেমি কাপ টি-টোয়েন্টি। নিও ক্রিকেট একাডেমি নামে একটি সংস্থা এ আয়োজনের উদ্যোক্তা। ১২টি দল তিনটি গ্রুপে বিভক্ত হয়ে টুর্নামেন্টে অংশ নিচ্ছে। উদ্বোধনী দিনের দুটি ম্যাচে রিচ প্লাইম্যাক্স ক্রিকেট একাডেমি ও ব্রাইট ক্রিকেট একাডেমি শুভ সূচনা করেছে। তারা যথাক্রমে শতাব্দী গোষ্ঠী ক্রিকেট একাডেমি ও ইন্ডিপেনডেন্ট ক্রিকেট একাডেমিকে হারিয়েছে। টুর্নামেন্টের উদ্বোধন করেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক ও চট্টগ্রাম বিভাগীয় ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সিরাজুদ্দীন মোহাম্মদ আলমগীর। টুর্নামেন্টে জাতীয় দলের সাবেক ও বর্তমানসহ এ ক্যাটাগরির ১২ ক্রিকেটারদের নিয়ে একটি পুল করা হয়েছে। প্রতিটি দলে লটারির মাধ্যমে এই ১২ জনের একজন ক্রিকেটার স্থান পেয়েছেন।এর মধ্যে ইন্ডিপেনডেন্ট ক্রিকেট একাডেমিকে ভাগ্যবান বলতেই হবে। তারা পেয়েছে নাজিম উদ্দিনকে। তেমনিভাবে এক সময়কার মারকুটে ব্যাটসম্যান আফতাব আহমেদের ঠাঁই হয়েছে জুনিয়র ক্রিকেট একাডেমি দলে এবং নাফিস ইকবাল গেছেন ইস্পাহানি ক্রিকেট একাডেমিতে। টুর্নামেন্ট শুরুর প্রাক্কালে এক সংবাদ সম্মেলনে প্রধান পৃষ্ঠপোষক আ জ ম নাছির উদ্দিন বলেন, সব সময় যাতে ক্রিকেটাররা খেলার মধ্যে থাকে তাই এই টুর্নামেন্ট আয়োজন করা হয়েছে। এতে করে উদীয়মান ক্রিকেটাররা একটি ধারাবাহিকতার মধ্যে থাকবে। এ টুর্নামেন্টের বাজেট ধরা হয়েছে চার লাখ টাকা। এ সময় টুর্নামেন্টের চেয়ারম্যান ইয়াসিন চৌধুরী, কো চেয়ারম্যান আবদুল হান্নান আকবর, সাংগঠনিক সম্পাদক শাহাবুদ্দিন মো. জাহাঙ্গীর, সমন্বয়কারী আবু সামা, সদস্যসচিব আবুল হাশেম, সদস্য আলী আব্বাস, শওকত হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন। অংশগ্রহণকারী বাকি দলগুলো হলো এস এস ক্রিকেট একাডেমি, ইস্পাহানি ক্রিকেট একাডেমি, জুনিয়র ক্রিকেট একাডেমি, পোর্ট সিটি ক্রিকেট একাডেমি, ব্রাদার্স ক্রিকেট একাডেমি, নিও ক্রিকেট একাডেমি, উদীয়মান ক্রিকেট একাডেমি ও চিটাগং ক্রিকেট একাডেমি। গ্রুপ পর্বের খেলা শেষে শীর্ষ চারটি দল সেমি ফাইনালে মুখোমুখি হবে। ৯ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ। চ্যাম্পিয়ন দল ট্রফিসহ ১৫ হাজার টাকা এবং রানার্সআপ দলকে দেওয়া হবে ১০ হাজার টাকার পুরস্কার। প্রতিটি দলকে ম্যাচ ফি-ও দেওয়া হবে বলে ইয়াসিন চৌধুরী জানান।