চট্টগ্রামের অবকাঠামো উন্নয়নে আলাদা বরাদ্দের দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অবকাঠামো উন্নয়নে চট্টগ্রামের জন্য আলাদা বরাদ্দের দাবি জানিয়েছে চিটাগং মেট্রোপলিটন শপ ওনার্স অ্যাসোসিয়েশন। গত সোমবার চট্টগ্রাম প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়। সংবাদ সম্মেলনে ব্যবসায়ীরা নয় দফা দাবি উপস্থাপন করেন। এসব দাবি বাস্তবায়নে অর্থমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন তাঁরা। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে অ্যাসোসিয়েশনের সভাপতি মো. আবুল কাশেম বলেন, ‘দেশের আমদানি-রপ্তানি বাণিজ্যে বৈদেশিক মুদ্রার সিংহভাগ চট্টগ্রাম বন্দরের মাধ্যমে অর্জিত হয়। অথচ চট্টগ্রাম বন্দর ও বাণিজ্যিক রাজধানী চট্টগ্রামের অবকাঠামো বিনির্মাণে কোনো সরকারই বাজেটে আলাদা বরাদ্দ দেয়নি। তাই দেশের অর্থনীতির মূল চালিকাশক্তি চট্টগ্রামের উন্নয়নে বাজেটে আলাদ বরাদ্দের দাবি করছি।’সংবাদ সম্মেলনে ব্যবসায়ী নেতারা নগরের বিপণিকেন্দ্রগুলোতে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ এবং কলকারখানা ও বাসা-বাড়িতে গ্যাস-বিদ্যুৎ সংযোগ দেওয়ার আহ্বান জানান। অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আরও যেসব দাবি জানানো হয় সেগুলো হলো, ব্যক্তিগত করমুক্ত মূলধন এক লাখ ৭৫ হাজার টাকা থেকে বাড়িয়ে দুই লাখ ৫০ হাজার টাকা করা, ব্যাংকসুদের হার ১৮ থেকে ২০ শতাংশের পরিবর্তে ১০ থেকে ১২ শতাংশ করা, বাজেটে অপ্রদর্শিত টাকা সাদা করার সুযোগ দেওয়া, বাজেটে নিত্যপ্রয়োজনীয় পণ্য যেমন ভোজ্যতেল, চিনি, ছোলা, গম, ডাল ইত্যাদির ওপর উৎসে কর ও আমদানি কর হ্রাস করা, রিকন্ডিশন্ড গাড়ি আমদানির শুল্ক কমানো, আয়কর আদায়ে দোকানমালিকদের হয়রানি বন্ধ করা এবং রমজানে গঠিত আইনশৃঙ্খলা কমিটি ও মূল্য নিয়ন্ত্রণ কমিটিতে প্রকৃত ব্যবসায়ীদের অন্তর্ভুক্ত করা। সংবাদ সম্মেলনে জানানো হয়, আসন্ন রমজানে দ্রব্যমূল্য স্থিতিশীল রাখতে এবং কালোবাজারি ও সিন্ডিকেট বন্ধে সংগঠনের পক্ষ থেকে চট্টগ্রাম মহানগরে অঞ্চলভিত্তিক মনিটরিং কমিটি গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ ছাড়া হরতালের বিকল্প কর্মসূচি পালন করতে এবং আমদানি-রপ্তানি প্রক্রিয়া হরতালের আওতামুক্ত রাখতে রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানান ব্যবসায়ী নেতারা।