চট্টগ্রামের আকাশে রেড অ্যারোজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রামের জহুরুল হক বিমানঘাঁটিতে ব্রিটিশ রাজকীয় বিমানবাহিনীর বিমানগুলো
চট্টগ্রামের জহুরুল হক বিমানঘাঁটিতে ব্রিটিশ রাজকীয় বিমানবাহিনীর বিমানগুলো

আচমকা উড়ে আসা বিমানের শব্দে অনেকের মনেই খটকা লাগে। শূন্যে চক্কর খেতে থাকা বিমানগুলো দেখে এলাকার বাসিন্দারা কেউ কেউ রীতিমতো অবাক। যুদ্ধবিমানের মতো এসব বিমান দেখে পরক্ষণে তাঁদের সেই ভ্রম ভাঙে। তাঁরা তখন দেখেন, বিমানগুলো উড়তে উড়তে আকাশে ধোঁয়া ছাড়ছে। সে এক মনোরম দৃশ্য। চট্টগ্রাম নগরের পতেঙ্গা এলাকার উৎসুক জনতার সেটা উপভোগ করা ছাড়া কোনো উপায় কোথায়! মুগ্ধতা ছড়িয়ে পড়ে রানওয়ে এলাকায় থাকা বিমানবাহিনীর সদস্যদের মধ্যেও। ১২ নভেম্বর ‘ফরমেশন পাস’ নামের এই মহড়া প্রদর্শন করে ব্রিটিশ রাজকীয় বিমানবাহিনীর অ্যারোবেটিকস দল। এ দলটি বিশ্বব্যাপী রেড অ্যারোজ নামে পরিচিত। প্রথমবার সেদিন চট্টগ্রামে আসে দলটি।

১২ নভেম্বর দুপুরে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে একে একে নয়টি বিমান।

সফরে আসা অ্যারোবেটিকস দলের অধিনায়ক ডেভিড মন্টিনিয়াগো সেদিন বলেছিলেন, ‘এ দল প্রতিবছরই বিশ্বব্যাপী বিভিন্ন দেশ সফর করে। এবার ১৫টি দেশ সফর করা হবে। তবে সব দেশে অ্যারোবেটিক প্রদর্শনী করা হবে না। ইতিমধ্যে সাত-আটটি দেশ সফর করা হয়েছে। ২২টি স্টেশনে জ্বালানি সংগ্রহ করা হবে।’

চট্টগ্রামের আকাশে ব্রিটিশ রাজকীয় বিমানবাহিনীর অ্যারোবেটিকস দলের মহড়া ছিল এমনই মনোরম। ছবি: প্রথম আলো
চট্টগ্রামের আকাশে ব্রিটিশ রাজকীয় বিমানবাহিনীর অ্যারোবেটিকস দলের মহড়া ছিল এমনই মনোরম। ছবি: প্রথম আলো

জানা গেল, আগের দিন ১১ নভেম্বর সকাল ১০টায় থাইল্যান্ড থেকে সরাসরি চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করার কথা ছিল অ্যারোবেটিকস দলের। তবে খারাপ আবহাওয়ার কারণে ওই দিনের কর্মসূচি বাতিল করা হয়।
বিমানবাহিনীর এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, থাইল্যান্ড থেকে বিমানগুলো সরাসরি চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। এরপর বাংলাদেশ বিমানবাহিনীর জহুরুল হক ঘাঁটি থেকে জ্বালানি সংগ্রহ করে। এ সময় অ্যারোবেটিকস দলের সদস্যরা বাংলাদেশ বিমানবাহিনীর কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন এবং ফটোসেশনে অংশ নেন। টারমাকে (বিমান পার্কিংয়ের স্থান) থাকা বিমানগুলোর সামনে ছবি তুলতে দেখা যায় বিমানবাহিনীর সদস্যদের।
ডেভিড মন্টিনিয়াগো সাংবাদিকদের বলেন, ‘বাংলাদেশে আসতে পেরে আমার খুবই ভালো লাগছে। এখানকার মানুষদের ভালো লেগেছে। এ দেশের আতিথেয়তায় আমরা মুগ্ধ। আশা করি, ভবিষ্যতে আবারও আসব।’
১২ নভেম্বর সোয়া দুই ঘণ্টা অবস্থান করার পর বেলা আড়াইটায় কলকাতার উদ্দেশে চট্টগ্রাম ত্যাগ করে অ্যারোবেটিকস দল। ওই সম​েয়ও আকাশে ধোঁয়া ছড়িয়ে দিয়ে ‘ফরমেশন পাস’ প্রদর্শন করে বিমানগুলো। শুরুর মুগ্ধতার রেশ থেকে যায় বিদায়বেলায়ও।

.
.

রেড অ্যারোজ
এটি ব্রিটিশ রাজকীয় বিমানবাহিনীর খুবই পরিচিত দল। ১৯৬৫ সাল থেকে দলটি বিশ্বের বিভিন্ন দেশে অ্যারোবেটিক শো করে আসছে। এটি বিশ্বের অন্যতম প্রধান অ্যারোবেটিকস দল। ২০১৫ সাল পর্যন্ত ৫৬টি দেশে ৪ হাজার ৭২৫টি প্রদর্শনী করে এ দল। এই দলের সদস্য ১২০ জনের বেশি, যাঁদের মধ্যে আছেন পাইলট, প্রকৌশলী ও সহায়তাকারী কর্মী।