‘আমি ভবিষ্যতে সামাজিক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত হব আর সে কাজের সূত্র ধরেই আবারও বাংলাদেশে আসব। এখানেই কাজ করার ইচ্ছে আছে। কারণ, এখানকার মানুষের আন্তরিকতা মনে রাখার মতো। বিশেষ করে চট্টগ্রামের মানুষের আতিথেয়তায় আমি মুগ্ধ। আমাকে তাঁরা চেনেন না, জানেন না। অথচ কত সহজেই সবাই আপন করে নিয়েছেন, অভ্যর্থনা দিয়েছেন, কাছে টেনে নিয়েছেন। এসব কিছুই ভোলার নয়।’জাপানি তরুণ হাদাকা কসুজি অকপটেই কথাগুলো বললেন। কথা বলতে বলতে একটু আবেগপ্রবণই হয়ে পড়ছিলেন হাদাকা। প্রায় মাস দুয়েক এখানকার একটি উন্নয়ন সংস্থার হয়ে কাজ করেছেন। সেই অভিজ্ঞতা ছিল ভীষণ সুখকর। এবার দেশে ফেরার পালা। কিছুক্ষণ পর বাস ধরবেন। চট্টগ্রাম থেকে ঢাকা যাবেন। এর দিন দুই পরই ফিরে যাবেন নিজ দেশে। কাজেই এত দিনের জমানো অনুভূতিগুলো তাঁকে বার বার তাড়া করছিল। কসুজির সহকর্মী, প্রায় সমবয়সী তাকুমি সাকাতানির কাছে প্রচণ্ড ভালো লেগেছে চট্টগ্রামের পাহাড়-নদী আর সবুজের বিস্তৃতি। তাঁর দৃষ্টিতে এ অঞ্চলের মাটি ও মানুষ দুই-ই খাঁটি। কেবল আর্থিক সংকটের কারণে তাঁদের কঠোর সংগ্রাম করে জীবন-জীবিকার লড়াইয়ে শামিল হতে হচ্ছে।এই দুই জাপানি তরুণ গত এপ্রিল মাসের মাঝামাঝি সময়ে আসেন এ দেশে। কাজ শেষে কসুজি দেশে ফিরে যান ৯ জুন। সাকাতানি ফিরবেন কাল ১৬ জুন। বেসরকারি উন্নয়ন সংস্থা ‘নওজোয়ান’-এ স্বেচ্ছাসেবী (ভলান্টিয়ার) হিসেবে চট্টগ্রামে আসেন তাঁরা। তাঁদের কাজের জায়গা ছিল পটিয়ায়, নওজোয়ান প্রতিবন্ধী রিসোর্স সেন্টারে। দিনভর প্রতিবন্ধী শিশুদের সঙ্গেই সময় কাটত তাঁদের। কসুজি প্রথমে প্রতিবন্ধীদের ব্যায়ামের ওপর প্রশিক্ষণ নেন। তারপর নিজেই প্রশিক্ষণ দেন। পাশাপাশি শিশুদের জাপানি ভাষা শেখাতেন তিনি। সাকাতানিও একইভাবে প্রশিক্ষণ নিয়ে প্রতিবন্ধীদের সহযোগিতায় এগিয়ে আসেন। তিনি তাদের তথ্যপ্রযুক্তির বিভিন্ন বিষয় হাতে-কলমে শেখানোর দায়িত্ব পালন করেন। ২৬ বছর বয়সী কসুজির বাড়ি জাপানের মিয়াজি শহরে। সেখানে মা-বাবা ও ছোট বোন নিয়ে থাকেন। মা-বাবা দুজনই সরকারি চাকরিজীবী। কসুজি অস্ট্রেলিয়ান ন্যাশনাল ইউনিভার্সিটি থেকে মাস্টার্স ডিগ্রি নিয়েছেন ‘ডেভেলপমেন্ট স্টাডিজ’ বিষয়ে। এর পর বছর তিনেক জাপানে সরকারি চাকরি করেন। ২৪ বছরের তরুণ তাকুমি সাকাতানির বাড়ি জাপানের ওকিনাওয়াতে। মা-বাবা আর দুবোন নিয়ে তাঁদের পরিবার। ফুকিউ বিশ্ববিদ্যালয় থেকে তথ্যপ্রযুক্তি ও ব্যবস্থাপনা বিষয়ে মাস্টার্স করেছেন। পড়াশোনা শেষে সাকাতানি জাপানে বিভিন্ন ধরনের কাজের সঙ্গে যুক্ত ছিলেন।