চট্টগ্রামের গায়েহলুদের অনুষ্ঠান কাজে লেগেছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জনপ্রিয় সংগীততারকা মিলা। গায়কীর কারণে সংগীতে নিজস্ব ধারা তৈরি করে নিয়েছেন তিনি। আজকের মিলা হয়ে ওঠার পেছনে আছে চট্টগ্রামের মানুষের অনেক ভালোবাসা, সেই গল্পই তিনি বলেছেন শান্তনু চৌধুরীকে লোকে বলে আমার গানের একটা স্বতন্ত্র ধারা আছে, আমিও তা মনে করি। পোশাকেও আমি আলাদা। দুই ক্ষেত্রেই সফল হতে সংগ্রাম করতে হয়েছে আমাকে। এখন শুনি চট্টগ্রামের স্থানীয় শিল্পী মানে একেবারে যাঁরা নতুন তাঁদের কাছে কোনো অনুষ্ঠানের ডাক এলে আয়োজকদের কাছে জানতে চান, ‘মিলার মতো জামা পরব, না সাধারণ জামা পরব।’ এটা একটা ট্রেন্ড হয়ে গেছে। এই পোশাকের ব্যাপারে বলি, কারণ অনেকে এটা জানতে চান। আমি আসলে ছোটবেলা থেকে পশ্চিমা ধাঁচের (ওয়েস্টার্ন) পোশাকে অভ্যস্ত। সালোয়ার-কামিজ কখনো পরা হয়নি। শুনেছি আমি যখন মায়ের গর্ভে তখন আব্বু মনে করেছিল ছেলে হবে। কিন্তু হলো মেয়ে। এ কারণে আমাকে ছোটবেলা থেকে ‘ছেলে’ হিসেবেই দেখতেন সবাই। ছেলেদের মতো জামা পরাতেন। সে ধারাটাই রয়ে গেছে। তবে শাড়িও পরি বিভিন্ন অনুষ্ঠানে।আজকের অবস্থানে আসতে অনেক সংগ্রাম করতে হয়েছে। আমার সংগ্রামটা একটু অন্য রকম, কারণ আমার পরিবারে টাকার অভাব ছিল না। কিন্তু নিজেকে প্রতিষ্ঠিত করতে, টিকিয়ে রাখতে সংগ্রাম করতে হয়েছে। চট্টগ্রামে আমি একটা শিক্ষা পেয়েছি। সেখানে প্রচুর গায়েহলুদের অনুষ্ঠান হতো। কিন্তু আমার পরিবার এসব অনুষ্ঠানে গান করা তেমন পছন্দ করত না। সবাই বলতেন, ‘তুমি কেন অন্যের গায়েহলুদে গান করবা?’ কিন্তু ওই গায়েহলুদের অনুষ্ঠানে গান করে যে অভিজ্ঞতা আমার হয়েছিল সেটা পরে অনেক কাজে লেগেছে। তবে সমস্যাও একটা ছিল আর তা হলো এ ধরনের প্রায় অনুষ্ঠান শুরু হতো রাত ১২টায়। ফলে নির্ঘুম রাত কাটাতে হতো। প্রথম গান করে সম্মানী পাওয়ার কথাটা আমার এখনো মনে আছে। সেটা বাংলাদেশ টেলিভিশনে। ২০০ কি ৩০০ টাকা পেয়েছিলাম। আমি তখন তৃতীয় শ্রেণীতে পড়ি। এবার আমার গানের জীবন। চার বছর বয়স থেকে আমার গান করা শুরু। বাবা কর্নেল শহীদুল ইসলাম খুব উৎসাহ দিতেন। মা স্বপ্না ইসলাম নাটকের সঙ্গে যুক্ত ছিলেন। সেই কারণে একটা সাংস্কৃতিক আবহের মধ্যে আমি বড় হয়েছি। আসলে কখনো পেশাদার শিল্পী হব—এটা চিন্তা করিনি। যেহেতু বাসার সবাই গান করতেন সেই কারণে আমারও গান শেখা। যখন পরীক্ষা বা পড়ালেখার খুব চাপ থাকত তখন গানটাকে ছুটি দিয়ে দিতাম। এসএসসি পরীক্ষার পর মনে হলো আমি কিছু মিস করছি। আবার গান শুরু করলাম। ভাবলাম গানের অ্যালবাম করব। বাবা বদলি হয়ে যেখানেই যেতেন সেখানে সেনাবাহিনীর সাংস্কৃতিক অনুষ্ঠানে আমার ডাক পড়ত। ছোট ছিলাম, সবাই আমাকে আদর করতেন। ফুল, চকলেট উপহার দিতেন। গান শেষে প্রচুর হাততালি পেতাম। আমার মনে আছে, আম্মু তখন আমার জন্য পোশাক বানাতেন। গানের আমেজের সঙ্গে মিলিয়ে পোশাক। যেমন ছড়াগানই বেশি করতাম। সেখানে দেখা যেত পরি হবো। তখন আম্মু একটা পরির জামা বানাতেন। গানের কথা জাদুকর হব, মা জাদুকরের জামা বানাতেন। তখন থেকে বুঝতাম আমি একজন পারফরমার। ছড়া গান করলেও পেশাদার শিল্পী হিসেবে শুরু করি নজরুলগীতি দিয়ে। আম্মু নজরুলগীতি করতেন সেই কারণে এটাই বেশি গাওয়া হতো। শিখেছি উচ্চাঙ্গসংগীতও। মঞ্জুশ্রী রায়, অশোক চৌধুরী, সন্দ্বীপ দের কাছে গান শিখেছি। এ ছাড়া শিশু একাডেমী, শিল্পকলা একাডেমীতেও শিখেছি। আমার পৈতৃক বাড়ি হাটহাজারীর মাদার্শায়। কিন্তু ওখানে আমার খুব কম সময় থাকা হয়েছে। পরিণত বয়সে প্রায় দুই বছর ছিলাম চট্টগ্রামে। তখন মঞ্চে প্রচুর গেয়েছি। এটা ২০০২ সালের দিকের কথা। চট্টগ্রামে এখন খুব একটা যাওয়া না। শহরের চন্দনপুরায় আমার দাদাবাড়ি আছে। ওই বাড়ির কথা ভুলতে পারি না। ছোটবেলায় দাদির সঙ্গে অনেক মজার সময় কাটিয়েছি। তখন সবাই চট্টগ্রামের ভাষায় কথা বলতেন কিন্তু আমি পারতাম না। আব্বা আর দাদিমা যখন কথা বলতেন তখন আমি প্রথম প্রথম হা করে তাকিয়ে থাকতাম। পরে আঞ্চলিক ভাষা বুঝতাম কিন্তু বলতে পারতাম না। দাদি খুব কর্মঠ ছিলেন। প্রচুর কাজ করতেন। খুব সুন্দর ও শুদ্ধ ভাষায় কথা বলতে পারতেন। মাঝেমধ্যে গান শোনাতেন আমাদের। ঘুম পাড়াতেন। দাদির যে হারমোনিয়াম ছিল সেটা এখনো আমার কাছে আছে। আমার সবচেয়ে প্রিয় জায়গা পতেঙ্গাসৈকত। যখনই চট্টগ্রামে যাই—ছুটে যাই পতেঙ্গায়, শুনি সাগরের গান। বেশি যাওয়া হয় নেভাল সৈকতে। ওখানে আমার প্রচুর স্মৃতি। মনে আছে আব্বার একটা মোটরসাইকেল ছিল। তিনি আমাকে সাইকেলের সামনে বসিয়ে সৈকতে নিয়ে যেতেন ছোটবেলায়। মাঝেমধ্যে বনভোজন হতো। সবাই মিলে খুব মজা করতাম। গানের ব্যাপারে পরিবার থেকে কিছুটা বাধাও এসেছে, তা নিয়ে আছে কষ্টও। গান-বাজনা পছন্দ করলেও পেশাদার শিল্পী হিসেবে আমি প্রতিষ্ঠা পাই সেটা কখনো চাইত না আমার পরিবার। এ নিয়ে অনেক সংগ্রাম করতে হয়েছে। আব্বা আমাকে এমন কোনো টাকাও দেননি যে অ্যালবাম বের করব। অনুষ্ঠান করে জমানো টাকা দিয়ে অ্যালবাম করেছি। প্রথম অ্যালবাম আসে ২০০৬ সালে, নাম ফেলে আসা। সমপ্রতি দ্য এক্সপেরিমেন্টাল নামে যে স্টুডিওটা করেছি সেটাও আমার কষ্টের জমানো টাকা দিয়ে। আসলে কখনো টাকা জমাতে পারিনি। হয়তো কিছু টাকা জমিয়েছি ভালো কিছু করার জন্য, সেটা বিনিয়োগ করে ফেলেছি। চট্টগ্রামের নবীন শিল্পী বা অন্যদের প্রতি আমার পরামর্শ কাউকে অনুকরণ করবেন না। অনেকে মনে করছেন একটু ওয়েস্টার্ন পোশাক পরলেই বা স্টাইল করলেই তারকা হওয়া যায়। এটা একেবারে ঠিক নয়। গান শিখতে হবে। অভিভাবকদেরও সচেতন হওয়া উচিত। মিলা হওয়ার পেছনে যে জিনিসটা বেশি কাজ করেছে সেটা হলো ইচ্ছাশক্তি। কাজের প্রতি অবিচল ছিলাম। করতেই হবে, পিছপা হব না—এমন মনোভাব ছিল। যেহেতু আমি মেয়ে সে কারণে কিছু বাধা সবসময় ছিল। কিন্তু তারকা হব বলে ‘ছ্যাবলামি’ করিনি, এর হাত ধরতে হবে, ওর পা ধরতে হবে—এটা আমার মধ্যে কখনই ছিল না। এখনো নেই। সেই কারণে পপ গান করেও আমি যথেষ্ট সম্মান নিয়ে আছি। এটাই আমার কাছে বড় পাওয়া। গান আমার রক্তের মধ্যে ছিল। সততা নিয়ে কাজ করছি। তাই হয়তো আজ সাফল্যের গল্প বলতে পারছি। একটা কথা বলি যাঁরা চট্টগ্রামের শিল্পী তাঁদের মধ্যে কী যেন একটা আছে, তাঁরা ভালো করেই।