ইনডিপেনডেন্ট বিশ্ববিদ্যালয়ে কর্মশালায় বক্তারা
চট্টগ্রামের জাহাজনির্মাণ শিল্পের ইতিহাস তুলে ধরতে হবে
অালিয়ঁস ফ্রঁসেজ, চট্টগ্রাম কেন্দ্রের প্রাক্তন পরিচালক ও গবেষক স্যামুয়েল বার্থে বলেছেন, বন্দর নগর চট্টগ্রামের জাহাজনির্মাণ শিল্পের ইতিহাস নিয়ে আরও বিস্তৃত পরিসরে গবেষণার প্রয়োজন আছে।
৩ মার্চ সন্ধ্যায় চিটাগং ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি মিলনায়তনে ‘রিভিজিটিং দ্য হিস্ট্রি অব চিটাগং: আ শেয়ারড এক্সপ্লোরেশন’ শীর্ষক কর্মশালায় স্যামুয়েল এ কথা বলেন। চিটাগং সেন্টার ফর অ্যাডভান্স স্টাডিজ (সিকাস) এবং বিস্তারের যৌথ সহযোগিতায় এই কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে বিশ্ববিদ্যালয়ের ন্যাশনাল কালচার অ্যান্ড হেরিটেজ কোর্সের শিক্ষক ও শিক্ষার্থীরা অংশ নেন। চট্টগ্রামের প্রাচীন ইতিহাস নিয়ে গবেষণার গুরুত্ব তুলে ধরে ফরাসি গবেষক স্যামুয়েল বলেন, চট্টগ্রামকে কেন্দ্র করে ইতিহাসে বিদ্যমান রাজনৈতিক জটিলতাই প্রমাণ করে উপমহাদেশে এই জায়গার গুরুত্ব কতটুকু। চট্টগ্রাম বন্দরের নিয়ন্ত্রণ নেওয়া ছিল উপমহাদেশে কর্তৃত্ব স্থাপনের অন্যতম শর্ত। এর আগে স্বাগত বক্তব্য দেন চিটাগং ইনডিপেনডেন্ট বিশ্ববিদ্যালয়ের সহ–উপাচার্য ইরশাদ কামাল খান। কর্মশালায় বক্তব্য দেন কবি ও সাংবাদিক আবুল মোমেন, ইনডিপেনডেন্ট বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মাহমুদ হাসান, স্থপতি বিধান বড়ুয়া, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক জিল্লুর রহমান, বিস্তারের পরিচালক আলম খোরশেদ, উদ্ভিদবিদ নাসিম আনোয়ার প্রমুখ। কর্মশালা সঞ্চালনা করেন সিকাসের সদস্যসচিব ড. শামসুল হোসেন। বিজ্ঞপ্তি।