সম্প্রতি চট্টগ্রামের তিন তরুণ আলোকচিত্রী অর্জন করেছেন জাপানের ‘আশাহি শিম্বুন’ পুরস্কার। এই তিন তরুণ আলোকচিত্রী হলেন—মো. আশরাফ, মো. ইব্রাহিম ও ঈশা খান। ইন্টারন্যাশনাল ফটোগ্রাফি সালোন অব জাপান শীর্ষক এ প্রতিযোগিতার আয়োজন করে থাকে জাপানের বিশ্ববিখ্যাত পত্রিকা আশাহি শিম্বুন।২০১১ সালের এই প্রতিযোগিতায় চট্টগ্রামের তিনজনসহ বাংলাদেশের সাতজন পুরস্কার পেয়েছেন। প্রতিযোগিতায় বাংলাদেশসহ বিশ্বের ৪২টি দেশের মোট নয় হাজার ৪১০টি আলোকচিত্র গৃহীত হয়। এর মধ্যে ইশা খানের ‘স্ট্রাগল’, মো. আশরাফের ‘ফ্রেন্ডস’ এবং মো. ইব্রাহিমের ‘গার্বেজ অ্যান্ড চাইল্ডসহ’ মোট ১৩০টি আলোকচিত্র পুরস্কারের জন্য নির্বাচিত হয়। মো. ইব্রাহিম বলেন, ‘পুরস্কার তো সব সময়ের জন্য আনন্দের, ২০০৫ সালেও আমি এ পুরস্কারটি পেয়েছিলাম। এ নিয়ে দুবার পেলাম। স্বীকৃতি পেলে কাজে উৎসাহ পাওয়া যায়। ভাবছি, ফটোগ্রাফিকেই পেশা হিসেবে নেব।’ইব্রাহিম জানালেন, গত প্রায় পাঁচ বছর ধরে তিনি ছবি তুলছেন। নেশাটা এখন ধীরে ধীরে পেশায় পরিণত হচ্ছে। তাঁর ছবি তোলার হাতেখড়ি হয় ফোটো ব্যাঙ্কের পরিচালক আলোকচিত্রী শোয়েব ফারুকীর কাছে। অপর কৃতী আলোকচিত্রী ঈশা খান বলেন, ‘শখের বশেই ছবি তুলতাম। শিখেছি শোয়েব ফারুকীর কাছে।’ ঈশা খান একটি বেসরকারি সংস্থায় কাজ করতেন। ওই সংস্থার প্রকল্পের কাজ শেষ তাই এখন ফটোগ্রাফিকেই পেশা হিসেবে নিয়েছেন। মো. আশরাফ ঢাকার পাঠশালার দ্বিতীয় বর্ষের ছাত্র। ফটোব্যাংকের ‘ফটো আর্ট ইনস্টিটিউট’ থেকে একটি ‘অ্যাডভান্সড’ কোর্সও সম্পন্ন করেন। ছবি তোলা তাঁর প্রিয় একটি কাজ।তিনি বলেন, ‘পুরস্কার পেয়ে খুব ভালো লাগছে।’ তাঁর স্বপ্ন একদিন জগদ্বিখ্যাত আলোকচিত্রী হবেন। পুরস্কার বিজয়ী আলোকচিত্রগুলো গত ১৮ ডিসেম্বর থেকে ওয়েবসাইটে (http://www.photo-qsahi.com) প্রদর্শিত হচ্ছে।আগামী ১০ এপ্রিল থেকে ৮ মে পর্যন্ত ছবিগুলোর একটি প্রদর্শনী হবে জাপানের টোকিওর ক্যানন ওপেন গ্যালারিতে এবং সেখানেই একটি অনুষ্ঠানে বিজয়ীদের হাতে পদক ও ছবির ক্যাটালগ তুলে দেওয়া হবে।উল্লেখ্য, ফটোব্যাংক গ্যালারির পুরস্কৃত তিনজন আলোকচিত্রীই এর সহযোগী প্রতিষ্ঠান ফটোআর্ট ইনস্টিটিউটের প্রাক্তন ছাত্র এবং ফটো আর্টিস্ট ক্লাবের সদস্য। ইতিমধ্যে দেশে-বিদেশে বেশ কিছু আলোকচিত্র প্রতিযোগিতায় অংশ নিয়ে তাঁরা জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে পুরস্কৃত হয়েছেন।