চট্টগ্রামের প্রতিটি ধূলিকণাই ভালো লাগে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সত্তরের দশক থেকে এখন পর্যন্ত সমান জনপ্রিয়তা ধরে রেখেছেন তপন চৌধুরী। পুরোনো কিছু গানের নতুন সংকলন এবং একটি অ্যালবাম প্রকাশের কাজে এখন ব্যস্ত তিনি। এমন ব্যস্ততার মধ্যেও কথা হলো তাঁর সঙ্গে। ঢাকার মগবাজারে তাঁর বাসায় জমে ওঠে আড্ডা। আলাপচারিতার মধ্যে বারবার ঘুরেফিরে আসছিল চট্টগ্রামের কথা। শরীরটা যেখানেই থাক, তাঁর মনের বসবাস তো চট্টগ্রামেই।পটিয়ার ভাটিখাইন গ্রামের নলিনীকান্ত মোমোরিয়াল বিদ্যালয়ে সপ্তম শ্রেণী পর্যন্ত পড়ালেখা করেন। পরে অষ্টম শ্রেণীতে উঠে ভর্তি হন মিউনিসিপ্যাল উচ্চবিদ্যালয়ে। পরিবারের সব সদস্যই সাংস্কৃতিক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত ছিলেন। বড় হয়েছেন সাংস্কৃতিক আবহের মধ্যে। সাহিত্য, নাটক ও গানের প্রতি আগ্রহ ছিল ছোটবেলা থেকেই। ভালো গান গাইতেন বলে স্কুলে এক ধরনের আলাদা সম্মান পেতেন। বাবা হরিরঞ্জন চৌধুরী ছিলেন পুলিশ কর্মকর্তা। এর পরও তিনি হারমোনিয়াম নিয়ে গান করতেন। তবে জীবনে সাফল্যের মূল প্রেরণা তাঁর মা জিন্দুপ্রভা দেবী। তিনি কবিতা লিখতেন। তপন চৌধুরীর সব সৃজনশীল কাজের পেছনে মা ছিলেন অনেকটা ছায়া হয়ে।ভালো ফুটবলও খেলতেন তিনি। ইকবাল খানের প্রশিক্ষণ সেন্টারে প্রশিক্ষণ নিয়েছেন। ফুটবলার আশীষ ভদ্র তাঁর বন্ধু। ওই সময় আড্ডার সঙ্গী ছিলেন মানিক, লুল, বাবু, স্বপন, নেপাল, নির্মল, অনুপ, সিরাজ হাকিমসহ আরও অনেকে। নেপালের বাবা ভালো গান করতেন। সে হিসেবে এদের সঙ্গে আড্ডাটাও হতো গান নিয়ে। তপন চৌধুরীর গানে হাতেখড়ি হয় কাকা শিবপ্রসাদ দাশ শর্মার কাছে। তবে গান শেখা বলতে যা বোঝায় তা হয়েছে মিহির লালা ও প্রিয়দা রঞ্জনের কাছেই। সরকারি কমার্স কলেজে পড়ার সময় তপন চৌধুরীর আরেকটা বন্ধু মহল গড়ে ওঠে। এর মধ্যে ছিলেন রতন, পিকলু, নিজাম, মাহবুব আলী, শাহরিয়ার, বান্টি, আবু, বাবু, আকবর। এদের সবার সঙ্গেই এখনো বন্ধুত্ব টিকে আছে তপন চৌধুরীর। মিষ্টি হেসে তিনি বলেন, ‘সহজেই আমার কারও সঙ্গে বন্ধুত্ব নষ্ট হয় না।’ডিসি হিল পার্কের আড্ডা উপভোগ করতেন তপন চৌধুরী। একটু প্রকৃতির মাঝে হারিয়ে যাওয়া, একটু একান্তে ভাবার পরিবেশ ছিল সেখানে। মাঝেমধ্যে সঙ্গী হিসেবে থাকতেন রনিদা (সুব্রত বড়ুয়া রনি)। তপন চৌধুরী মনে করেন, রনিই তাঁর সংগীতজীবনের বড় পাওয়া। তিনিই প্রথম তপন চৌধুরীকে পরিচয় করিয়ে দেন সোলসের সঙ্গে। এরপর জীবনের মোড় ঘুরে যায় তাঁর। এটা ১৯৭২-৭৩ সালের ঘটনা।চট্টগ্রাম তপন চৌধুরীর ভালোবাসার শহর। এখানকার প্রতিটি ধূলিকণাই ভালো লাগে তাঁর। ইলিশ মাছের ডিম, চটপটি, ডাল, আলুভর্তা প্রিয় খাবার। তবে চট্টগ্রামের বার্মা রাজু হোটেলের নানা পদের খাবার, বৌদ্ধ মন্দিরের লাকি হোটেলের (হোটেলটি এখন আর নেই) চা-পরটা, চকবাজারের সবুজ হোটেলের বাকরখানি ভালো লাগত। এই শহরের বহু মানুষের সঙ্গে তাঁর সখ্য। মনে পড়ে প্রিয় শিক্ষক ধর্মপুর গ্রামের বাদল দাশ আর মিউনিসিপ্যাল স্কুলের রফিক স্যারের কথা। পূর্বকোণ-এর সম্পাদক স্থপতি তসলিম উদ্দিন চৌধুরী, দৈনিক আজাদীর সম্পাদক এম এ মালেক, আগ্রাবাদ হোটেলের মালিক হাকিম আলী তাঁর কাছের মানুষ।এ ছাড়া যাঁরা সংস্কৃতি অঙ্গন ও লোকগানের সঙ্গে জড়িত, যাঁরা খেলাধুলা করতেন তাঁদের সবারই সহযোগিতা পেয়েছেন তিনি। কৃতজ্ঞতা প্রকাশ করেন সবার প্রতি। তিনি বলেন, ‘এমনও হতে পারে হয়তো ভুলে অনেক বন্ধুর নামই বলা হয়নি। কিন্তু তাঁদের অবদানও আমার জীবনে কম নয়।’