চট্টগ্রামের প্রথম টাউন হল
‘চিটাগাং টু দ্য ফোর’—চট্টগ্রাম সম্পর্কে এমন উক্তি করেছিলেন মহাত্মা গান্ধী। সূর্য সেনের নেতৃত্বে যুব বিদ্রোহের মাধ্যমে ব্রিটিশ শাসকদের ভিত কাঁপিয়ে দিয়েছিলেন চট্টগ্রামের তরুণ বিপ্লবীরা। কংগ্রেসের অসহযোগ আন্দোলনের ঢেউও প্রকম্পিত করেছিল এই নগরকে। সেই দিক থেকে ‘চট্টগ্রাম সবার আগে’ গান্ধীর এই কথা বাড়িয়ে বলা ছিল না মোটেই।১৯২০ সাল। কলকাতায় কংগ্রেসের বিশেষ অধিবেশনের সিদ্ধান্ত অনুযায়ী শুরু হয় অসহযোগ আন্দোলন। ব্রিটিশ সরকারকে অসহযোগিতা করার আওয়াজ উঠল চারদিকে। চট্টগ্রামে জে এম সেন হলে মনিরুজ্জামান ইসলামাবাদীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয় এক সভা। সেই সভায় ব্রিটিশ শাসকদের এ দেশ থেকে তাড়ানোর শপথ নেন ছাত্র-জনতা। এমন বহু ঘটনার নীরব সাক্ষী এই মিলনায়তন, চট্টগ্রামের প্রথম টাউন হল। হাজার বছরের চট্টগ্রাম গ্রন্থসূত্রে জানা যায়, তৎকালীন নামকরা ব্যারিস্টার কলকাতার মেয়র ও জাতীয় কংগ্রেসের সভাপতি যতীন্দ্রমোহন সেনগুপ্ত তাঁর পিতা কৃতী আইনজীবী যাত্রামোহন সেনের স্মৃতির উদ্দেশে এ মিলনায়তনের নামকরণ করেন। ১৮৭৫ সালে যাত্রামোহন সেন চট্টগ্রাম অ্যাসোসিয়েশন নামে একটি সংগঠন ও একটি ট্রাস্টি বোর্ড গঠন করেন এবং ১৯১৪ সালে হলের জন্য জায়গা ও তিন হাজার টাকা দান করেন। ১৯১৬ সালের ১৯ নভেম্বর শরৎচন্দ্র দাশ রায়বাহাদুর এ জায়গায় টাউন হলের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। ১৯২০ সালের ৮ ফেব্রুয়ারি রায়বাহাদুর নবীনচন্দ্র দত্ত এ হলের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।বিপ্লবী বিনোদবিহারী চৌধুরী জানান, ‘ব্রিটিশবিরোধী আন্দোলন চলছিল তখন। আসাম বেঙ্গল রেলওয়ে এবং বার্মা অয়েল কোম্পানির শ্রমিকেরা ধর্মঘটে যোগ দিয়েছিলেন। ধর্মঘটি শ্রমিকদের বাড়ি ছাড়ার নির্দেশ দেয় সরকার। শ্রমিকেরা তখন এ হলেই আশ্রয় নেন। এ ধর্মঘট পরিচালনা করেছিলেন যতীন্দ্রমোহন সেনগুপ্ত। এ ছাড়া মাস্টারদা সূর্য সেন, কাজেম আলী মাস্টার, মতিলাল নেহরু, মনিরুজ্জামান ইসলামাবাদীসহ অনেক বিখ্যাত রাজনীতিবিদ এই হলে সভা করেছিলেন।’ইতিহাসের বহু পালাবদলের সাক্ষী এই ভবন আগের চেহারা হারিয়েছে। টিনের ছাউনি দেওয়া একতলা ভবনের আগের সেই উজ্জ্বল চেহারা নেই। হলের সামনের আঙিনাজুড়ে লাল ইট সুরকি বিছানো। ভেতরে প্রায় ৫০০ জন লোকের বসার ব্যবস্থা আছে। ভবনের দোতলার অংশটি কাঠের তৈরি। এককালে এখানেও দর্শক বসতেন, তবে এখন আর ব্যবহূত হয় না। প্রাঙ্গণের পূর্বদিকে যাত্রামোহন সেন, মাস্টারদা সূর্য সেন, নেলী সেনগুপ্ত, যতীন্দ্রমোহন সেনগুপ্ত, মহিমচন্দ্র দাশের আবক্ষ মূর্তি সংরক্ষিত আছে। তাঁদের প্রতি শ্রদ্ধা নিবেদনের জন্য দেশ-বিদেশের বহু লোক এখানে সমবেত হয়।এখন এই হলের প্রাঙ্গণ প্রায় সারা বছরই প্যান্ডেলে ঢাকা থাকে। জন্মাষ্টমী, দুর্গাপূজা, কঠিন চীবরদানসহ নানা ধর্মীয় অনুষ্ঠান লেগেই থাকে সারা বছর। এ প্রসঙ্গে সমাজবিজ্ঞানী অনুপম সেন বলেন, রাজনৈতিক সভা-সমাবেশ ছাড়াও বহু সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে এই হলে। তৎকালীন পাকিস্তান শাসনামলে কবিয়াল সমিতির সম্মেলনও অনুষ্ঠিত হয় এখানে। এ ছাড়া বিভিন্ন সময়ে নাটকও মঞ্চস্থ হয়েছে। এই ঐতিহ্য আবার ফিরিয়ে আনতে হবে।