চট্টগ্রামের প্রথম শহীদ বশরুজ্জমান
মুক্তিযুদ্ধে চট্টগ্রামের প্রথম শহীদ আনোয়ারার বশরুজ্জমান চৌধুরী। ১৯৭১ সালের ২৮ মার্চ নগরের চেরাগি পাহাড়ের মোমিন সড়কে তিনি শহীদ হন। বশরুজ্জমানের বাবা ব্যবসায়ী নুরুজ্জমান চৌধুরী ছিলেন আওয়ামী লীগের সমর্থক। তাঁর ভাই আখতারুজ্জামান চৌধুরীও অংশ নিয়েছিলেন মুক্তিযুদ্ধে। স্বাধীনতার উত্তাল দিনগুলোতে বশরুজ্জমানদের পাথরঘাটার বাসা ছিল মুক্তিযোদ্ধাদের নিরাপদ আস্তানা। জুপিটার হাউস নামের বাড়িটি অবারিত ছিল মুক্তিযোদ্ধাদের জন্য। ১৯৭১ সালে চট্টগ্রামের আওয়ামী লীগ নেতারা এ বাড়িতে বসে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতেন।বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ঘোষিত ছয় দফা ও ১১ দফার আন্দোলনে সক্রিয়ভাবে অংশ নিয়েছিলেন তৎকালীন ছাত্রনেতা বশরুজ্জমান। তাঁর স্বাধীনতাযুদ্ধে যোগদান তাই আকস্মিক কোনো ঘটনা ছিল না।১৯৭১ সালের পঁচিশে মার্চ ঢাকাসহ সারা দেশে পাকিস্তানি বাহিনীর নির্মম গণহত্যার প্রতিবাদে ষোলশহর সেনানিবাসের বেঙ্গল রেজিমেন্টের সৈন্যরা বিদ্রোহী হয়ে ওঠেন। তাঁরা ইস্ট পাকিস্তান রাইফেল (ইপিআর) বাহিনীর সঙ্গে কঠিন প্রতিরোধ গড়ে তোলেন। বেঙ্গল রেজিমেন্টের বিদ্রোহী সৈন্য ও ইপিআর বাহিনীর জন্য বাড়ি বাড়ি গিয়ে রসদ সংগ্রহে নেমে পড়েন বশরুজ্জমান ও তাঁর বন্ধুরা। সেনানিবাস থেকে বেঙ্গল রেজিমেন্টের সৈন্যরা বিদ্রোহ করে বেরিয়ে পড়ার পর পাকিস্তানি বাহিনী চট্টগ্রাম শহরে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার জন্য মরিয়া হয়ে ওঠে। সেদিন ছিল ২৮ মার্চ। প্রতিদিনের মতো বশরুজ্জমান চৌধুরী ও তাঁর দু-তিনজন সঙ্গী খাদ্যদ্রব্য সংগ্রহ করে নিয়ে যাচ্ছিলেন ইপিআর বাহিনীকে সরবরাহ করার জন্য। মোমিন সড়ক এলাকায় হঠাৎ পাকিস্তানি বাহিনীর মুখোমুখি পড়ে যান তাঁরা। কোনো কিছু বুঝে ওঠার আগেই পাকিস্তানি বাহিনী বশরুজ্জমান ও তাঁর সঙ্গীদের ওপর গুলিবর্ষণ শুরু করে। আর সেখানেই শহীদ হন তাঁরা। বশরুজ্জমানের অপর দুই সঙ্গী জাফর আহমদ ও দীপক বড়ুয়া বলে উল্লেখ করা হয়েছে দেয়াঙ পরগনার ইতিহাস বইয়ে।বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ চট্টগ্রামের সহকারী কমান্ডার (ত্রাণ ও পুনর্বাসন) রশিদ আহমদ বলেন, বশরুজ্জমান চট্টগ্রাম তথা আনোয়ারার গর্ব। আনোয়ারা উপজেলা মুক্তিযোদ্ধা বহুমুখী সমবায় সমিতি লিমিটেডের সভাপতি মো. আবুল কাশেম জানান, বশরুজ্জমান চট্টগ্রামের প্রথম মুক্তিযোদ্ধা। উল্লেখ্য, বর্তমানে আনোয়ারায় শহীদ বশরুজ্জমানের নামে একটি উচ্চবিদ্যালয় আছে। এ বিদ্যালয়ে প্রতিবছর ২৮ মার্চ পালন করা হয় বশরুজ্জমানের মৃত্যুবার্ষিকী। তা ছাড়া, নগরের শাহ আমানত সেতুর উত্তর পাড়ের চত্বরটির নামকরণ করা হয়েছে শহীদ বশরুজ্জমানের নামে।