চট্টগ্রামের বিশ্বকাপ কাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার পাশাপাশি চট্টগ্রামে বিশ্বকাপের তোড়জোড় শুরু হয়েছিল অনেক আগে থেকেই। বিশ্বকাপে বাংলাদেশের প্রথম প্রস্তুতি ম্যাচটিও হয়েছে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী বিভাগীয় স্টেডিয়ামে কানাডার বিপক্ষে। তা-ও এক মাস পেরিয়ে গেছে। এরপর ঢাকায় বিশ্বকাপের জমকালো উদ্বোধনী ও মাঠের খেলা শুরু। তবে বিশ্বকাপ উদ্বোধনের ২১ দিন পর বিশ্বকাপের চট্টগ্রাম পর্বের পর্দা উঠছে কাল। জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম আনুষ্ঠানিকভাবে ঢুকে যাচ্ছে বিশ্বকাপ ভেন্যুতে। বিশ্বকাপ বলে কথা। তাই সবই একটু বেশি বেশি। বাড়তি সতর্কতা, বাড়তি আয়োজন, বাড়তি নিরাপত্তা ইত্যাদি। চট্টগ্রামে ১১ মার্চ ইংল্যান্ডের সঙ্গে ও ১৪ মার্চ নেদারল্যান্ডের সঙ্গে স্বাগতিকদের দুটি ম্যাচ নিয়েও ঠিক তা-ই করা হচ্ছে।বিশ্বকাপের ভেন্যু চেয়ারম্যান সিরাজুদ্দীন মোহাম্মদ আলমগীর বলেন, ‘আমরা প্রস্তুত। সব ধরনের কাজ শেষ হয়েছে। আশাকরি নির্বিঘ্নে আমরা খেলা শেষ করতে পারব। এজন্য দর্শক ও সর্বসাধারণের সহযোগিতা খুব জরুরি।’ দর্শকদের জন্য কিছু নির্দেশনাও জারি করেছে নগর পুলিশ, বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ও অন্যান্য সংস্থা। যেমন কীভাবে দর্শকেরা ঢুকবেন, কীভাবে বের হবেন, কোন ফটক ব্যবহার করবেন, যানবাহন কোনদিকে থাকবে ইত্যাদি। খেলার সময় সাগরিকা শিল্পাঞ্চলে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ থাকবে। এ ছাড়া উত্তর কাট্টলী কর্নেল জোনস রোড থেকে কাস্টমস একাডেমি পর্যন্ত রাস্তাটিতে যানবাহন চলাচল বন্ধ থাকবে। বিকল্প সড়ক ব্যবহার খেলা চলাকালে এ কে খান মোড় থেকে জাকির হোসেন সড়ক হয়ে জিইসি মোড় পর্যন্ত বাস, মিনিবাস, হিউম্যান হলার, টেম্পো ইত্যাদি গণপরিবহন উক্ত সড়ক ব্যবহার না করে বিকল্প সড়ক ব্যবহার করবে। বিকল্প সড়কটি হলো এ কে খান মোড় হয়ে পাহাড়তলী চালের বাজার ও মনছুরাবাদ হয়ে দেওয়ানহাট। চট্টগ্রাম শহর থেকে ঢাকামুখী এবং ঢাকা থেকে চট্টগ্রামমুখী মালামাল বোঝাই ট্রাক, কভার্ডভ্যান ও ভারী যানবাহন বন্দর টোল রোড দিয়ে চলাচল করবে। পার্কিং খেলার সময় স্টেডিয়ামে যানবাহনের চারটি পার্কিং এলাকা থাকবে। এগুলো হলো—স্টেডিয়ামের ভেতরের পার্কিং, কাস্টমস একাডেমি পার্কিং, এ কে খান মাঠ পার্কিং ও আমেনা অ্যান্ড সন্স মাঠ পার্কিং।পার্কিং এলাকার জন্য চার ধরনের স্টিকার দেওয়া হবে। বিসিবি কর্তৃক ত্রিকোণাকৃতি সাদা, লাল ও সবুজ স্টিকার ইস্যু করা হবে। সিএমপি কর্তৃৃক সাধারণ পার্কিং স্টিকার ইস্যু করা হবে। স্টিকারযুক্ত গাড়ি উল্লিখিত পার্কিং এলাকায় পার্ক করবে। বিসিবি প্রদত্ত ত্রিকোণাকৃতি স্টিকারযুক্ত গাড়ি স্টেডিয়ামের ভেতরের পার্কিংয়ে পার্ক করবে।সিএমপির ‘সাধারণ পার্কিং’ স্টিকারযুক্ত গাড়ি নিয়ে যে সব দর্শক আসবেন তাঁদের পার্কিংয়ের জন্যও বিশেষ ব্যবস্থা রাখা হয়েছে। যেসব দর্শক পশ্চিম গেট দিয়ে ঢুকবেন তাঁদের গাড়ি নয়াবাজার সড়ক দিয়ে আমেনা অ্যান্ড সন্স পার্কিংয়ে এবং যাঁরা পূর্ব গেট দিয়ে ঢুকবেন তাঁরা অলংকার মোড়ের হোটেল আলিফের গলি দিয়ে ঢুকে এ কে খান মাঠ পার্কিংয়ে পার্ক করবেন।পূর্ব গেটের টিকিটধারী সাধারণ দর্শকেরা অলংকার মোড়ের আলিফ হোটেলের গলি দিয়ে এবং পশ্চিম গেটের টিকেটধারীরা ফইল্যাতলী বাজার হয়ে যাবেন।যাঁদের প্রবেশাধিকার রয়েছে জহুর আহমেদ চৌধুরী জাতীয় ক্রিকেট স্টেডিয়ামেটিকেট কিংবা অ্যাক্রেডিটেশন কার্ড ছাড়া কেউ ঢুকতে পারবেন না। খেলার দিন স্টেডিয়াম অথবা স্টেডিয়ামসংলগ্ন এলাকায় কোনো টিকিট বিক্রি হবে না।ভিক্ষুক, ফুল বিক্রেতা বা কোনো হকার নিরাপত্তা বলয়ের ভেতরে ঢুকতে পারবে না। স্টেডিয়ামের ভেতরে নির্ধারিত আসন ছাড়া খেলার মাঠে বা অন্যত্র ঘোরাফেরা করা কিংবা ঢোকা সম্পূর্ণ নিষিদ্ধ।কোনো ধরনের জাল টিকিট বহন ও হস্তান্তর করা এবং টিকিট কালোবাজারি করা আইনত দণ্ডনীয় অপরাধ। কোনো ব্যক্তির কাছে জাল টিকিট পাওয়া গেলে তাঁর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে। মিডিয়া প্রতিনিধিদের ব্যবহারকারী বিভিন্ন ইলেকট্রনিকসসামগ্রী যেমন—ক্যামেরা, স্ট্যান্ড ও আনুষঙ্গিকসামগ্রী স্টেডিয়াম এলাকায় বহনের ক্ষেত্রে সংশ্লিষ্ট প্রতিনিধির মিডিয়া অ্যাক্রেডিটেশন কার্ড থাকতে হবে।ভেতরে ঢোকা সময়সাপেক্ষ বিধায় দর্শকদের খেলা শুরুর ন্যূনতম তিন-চার ঘণ্টা আগে স্টেডিয়ামে আসতে হবে। নিরাপত্তাজনিত কারণে ব্যাগ, লাগেজ, থলে, বড় ভ্যানিটি ব্যাগ ইত্যাদি নিয়ে স্টেডিয়ামে ঢোকা যাবে না। স্টেডিয়াম গ্যালারিতে কাগজ পুড়িয়ে বা অন্য কোনোভাবে অগ্নিসংযোগ করা যাবে না।আগ্নেয়াস্ত্র ও অন্যান্য অস্ত্রশস্ত্র, ধারালো অস্ত্র যেমন—ছুরি, নানচাকু, এমনকি খেলনার অস্ত্রও আনা যাবে না। আতশবাজি, সিগারেট, দিয়াশলাই, ম্যাচ লাইটার, বিস্ফোরক এবং আগুন উৎপাদক দ্রব্যাদি আনা যাবে না। ধাতব রড, মুগুর, লাঠি জাতীয় জিনিস, যেকোনো প্রকার উচ্চক্ষমতাসম্পন্ন দাহ্য পদার্থ, প্রেসারাইজড গ্যাস কনটেইনার, রাসায়নিক দ্রব্য, লেজার পয়েন্টার এবং যেকোনো আকৃতির আয়না, বোতল ও ক্যানসহ যেকোনো পানীয় দ্রব্য, জুস, জুস প্যাক, ফল, মুখবন্ধ অবস্থায় পানির বোতল আনা যাবে না। বাণিজ্যিক বা পেশাদার ক্যামেরা ও ভিডিও ক্যামেরা ও প্রচারণামূলক ব্যানার বিজ্ঞাপনদাতার স্বার্থের পরিপন্থী বলে এসব সঙ্গে আনা যাবে না।