সড়কে প্রতিদিন নামছে গড়ে ৩৫টি নতুন যানবাহন। সড়ক দাপিয়ে চলছে পুরোনোগুলোও। পাশাপাশি নিবন্ধনবিহীন যানবাহন ও রিকশারও অভাব নেই। কিন্তু ক্রমবর্ধমান যানবাহন ও জনসংখ্যার অনুপাতে বাড়ছে না সড়ক। ফলে পুরোনো সড়ক অবকাঠামোর তুলনায় যানবাহনের সংখ্যা বেশি হওয়ায় যানজট দুর্বিষহ হয়ে উঠছে।সরকারি সংস্থার হিসাব অনুযায়ী, নগরে পাকা সড়ক আছে ৪৪৫ কিলোমিটার। এর মধ্যে সিটি করপোরেশনের পাকা সড়ক ৪২৮ কিলোমিটার। বাকিটা সড়ক ও জনপথ বিভাগের। ১০ বছরের মধ্যে সড়কের দৈর্ঘ্য খুব একটা বাড়েনি।এদিকে, সড়ক না বাড়লেও প্রতিদিন বাড়ছে যানবাহনের সংখ্যা। বাংলাদেশ সড়ক পরিবহন সংস্থা, চট্টগ্রামের হিসাবে গত ১০ বছরে চট্টগ্রামে নিবন্ধনকৃত যানবাহনের সংখ্যা ৮৫ হাজার। বর্ধিত এই যানবাহনের অর্ধেকের বেশি চলাচল করে নগর ও শহরতলিতে।নগরে কত যানবাহন চলে: চট্টগ্রাম নগর পুলিশের ট্রাফিক বিভাগের হিসাবে, শহরে চলাচলকারী যানবাহনের সংখ্যা প্রায় পৌনে দুই লাখ। এর সঙ্গে যোগ হয়েছে এক লাখ ২০ হাজার রিকশা। এর মধ্যে নগরে গণপরিবহনের সংখ্যা ১৬ হাজার ১৯৪ ও সিএনজিচালিত অটোরিকশা ১৩ হাজার। শহরের ১২টি রুটে চলাচল করে মাত্র ৯৮৪টি বাস ও ৬০৫টি হিউম্যান হলার। পাশাপাশি ১৪টি রুটে চলে এক হাজার ৬০৫টি টেম্পো। এ ব্যাপারে চট্টগ্রাম নগর পুলিশের সহকারী কমিশনার (যানবাহন) নাইমুল হাসান বলেন, ‘নগরে যানবাহনের তুলনায় সড়ক বাড়ছে না। ফলে যানজট বাড়ছে।’নগরে ও জেলায় পাল্লা দিয়ে বাড়ছে জনসংখ্যাও। চট্টগ্রাম জেলার পরিসংখ্যান কর্মকর্তা ওয়াহিদুর রহমান জানান, ২০০১ সালের জনসংখ্যা জরিপ অনুসারে চট্টগ্রাম জেলায় লোকসংখ্যা ছিল ৬৬ লাখ ১২ হাজার ১৪০ জন। ২০১১ সালে করা জরিপ অনুসারে এ সংখ্যা ৭৫ লাখ নয় হাজার। চট্টগ্রাম সিটি করপোরেশনের হিসাব অনুযায়ী, ২০০১ সালে নগরের জনসংখ্যা ছিল প্রায় ৩৬ লাখ। বর্তমানে এ সংখ্যা ৪০ লাখের ওপরে বলে মনে করেন সংশ্লিষ্ট লোকজন। প্রতিদিন বাড়ছে যানবাহন: বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) হিসাবে ১৯৯০ সাল থেকে এ পর্যন্ত গত ২২ বছরে নিবন্ধনকৃত যানবাহনের সংখ্যা প্রায় এক লাখ ৩৫ হাজার। এর আগের যানবাহন যদি হিসাব করা হয় তাহলে এই সংখ্যা প্রায় এক লাখ ৯৫ হাজার। যদিও ৩০ থেকে ৪০ বছর আগে নিবন্ধনকৃত যানবাহন খুব একটা বেশি নয়। তবু ক্রমবর্ধমান যানবাহনের সঙ্গে পুরোনো ও অনিবন্ধনকৃত যানবাহন এবং রিকশা নগরে যানজটের অন্যতম কারণ বলে মনে করছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা।এ প্রসঙ্গে বিআরটিএ চট্টগ্রামের উপপরিচালক এস কে বিশ্বাস বলেন, ‘প্রতিদিন যে হারে যানবাহন বাড়ছে সে অনুযায়ী সড়ক বাড়ছে না। সেই সঙ্গে চলছে নিবন্ধনবিহীন সাত হাজার সিএনজিচালিত অটোরিকশা। পাশাপাশি নিবন্ধবিহীন চাঁদের গাড়ি, মোটরসাইকেল, প্রাইভেট কারও চলছে। যানবাহনের আধিক্য যানজটের অন্যতম একটা কারণ।বিআরটিএ সূত্র জানায়, প্রতিদিন সড়কে যুক্ত হচ্ছে নতুন সাতটি প্রাইভেট কার, পাঁচটি ট্রাক, তিনটি মাইক্রোবাস, একটি পিকআপ ভ্যান, ১৮টি মোটরসাইকেলসহ মোট ৩৫টি বিভিন্ন ধরনের গাড়ি। বিআরটিএর হিসাবে, ফিটনেসবিহীন যানবাহনের সংখ্যাও প্রায় ২৫ হাজার।এস কে বিশ্বাস বলেন, ‘২০-২৫ বছর আগের পুরোনো যানবাহন সড়ক থেকে তুলে দেওয়ার একটা আইন হলেও তা এখনো সেভাবে কার্যকর হয়নি।’সড়ক ও যানবাহনের অনুপাত বিষয়ে চট্টগ্রাম ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটের সাবেক চেয়ারম্যান দেলোয়ার হোসেন মজুমদার বলেন, ‘গত ১০ বছরে নগরে বন্দরসংলগ্ন টোল সড়ক ও কুয়াইশ সড়ক ছাড়া তেমন কোনো নতুন সড়ক হয়নি। যেকোনো শহরের আয়তন অনুপাতে গড়ে ২৫ শতাংশ থাকার কথা। কিন্তু চট্টগ্রামে এর পরিমাণ ১৫ শতাংশ। যে সড়ক আছে আবার তা-ও চলাচলের জন্য সম্পূর্ণ উন্মুক্ত নয়।’ফিটনেসবিহীন গাড়ির বিরুদ্ধে কোনো কার্যকর পদক্ষেপ না নেওয়ার বিষয়ে দেলোয়ার হোসেন বলেন, ‘যেকোনো আইন প্রয়োগে শুরুতে ছাড় দিলে পরে তা মানবিক বিষয়ে পরিণত হয়। তখন আর কার্যকরভাবে ওই আইন প্রয়োগ করা যায় না।’