চট্টগ্রামের রূপে মুগ্ধ নেপালি শিক্ষার্থীরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নেপালের রাজধানী কাঠমুন্ডু থেকে প্রায় ৩০০ কিলোমিটার দক্ষিণে মেইথেলি রাজ্যের মানুষ অবধিস কুমার পণ্ডিত। প্রকৌশল শিক্ষায় বাংলাদেশের চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) সুনাম শুনে সাড়ে তিন বছর আগে এখানে ভর্তি হয়েছেন তিনি। অবধিস কুমারের মতো আনন্দ মণ্ডল, উজ্জ্বল ঠাকুর ও মো. ওয়াজি আলমসহ অনেক নেপালি শিক্ষার্থীর কাছে চুয়েট প্রকৌশল শিক্ষায় প্রথম পছন্দ। চুয়েটে বিদেশি শিক্ষার্থীদের জন্য নির্দিষ্ট আসন (কোটা) থাকায় প্রতি বছর অনেক বিদেশি শিক্ষার্থী এখানে ভর্তি হন। এদিক দিয়ে এগিয়ে নেপালের ছাত্ররা। প্রতি বছর বাড়ছে নেপালি শিক্ষার্থীর সংখ্যা। এর কারণ নেপালে প্রকৌশল বিশ্ববিদ্যালয় নেই। সেখানে রয়েছে প্রকৌশল কলেজ ও ইনস্টিটিউট। তা ছাড়া প্রকৌশল শিক্ষার জন্য নেপালে খরচও বেশি। যারা প্রকৌশলী হতে আগ্রহী তাদের অনেকে বিদেশে পড়াশোনার সিদ্ধান্ত নেন। আর দেশের বাইরে প্রকৌশল শিক্ষার জন্য পছন্দের তালিকায় শীর্ষে রয়েছে ভারতের আইআইইটি এবং বাংলাদেশের বুয়েট ও চুয়েট। শিক্ষার্থীরা জানান, চুয়েট থেকে ডিগ্রি নেওয়া বেশকিছু প্রকৌশলী নেপালে ভালো চাকরি করছেন। এ সাফল্য তাদের অনুপ্রাণিত করেছে। চুয়েট থেকে পাস করা প্রকৌশলীদের মধ্যে বিজয় ইয়াদব, চৈতন্য, সায়েম, ভুপেন্দ্র ও চৈতানী নেপাল সরকারের উচ্চপদস্থ কর্মকর্তা। নেপাল এয়ারলাইনসে কর্মরত সন্তোষ কুমার খতি ও নেপাল টেলিকমে উচ্চপদে কর্মরত অনুপ রেগমি চুয়েটের ১৯৭৮ ব্যাচের শিক্ষার্থী। অবশ্য ফি নিয়েও কিছু অভিযোগ রয়েছে ছাত্রদের। চুয়েটে ২০০৮-০৯ শিক্ষাবর্ষ থেকে সার্কভুক্ত দেশের শিক্ষার্থীদের জন্য প্রতি শিক্ষাবর্ষের (সেমিস্টার) ফি ৫০০ মার্কিন ডলার (প্রায় ৩৫ হাজার টাকা) করা হয়েছে। এতে নেপালি শিক্ষার্থীরা ক্ষুব্ধ। আগে তাঁরা বাংলাদেশি শিক্ষার্থীদের সমান ফি দিয়ে চুয়েটে পড়তে পারতেন। তবে দেশের অন্য প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে সার্কভুক্ত শিক্ষার্থীদের জন্য সেমিস্টার ফি বাড়ানো হয়নি। অনেকে বলেন, অন্য জায়গায় সুযোগ পাওয়া সত্ত্বেও চুয়েটে ভর্তি হয়েছেন তাঁরা। এর কারণ এখানে শিক্ষার ভালো পরিবেশ আছে। ক্যাম্পাসের মনোরম প্রাকৃতিক পরিবেশ তাঁদের টানে। অনেকে মুগ্ধ সমুদ্রসৈকতের রূপে। তবে এখানে ভাষা ও খাওয়া নিয়ে মাঝেমধ্যে সমস্যায় পড়তে হয় তাঁদের। নতুন পরিবেশের সঙ্গে মানিয়ে নিতে শিখতে হয়েছে বাংলাও। চুয়েটের তড়িত্ ও ইলেকট্রনিক কৌশল বিভাগের চতুর্থ বর্ষের ছাত্র অবধিস বলেন, ‘মৈইথেলি রাজ্যে আঞ্চলিক ভাষার সঙ্গে বাংলা ভাষার অনেক মিল আছে। এতে আমার সুবিধাই হয়েছে। বাংলা এখন আমার অনেক ভালো লাগে।’ অন্য নেপালি শিক্ষার্থীরাও জানিয়েছেন বাংলা ভাষার প্রতি ভালোবাসার কথা। এ প্রসঙ্গে অবধিস মজার একটি ঘটনার কথা বলেন। একবার তড়িত্ কৌশল বিভাগের এক শিক্ষক অবধিসকে নেপালি বর্ণমালা কয়টি জিজ্ঞেস করলে তাত্ক্ষণিকভাবে কোনো জবাব দিতে পারেননি। কিন্তু বাংলা বর্ণমালা কয়টি জিজ্ঞেস করার সঙ্গে সঙ্গে উত্তর দেন। নতুন খাবারের সঙ্গে মানিয়ে নেওয়াও বড় সমস্যা বলে তাঁরা জানান। প্রথম দিকে একটু সমস্যা হলেও এখন চট্টগ্রামের খাবারের সঙ্গে তাঁরা মানিয়ে নিয়েছেন। আর চট্টগ্রামের আতিথেয়তায় তাঁরা মুগ্ধ।