চট্টগ্রামের স্বপ্নবানেরা
পাঁচ বন্ধু, সহপাঠীও। সাদ্দাম হোসেন, সামির ইরফান, সৈয়দুল তানভীর হক, প্রিয়ম চৌধুরী ও মেহেদী হাসান। আন্তক্যাডেট কলেজ বাস্কেটবল ও ভলিবলে চ্যাম্পিয়ন হওয়ার কৃতিত্বটা এখনো মনে জ্বলজ্বল করছে। খুব বেশি দিনের কথা তো নয়। ২০০৯ সালে মির্জাপুর ক্যাডেট কলেজে হয়েছে এ প্রতিযোগিতা। আরও একটি কৃতিত্বের পথ ধরে এ খবর জানার সুযোগ ঘটে। সেদিন অনেকেই ছিলেন তাঁরা। সংখ্যাটা দশের ঘর ছাড়িয়ে গেছে দেখতে দেখতেই। আর এ আয়োজনের লক্ষ্যটা ছিল, সবার সেরা কলেজের শিক্ষার্থীদের স্বপ্নের খোঁজখবর করা।১৫ জুলাই চট্টগ্রাম শিক্ষা বোর্ডের প্রধান পরীক্ষা নিয়ন্ত্রক পীযূষ দত্তের কাছ থেকে নিশ্চিত খবর মিলল। বোর্ডের সেরা ২০ কলেজের তালিকায় প্রথম হয়েছে ফৌজদারহাট ক্যাডেট কলেজ। ফৌজদারহাট ক্যাডেট কলেজের ৫০ জন শিক্ষার্থীর মধ্যে সবাই পাস করেছেন। বিজ্ঞান বিভাগের ৪৮ জন ও মানবিক বিভাগের দুজন। এর মধ্যে বিজ্ঞান বিভাগের ৪৫ জন ও মানবিকের দুজনসহ ৪৭ জন জিপিএ-৫ পেয়েছেন। বাকি তিনজন পেয়েছেন জিপিএ-৪।কলেজের অধ্যক্ষ লে. কর্নেল মো. হুমায়ূন কবির জানালেন, সেখানে গিয়ে কাউকে পাওয়া যাবে না। সবাই ক্যাম্পাস ছেড়ে বাসাবাড়িতে রয়েছে। তিনি ই-মেইলে ছবিসহ নিউজটা পাঠিয়ে দেওয়ার কথা বললেন। কিন্তু এতে আমাদের প্রয়োজন মিটবে না। ওদের সঙ্গে দেখা হওয়ার গুরুত্বটা বোঝালাম তাঁকে। অধ্যক্ষ মহোদয় নিজেই পরে ফিরতি ফোনে চট্টগ্রামে থাকা কয়েকজন শিক্ষার্থীর ফোন নম্বর জানিয়ে দেন। সেই সূত্র ধরে যোগাযোগ। আসতে বললাম তাঁদের জামালখানে। চট্টগ্রামে প্রথম আলো অফিসে। কেউ নিশ্চয়তা দিয়েছেন, কারও দ্বিধা ছিল। এরই মধ্যে এক শিক্ষার্থী জানান, তিনি আরও কয়েকজন সহপাঠীকে নিয়ে আসতে চান। সবশেষে তাঁরা সবাই এলেন, বেশ জমজমাটভাবে। কথা হলো, ছবি তোলা হলো। ‘আর্মি অফিসার হতে চাই। কারণ, সুনিয়ন্ত্রিত জীবনধারা, সম্মানজনক পেশা এবং সর্বোপরি দেশসেবার সুযোগ তো থাকছেই এখানে। কাজেই এ স্বপ্নের পথ ধরেই হাঁটতে চাই।’ জানালেন তওসিফ মোরশেদ, পারভেজ আনোয়ার খান, মেহেদী হাসান, সাদ্দাম হোসেন, ইসমাইল হোসেন ও মুশফিকুর রশীদ চৌধুরী। সৈয়দুল তানভীর হক মনস্থির করে ফেলেছেন, ব্যারিস্টার হবেন। কোনো নড়চড় হবে না। প্রিয়ম চৌধুরী ছোটবেলা থেকেই স্বপ্ন দেখে আসছেন চিকিৎসক হওয়ার। মা-বাবাও তা-ই চান। রাশীদ ফিজিক্স নিয়ে উচ্চশিক্ষার স্বপ্ন দেখেন। হতে চান প্রকৌশলী। সায়েন্স ফিকশন পড়তে পড়তেই এ ধরনের আগ্রহ জাগে। মোহাম্মদ উল্লাহ ফারসিদও জানালেন প্রকৌশলী হওয়ার স্বপ্নের কথা। নিজেকে সেভাবেই প্রস্তুত করছেন। একই কাতারে আছেন মিজবাহ উল আলম। সোজা জবাব, ‘আমি প্রকৌশলী হতে চাই।’ সামির ইরফান হতে চান মেরিন ইঞ্জিনিয়ার।ফৌজদারহাট ক্যাডেট কলেজের অধ্যক্ষ লে. কর্নেল মো. হুমায়ূন কবির বলেন, ‘আমরা বরাবরই শিক্ষার্থীদের পড়াশোনা, নিয়মানুবর্তিতার ক্ষেত্রে যত্নবান। এ কথা বলার অপেক্ষা রাখে না, এটা তারই ফসল। তবে এবার একটু পিছিয়ে পড়া শিক্ষার্থীদের ব্যাপারে আমরা বেশি মনোযোগী ছিলাম। নজরদারিও ছিল বেশি।’