চট্টগ্রামের ১৪ উপজেলায় তারিখ এ সপ্তাহে
চট্টগ্রামের ১৪ উপজেলায় ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের তারিখ এ সপ্তাহে নির্ধারণ করা হচ্ছে। দু-এক দিনের মধ্যে জেলা প্রশাসকের সঙ্গে বৈঠক করে ভোটগ্রহণের সময় নির্ধারণ করা হবে বলে নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে। তবে নির্বাচনকে কেন্দ্র করে সম্ভাব্য প্রার্থীদের আনাগোনা বেড়েছে সংশ্লিষ্ট নির্বাচন কার্যালয়ে।জানা গেছে, ১৪ উপজেলার ১৯৫টি ইউনিয়ন পরিষদ মেয়াদোত্তীর্ণ। তবে আদালতে মামলা ও অন্যান্য কারণে পাঁচ-ছয়টি ইউনিয়নে নির্বাচন এ যাত্রায় না-ও হতে পারে। তবে সব ইউনিয়নে নির্বাচনের জন্য প্রস্তুতি নিয়ে রেখেছে জেলা নির্বাচন কমিশনের কার্যালয়।এ প্রসঙ্গে চট্টগ্রামের উপনির্বাচন কর্মকর্তা এজাহারুল হক প্রথম আলোকে বলেন, ‘দু-এক দিনের মধ্যে জেলা প্রশাসকের সঙ্গে বৈঠক করে চট্টগ্রামের ইউনিয়ন পরিষদ নির্বাচন কবে হবে, সে বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। কমিশনের তফসিলের ভেতরই এ নির্বাচন করতে হবে। পাঁচ-ছয়টি ইউনিয়নে নির্বাচন করতে কিছুটা আইনি জটিলতা রয়েছে। তবে আমরা প্রস্তুত।’জানা গেছে, নির্বাচন সামনে রেখে ইতিমধ্যে ভোটার তালিকা হালনাগাদ করা হয়েছে। ১৯৫টি ইউনিয়নে মোট ভোটারসংখ্যা এ পর্যন্ত ২৭ লাখ ৫৩ হাজার ৫৮৮ জন। ভোটকেন্দ্র রয়েছে এক হাজার ৭৮৮টি।উপজেলাগুলোর মধ্যে সবচেয়ে বেশি ইউনিয়ন রয়েছে পটিয়ায় ২১টি। এরপর ফটিকছড়িতে—ইউনিয়নের সংখ্যা ২০টি। সীতাকুণ্ড, লোহাগাড়া ও চন্দনাইশের প্রতিটিতে সবচেয়ে কম, অর্থাৎ নয়টি করে ইউনিয়ন পরিষদ নির্বাচনযোগ্য।তবে ফটিকছড়িতে মোট ভোটারসংখ্যা সবচেয়ে বেশি—দুই লাখ ৯৮ হাজার ৫৪৩। দ্বিতীয় অবস্থানে রয়েছে পটিয়া। এখানে এখন পর্যন্ত হালনাগাদ হওয়া তালিকায় ভোটারসংখ্যা দুই লাখ ৯৩ হাজার ৭৯৩। সবচেয়ে কম ভোটার চন্দনাইশ উপজেলার নয়টি ইউনিয়নে—এক লাখ দুই হাজার প্রায়।নির্বাচন কমিশন ঘোষিত তফসিলে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে মনোনয়নপত্র দাখিলের সময় নির্ধারণ করা হয়েছে ৫ মে থেকে ৯ জুন। আর ভোট গ্রহণ করতেহবে ৩১ মে থেকে ৫ জুলাইয়ের মধ্যে। এ সীমার মধ্যে গ্রহণযোগ্য একটি সময়ে নির্বাচন অনুষ্ঠানের চিন্তাভাবনা করছে জেলা নির্বাচন কার্যালয়। একসঙ্গে সব ইউনিয়নে আবার একাধিক তারিখে নির্বাচন অনুষ্ঠানের চিন্তাও রয়েছে বলে জানা গেছে।এদিকে ইউপি নির্বাচনকে সামনে রেখে ইতিমধ্যে গ্রামগঞ্জে মানুষের উৎসাহ-উদ্দীপনা বেড়েছে। সম্ভাব্য প্রার্থীরা দৌড়ঝাঁপ শুরু করে দিয়েছেন। তাঁরা এলাকার বিভিন্ন সভা-সমাবেশে অংশ নিয়ে তাঁদের ইচ্ছার কথা জনগণকে জানাতে শুরু করেছেন। নির্বাচন কার্যালয়গুলো থেকে ভোটার ও কেন্দ্রসংক্রান্ত বিভিন্ন তথ্য সংগ্রহ করে চলেছেন।এ প্রসঙ্গে বাঁশখালী উপজেলা নির্বাচন কর্মকর্তা শফিকুর রহমান বলেন, ‘নির্বাচন নিয়ে এখন গ্রামগঞ্জে সম্ভাব্য প্রার্থী ও তাঁদের লোকজন ভোটারসংখ্যা ও বিভিন্ন বিষয়ে তথ্যের জন্য কার্যালয়ে আসছেন। তাঁরা কবে নাগাদ নির্বাচন হবে এ বিষয়গুলোও আমাদের কাছে জানতে চাইছেন।’