চট্টগ্রামের ১৪ শিক্ষাপ্রতিষ্ঠানে কম্পিউটার ল্যাব স্থাপিত হচ্ছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল চট্টগ্রাম জেলার ১৪টি শিক্ষাপ্রতিষ্ঠানে কম্পিউটার ল্যাব স্থাপনের উদ্যোগ নিয়েছে। ল্যাব স্থাপনের সম্ভাব্যতা যাচাই ও প্রাসঙ্গিক তথ্য চেয়ে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে কম্পিউটার কাউন্সিল থেকে চিঠি দেওয়া হয়েছে বলে মাধ্যমিক শিক্ষা কার্যালয় সূত্রে জানা গেছে। নির্বাচিত শিক্ষাপ্রতিষ্ঠানগুলো হলো—রাউজানের হলদিয়া উচ্চবিদ্যালয়, কোতোয়ালীঘোনা আদর্শ উচ্চবিদ্যালয়, হাটহাজারীর হাটহাজারী বালিকা উচ্চবিদ্যালয়, আনোয়ারার বটতলী শাহ মোহছেন আউলিয়া ডিগ্রি কলেজ, ভক্তিয়াপাড়া চারপীর আউলিয়া উচ্চবিদ্যালয়, বরুমচড়া শহীদ বশরুজ্জমান উচ্চবিদ্যালয়, বাঁশখালীর বাঁশখালী আদর্শ উচ্চবিদ্যালয়, হামেদীয়া রহিমা ফাজিল মাদ্রাসা, বোয়ালখালীর কধুরখীল উচ্চবিদ্যালয়, পূর্ব কধুরখীল উচ্চবিদ্যালয়, চরণদ্বীপ রজভিয়া ফাজিল মাদ্রাসা, ফটিকছড়ির নানুপুর বালিকা উচ্চবিদ্যালয়, দাঁতমারা এবিজেড সিকদার উচ্চবিদ্যালয় ও ধর্মপুর বহুমুখী উচ্চবিদ্যালয়। আনোয়ারা উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. মাইনুদ্দিন মজুমদার প্রথম আলোকে জানান, আনোয়ারার নির্বাচিত প্রতিষ্ঠানগুলো থেকে তথ্য নিয়ে সংশ্লিষ্ট দপ্তরে পাঠানো হয়েছে। আনোয়ারা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ফারুক হোসেন জানান, কম্পিউটার ল্যাব স্থাপনের মাধ্যমে ডিজিটাল বাংলাদেশ গঠনে আরও একধাপ এগিয়ে যাবে প্রতিষ্ঠানগুলো।