‘যদি সুন্দর একখান মুখ পাইতাম/ মইশখাইল্যা পানর কিলি তারে বানাই খাওয়াইতাম।’ নাতি পাইছেন ‘সুন্দর মুখ’ নানিকে। তার বড় খায়েস নানিকে ‘মইশখাইল্যা পানর কিলি’ বানিয়ে খাওয়াবেন। পানর রসে নিজের ঠোঁট রাঙিয়েছেন, রাঙাতে চান নানিকেও। এ নিয়ে নানি-নাতির চিরকালীন বাতচিত। শুধু নানি-নাতি নয় ইত্যাদির পরতে পরতে ছিল চট্টগ্রামের ঐতিহ্যের কথা, ছিল কৃষ্টি ও সংস্কৃতির জয়গান। বাংলাদেশ টেলিভিশনের জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ইত্যাদির এ পর্ব চট্টগ্রাম নিয়েই। হানিফ সংকেত বললেন, ‘চাটগাঁইয়া ইত্যাদি’। কী আছে ইত্যাদিতে?আগে বলতে হবে কী নেই?চট্টগ্রাম বন্দরের ১৩ নং জেটিতে কর্ণফুলী নদীর বুকে ইত্যাদির দৃশ্যায়ন হয়ে গেল ১২ জানুয়ারি সন্ধ্যায়। সামনে পেছনে গ্যান্ট্রি ক্রেনের ব্যস্ততা। জেটি ছুঁয়ে পতাকাবাহী জাহাজ, তারই মাঝে মঞ্চ, মঞ্চে আলোর মিছিল। হানিফ সংকেতের এ পরিকল্পনাকে অভিনব বলা যায়। এবার ইত্যাদি জুড়ে চট্টগ্রামের আঞ্চলিক গানের জয়জয়কার। মলয় ঘোষ দস্তিদারের ‘আঁরা চাটগাঁইয়া নওজোয়ান’ গেয়েছেন চট্টগ্রামের চার ‘নওজোয়ান’ নকীব খান, পার্থ বড়ুয়া ও রবি চৌধুরী। বন্দর নিয়ে দারুণ গানটি গেয়েছেন কুমার বিশ্বজিত্। অবশ্য তাঁকে উপস্থাপক যেভাবে ‘হালদাফাডা’ গান নিয়ে একের পর এক প্রশ্ন করছিলেন, তাতে মনে হয়েছিল গানটাও এরকমের কিছু হবে। এবারও রয়েছে রমেশ শীল, আবদুল গফুর হালী, এমএন আখতারের গান। সঞ্জিত্ আচার্য, কল্যাণী ঘোষ ও সৈকত দাশের আঞ্চলিক গানে দর্শক পর্ব ছিল আকর্ষণীয়। ‘হইলজ্যার ভিতর গাঁথি রাইখ্যম’ গানটি গেয়েছেন শাকিলা জাফর ও রবি চৌধুরী। এ গানে দর্শকদের বাড়তি পাওনা ছিল মডেল নোবেল ও নওশীনের অভিনয়। হানিফ সংকেত বললেন, দেশের ঐতিহ্য ও অহংকার মণ্ডিত স্থানগুলোকে তুলে ধরার চেষ্টা করছে ‘ইত্যাদি’। এরই ধারাবাহিকতায় চট্টগ্রাম বন্দরে নোঙর করেছে ইত্যাদি। বন্দর, ফয়’স লেক, পতেঙ্গা সৈকতসহ চট্টগ্রামের দর্শনীয় স্থানগুলোতে গান ও নাট্যাংশের চিত্রায়ন হয়েছে। ইত্যাদি আলোকিত করেছে সাগর কন্যা রূপসী চট্টগ্রাম।ইত্যাদির পরিকল্পনা, গ্রন্থণা, পরিচালনা ও উপস্থাপনা করেছেন হানিফ সংকেত। এটি আগামীকাল শুক্রবার রাতে বাংলাদেশ টেলিভিশনে প্রচারিত হবে।