চট্টগ্রাম-কাপ্তাই সড়কে দেড় কিলোমিটারে সাত স্থানে ধস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রাম–কাপ্তাই সড়কের সীতার ঘাট এলাকায় বিপজ্জনকভাবে ধসে গেছে সড়ক। ধস ঠেকাতে ফেলা হয়েছে মাটি। সরু অাঁকাবঁাকা পাহাড়ি এই পথে ঝুঁকি নিয়ে চলছে যানবাহন। ছবিটি ৯ আগস্ট তোলা l সুপ্রিয় চাকমা
চট্টগ্রাম–কাপ্তাই সড়কের সীতার ঘাট এলাকায় বিপজ্জনকভাবে ধসে গেছে সড়ক। ধস ঠেকাতে ফেলা হয়েছে মাটি। সরু অাঁকাবঁাকা পাহাড়ি এই পথে ঝুঁকি নিয়ে চলছে যানবাহন। ছবিটি ৯ আগস্ট তোলা l সুপ্রিয় চাকমা

চট্টগ্রাম-কাপ্তাই সড়কের সীতার ঘাট এলাকায় দেড় কিলোমিটারের মধ্যে সাতটি স্থানে মাটি ধসে পড়ে ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে চলাচল। প্রাথমিকভাবে ধস ঠেকাতে সড়ক ও জনপথ বিভাগের উদ্যোগে স্ল্যাব দিয়ে অস্থায়ী বাঁধ েদওয়া হয়েছে।
বাসচালক, যাত্রী ও স্থানীয় লোকজনের দাবি, স্ল্যাব দিয়ে ধস ঠেকানো সম্ভব নয়। ভেঙে যাওয়া অংশে মাটি ভরাট না করলে বৃষ্টি হলে আবার ভাঙন দিতে পারে। তখন যোগাযোগ বন্ধ হওয়ার আশঙ্কা রয়েছে।
সড়ক ও জনপথ বিভাগের আওতাধীন ৪৭ কিলোমিটারের সড়কটি উত্তর চট্টগ্রামের হাটহাজারী ও রাউজানের একাংশ এবং রাঙ্গুনিয়া ও কাপ্তাই উপজেলার বাসিন্দাদের শহরের সঙ্গে যোগাযোগের একমাত্র মাধ্যম। এতে চলাচল করে যাত্রীবাহী বাস, পণ্যবাহী ট্রাক-পিকআপ, সিএনজিচালিত অটোরিকশাসহ সব ধরনের যানবাহন। কাপ্তাই রাস্তার মাথা থেকে চন্দ্রঘোনা লিচুবাগান পর্যন্ত ৩৭ এবং কাপ্তাই অংশে রয়েছে সড়কের ১০ কিলোমিটার।
সরেজমিনে দেখা গেছে, সড়কের দক্ষিণ পাশে পাহাড়ের বিপরীত অংশের সাতটি স্থানে মাটি ধসে গেছে। প্রতিটি ধসের দৈর্ঘ্য ৩০ থেকে ৫০ ফুট। উত্তর দিকের পাহাড় থেকে নেমে আসা বৃষ্টির পানিতে ধসের সৃষ্টি হয়েছে। সাতটি ধসের মধ্যে সবচেয়ে বিপজ্জনক কালভার্ট অংশটির। এতে কালভার্টের দুই দিকে মাটি ধসে সড়কের পিচঢালা অংশ পর্যন্ত এসে পড়েছে। এ ছাড়া কালভার্টের দক্ষিণ অংশের প্রতিরক্ষা দেয়ালও ভেঙে গেছে। অন্য স্থানের মাটি ধসও মূল সড়কের দুই থেকে তিন ফুটের কাছাকাছি এসে পড়েছে।
দেখা গেছে, ধসে যাওয়া স্থানগুলোতে পাকা খুঁটি গেড়ে স্ল্যাব লাগানো হয়েছে। তবে কোথাও মাটি ভরাট করা হয়নি। ওই সব স্থানে কোনো শ্রমিক-ঠিকাদার এবং সড়ক ও জনপথ বিভাগের লোকজনকে পাওয়া যায়নি।
স্থানীয় লোকজন জানান, এই সড়ক দিয়ে কাপ্তাই পানি বিদ্যুৎকেন্দ্র, নৌবাহিনীর শহীদ মোয়াজ্জেম ঘাঁটি, সেনাবাহিনীর কাপ্তাই ক্যাম্প, বাংলাদেশ সুইডেন পলিটেকনিক ইনস্টিটিউটের কর্মকর্তা-কর্মচারী ও ছাত্রছাত্রীসহ বিলাইছড়ি উপজেলা, রাঙামাটি সদরের জীবতলী, মগবান এবং কাপ্তাই উপজেলার কাপ্তাই ও চিংম্রং ইউনিয়নের লোকজন যাতায়াত করেন।
চট্টগ্রাম কাপ্তাই সড়কে চলাচলকারী যাত্রীবাহী বাসের চালক মো. আবুল হোসেন জানান, সড়কে প্রতিদিন ১৫০ থেকে ২০০ বাস আসা-যাওয়া করে। সড়ক ভেঙে যোগাযোগ বন্ধ হলে হাজারো মানুষ ভোগান্তিতে পড়বে।
কাপ্তাই উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. দিলদার হোসেন বলেন, সড়কটির বেশ কিছু স্থান বিপজ্জনকভাবে ভেঙে গেছে। যেকোনো মুহূর্তে দুর্ঘটনা ঘটতে পারে। তবে সড়ক ও জনপথ বিভাগ মাটিভাঙন ঠেকাতে পাইলিংয়ের কাজ শুরু করেছে।
কাপ্তাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আবদুল লতিফ দ্রুত ভাঙন রোধের ব্যবস্থা গ্রহণের আহ্বান জানিয়ে বলেন, সড়কটি ভেঙে গেলে মানুষের দুর্ভোগ বাড়বে। সড়ক ও জনপথ বিভাগের চট্টগ্রামের নির্বাহী প্রকৌশলী মো. রাশেদুল আলম বলেন, এই সড়কটি গুরুত্বপূর্ণ ও অনেক পুরোনো সড়ক। ভাঙন রোধে জরুরি ভিত্তিতে কিছু কাজ হচ্ছে। পরবর্তী সময়ে সড়কের ভাঙন রোধে স্থায়ী ব্যবস্থা নেওয়া হবে।