চট্টলার ঈদ ফ্যাশন
মঞ্চে আলো জ্বলে ওঠার একটু পরেই জাদুকর এসে হাজির। এসেই জুড়ে দিলেন গল্প। বললেন, গিয়েছিলেন দর্শকদের জন্য ফুল কিনতে। কিন্তু কোথাও একটি ফুল নেই। তাই ফুসমন্তর ফুসে হাতের রুমালের ছোঁয়ায় ডাঁটি থেকেই বেরিয়ে এল লাল গোলাপ। মিলনায়তনে তখন হাততালির ঢেউ। শুরু হলো অনুষ্ঠানের মূল আয়োজন। জাদুকর রাজীব বসাক এসেছিলেন উপস্থাপক হয়েই।জাদুকর উপস্থাপকের মতোই নূরজাহান-আলোকিত ঈদ ফ্যাশন প্রতিযোগিতার পুরো আয়োজনেই ছিল নানা চমক। প্রথম আলোর উদ্যোগে ১৬ জুলাই চট্টগ্রামের ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে বসেছিল এ আয়োজনের ১৪তম আসর। বর্ণিল এই আসরে ১২ বিভাগে অংশ নেন ডিজাইনাররা। প্রতিটি কিউতে দেশি পোশাকে অভিজাত নকশার বুনন ছিল নজরকাড়া।স্বাগত বক্তব্য দেন প্রথম আলোর সহযোগী সম্পাদক বিশ্বজিৎ চৌধুরী।‘আমার পরান যাহা চায়’ রবীন্দ্রসংগীতের মাধ্যমে শাড়ি দিয়ে শুরু হয় কিউ। ‘চল্ চল্ চল্’ নজরুলসংগীতে ফতুয়ার কিউ যোগ করে ভিন্নতা। একে একে চলে পাঞ্জাবি, সালোয়ার-কামিজ, যুগল, ফিউশন ও শিশুদের পোশাকের প্রদর্শনী। তবে এবার সবচেয়ে উপভোগ্য ছিল শিশুদের কিউ। ‘আমাদের দেশটা স্বপ্নপুরী’ গানের সঙ্গে যেন একঝাঁক খুদে পরি নেমে এল মঞ্চে। র্যাম্পে এমনভাবে ক্যাটওয়াক করল, যেন এ তো কিছুই না! আমরা বড় মডেলদের চেয়ে কম কী! ফ্যাশন কিউর ফাঁকে চলে প্রমা, অবন্তী, অনন্য বড়ুয়া, স্বপন বড়ুয়া ও তাঁদের দলের নাচ। এর মধ্যে হয়ে যায় চট্টগ্রামের আঞ্চলিক গানের একটি পর্বও। ‘আইও না আইও না আঁরার দেশত আইও না’, ‘যদি সুন্দর একখান মুখ পাইতাম’, ‘মধু হই হই বিষ খাওয়াইলা’, ‘ছোড ছোড ঢেউ তুলিয়া রে যার গই কর্ণফুলী’সহ বেশ কয়েকটি গান গেয়ে শোনান শিল্পী শাপলা পাল, টিনা বিশ্বাস, দীপেন মহাজন ও দেবাশীষ চৌধুরী।নাচ-গান আর ক্যাটওয়াকের ফাঁকে চলে কথোপকথন। এবারের আয়োজনে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম উইমেন চেম্বারের সভাপতি মনোয়ারা হাকিম আলী। তিনি বলেন, ‘আমাদের ফ্যাশন ডিজাইনারদের কাজ এখন আন্তর্জাতিক মানের। স্বদেশ ছাপিয়ে বিদেশেও ছড়িয়ে পড়ছে তাঁদের খ্যাতি। এর মূলে রয়েছে ডিজাইনারদের সৃজনশীলতা আর স্বীকৃতির এমন জায়গা, যা করে দিয়েছে প্রথম আলো।’ অনুভূতি জানান পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান নূরজাহান গ্রুপের উপমহাব্যবস্থাপক (বিপণন) কাজী মোতাহের হোসেনও। অনুষ্ঠানের শেষ দিকটাও জমে ওঠে বেশ। ফলাফল ঘোষণার আগে বিশ্বজিৎ চৌধুরী প্রতিযোগিতায় অংশ নেওয়া ডিজাইনারদের কিছু বলার জন্য মাইক্রোফোন দেন। অনুভূতি জানানোর এ পর্ব হয়ে ওঠে ‘পোশাক বিতর্ক সভা’। বিচারক ও ডিজাইনারদের মধ্যে যেন শুরু হলো নিজেদের পক্ষে যুক্তি-তর্ক উপস্থাপনের প্রতিযোগিতা। অবশেষে ঘোষণা হলো ফলাফল। ১২ বিভাগে পুরস্কার জেতেন ২৪ জন ডিজাইনার। সেরাদের সেরা হন মেহুলী বুটিকসের শাহীন আক্তার।এবারের আয়োজনে বিচারক ছিলেন শিল্পী সুব্রত বড়ুয়া, ডিজাইনার রওশন আরা চৌধুরী, আইভি হাসান, এস এম ইলিয়াস ও লুৎফা সানজিদা। প্রচার সহযোগী ছিল মাছরাঙা টেলিভিশন, সাজসজ্জায় পারসোনা ও সহযোগিতায় বন্ধুসভা চট্টগ্রাম।