চট্টের ঈশ্বরী দর্শন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অনেক ইতিহাসবিদের ধারণা, চট্টেশ্বরী থেকেই চট্টগ্রাম নামটি এসেছে। শহরে কেন্দ্রস্থল নিউমার্কেট, স্টেশন রোড কিংবা দক্ষিণের প্রবেশদ্বার বহদ্দার হাট থেকে চট্টেশ্বরী সড়কে অবস্থিত এই মন্দিরে পৌঁছাতে সময় লাগবে বড়জোর ২০ মিনিট।কয়েক শ বছরের পুরোনো এই মন্দির একটা ছোট টিলার ওপর অবস্থিত। কয়েক ধাপ সিঁড়ি ভেঙে ওপরে উঠলেই মূল ফটক। মন্দিরের এলাকায় পা রাখলে প্রথমেই চোখে পড়বে নাটমন্দির। নাটমন্দিরের বাঁদিকে আছে মূল মন্দির অর্থাৎ কালীমন্দির। তার ডান দিকে শিবমন্দির ও কূণ্ড। মাঝে দৃষ্টিনন্দন বাঁধানো চত্বর। একপাশে বলি দেওয়ার জন্য রয়েছে হাড়িকাঠ।দুর্গাপূজা, কালীপূজা, সরস্বতীপূজা ও লক্ষ্মীপূজা উপলক্ষে উৎ সবমুখর হয়ে ওঠে এ মন্দির। এ ছাড়াও বিয়ের মাঙ্গলিক অনুষ্ঠান হয় এখানে। মন্দিরে আছে পাথরের ও নিম কাঠের তৈরি দুটি কালীমূর্তি। জানা গেল, প্রতিদিন বেলা সাড়ে ১২টায় পূজা শুরু হয়। দিনের বেলা হয় অন্নভোগ ও রাতে শীতলভোগ। দুপুর দুইটার সময় ভোগ দেওয়া হয়। সন্ধ্যা সাড়ে সাতটায় হয় আরতি। নয়জন সেবায়েত এসব কাজ পরিচালনা করেন। মন্দির কর্তৃপক্ষ জানালেন, মন্দিরটি পারিবারিক উদ্যোগে গড়া। প্রায় এক একর জমির ওপর অধিষ্ঠিত মন্দিরের নির্মাণশৈলী নজর কাড়বে আগতদের। এর নকশা করেছিলেন কামিনীকুমার নামে একজন ওভারসিয়ার। সেবায়েত অরুণ চন্দ্র অধিকারীর কাছ থেকে জানা গেল মন্দিরের ইতিহাস। আজ থেকে কয়েক শবছর আগে বোয়ালখালীর সারোয়াতলী গ্রামের রামকৃষ্ণ অধিকারী পাহাড়ের ঝোপ-জঙ্গল পরিষ্কার করে টিনের ছাউনি দিয়ে মন্দির প্রতিষ্ঠা করেন এখানে। নিম কাঠের তৈরি কালীমূর্তিটি সেই সময়কার। অরুণ চন্দ্রের ছেলে প্রাণকৃষ্ণ অধিকারী বর্তমান মন্দিরের প্রতিষ্ঠাতা। মন্দিরের সেবায়েতরা জানান, একাত্তর সালে মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানি বাহিনী হামলা চালায় মন্দিরে। তাদের হাতে নিহত হন প্রাণকৃষ্ণ অধিকারীর বড় ছেলে তখনকার মন্দিরের মুখ্য সেবায়েত কালীপদ অধিকারী। ধ্বংসযজ্ঞ চালানোর সময় হানাদারেরা নিম কাঠের মূর্তিটি বাড়িসংলগ্ন পুকুরে ফেলে দেয়। যুদ্ধের পর তা আবার পুকুর থেকে উদ্ধার করা হয়।এই মন্দিরের সঙ্গে জড়িয়ে আছে বিখ্যাত মানুষের স্মৃতি। মন্দিরচত্বরে দাঁড়িয়ে থাকা ২০০ বছরের পুরোনো তেঁতুলগাছের নিচে ও সংলগ্ন পুকুরপাড়ে শিষ্যদের নিয়ে বৈঠক করতেন অগ্নিযুগের বিপ্লবী মাস্টারদা সূর্য সেন। বাংলাদেশ স্বাধীন হওয়ার পর কলকাতার বিখ্যাত যুগান্তর পত্রিকার সম্পাদক তুষার কান্তি ঘোষ দান করেন একটি কালীমূর্তি। মন্দির ঘুরে গেছেন জওহরলাল নেহরু, ত্রিপুরার মহারানী, মার্কিন রাষ্ট্রদূত প্যাট্রিসিয়া এ বিউটেনিসসহ বহু খ্যাতিমান ব্যক্তিত্ব।