আমার স্মৃতির হার্ডডিস্কে একটা স্মৃতি পাখিদের দিকে চোখ রাখলে নাড়া দেয়। তখন আমি ক্লাস সেভেনের ছাত্র। দাদাবাড়িতে বসবাস করি। আমাদের ঘরটা ছিল টিনের। ঘরের চালার ফ্রেম ছিল কাঠের। ঘরের চালার চার কোনার তিন কোনায় তিন চড়াই দম্পতি বাস করত। আমি খুব কৌতূহলী ও আনন্দিত হতাম ওদের বিভিন্ন বিষয়ে। মাঝেমধ্যে বাবা-মায়ের চোখ ফাঁকি দিয়ে ওদের বাড়িতে নিমন্ত্রণ নিতাম। ওদের খোঁজখবর নিতাম এ জন্য যে কোনো নতুন অতিথি আসছে কি না। ওরা যদিও আমার উপযাচক আগমনের প্রতিবাদ করে উড়ে উড়ে চিত্কার করত।
একদিন এমনি উপযাচক ওদের বাসায় গিয়ে দেখি, পাঁচটি বাচ্চা নিয়ে চড়াই দম্পতি মহাআনন্দে বুক ফুলিয়ে বসে আছে। আমি মহাখুশি। মা, বাবা, ভাইকে খবরটি দিই। তখন থেকে আরও নিয়মিত খোঁজ নিতে শুরু করি চড়াই দম্পতির। ওদের খাবার খাওয়ানো বাড়িয়ে দিলাম।
যা পাই, তা-ই খেতে দিই। দেখতে দেখতে কিছুদিনের মধ্যে ওদের ডিম ফুটে বাচ্চা হয়।
ওদের বাচ্চাদের খোঁজখবর নিলাম। রওনা হলাম নানার বাড়ি। দীর্ঘ সময় ছুটি শেষে বাড়ি ফিরব। চড়াই দম্পতি ও ওদের ছানাদের কথা মনে পড়ে। ভাবতে থাকি বাড়িতে গিয়ে হয়তো দেখব বাচ্চাগুলো উড়তে শিখে গেছে। কিন্তু বাড়ি ফিরে যা দেখলাম, তাতে আমার চোখ ভিজে গেল। একটা চড়াই আমাকে দেখেই কিনা নিজ খেয়ালে আর্তনাদ করছে আর ছোটাছুটি করে একবার জানলার গ্রিলে, একবার বিদ্যুতের তারে আবার কখনো বা চালার ওপর যাচ্ছে।
মেজো ভাইয়ের কাছে কারণ জানতে চাইলে শুনলাম, দুই দিন আগে রাতে সবার অগোচরে আমার এক চাচা ওদের বাসায় হানা দেয়। তাতে ওদের পাঁচ বাচ্চা আর একটা বড় চড়াই ধরা পড়ে। যা কিনা তার খাদ্য হয়ে গেছে। যে পাখিটি বেঁচে গেছে, সেদিন থেকে নিয়মিত এভাবে আর্তনাদ করছে।