চণ্ডালিকায় মুগ্ধ দর্শক
বৌদ্ধ ঋষি আনন্দ একবার তৃষ্ণার্ত হয়ে জল চাইলেন চণ্ডালের মেয়ে প্রকৃতির কাছে। অচ্ছুত চণ্ডালকন্যা আনন্দকে প্রথমে জল দিতে চাইল না ভয়ে। তার ছোঁয়া জল কী করে পান করবেন ঋষি! কিন্তু প্রকৃতির সব ভয় দূর করে আনন্দ জানালেন, ‘সব মানুষই সমান, মানুষে মানুষে ভেদাভেদ বিশ্বাস করেন না তিনি।’ নবজন্ম হলো প্রকৃতির। অস্পৃশ্য, ধিকৃত সত্তার ভেতর জেগে উঠল চিরন্তন নারী। নতুন ভাবে জেগে ওঠা প্রকৃতি পেতে চায় আনন্দকে। আর সে জন্য প্রকৃতি তার মায়ের দ্বারস্ত হয়। চণ্ডালিনীর মা ডাকিনিবিদ্যার সাহায্যে মেয়ের কাছে ডেকে আনেন আনন্দকে। কিন্তু জৈব প্রবৃত্তির মধ্য দিয়ে সুন্দরকে কখনো আহ্বান করা যায় না। ভুল বুঝতে পারে প্রকৃতি। ক্ষুদ্র সংকীর্ণ চাওয়া পাওয়া থেকে মুক্ত হয় সে। আরও একবার প্রকৃতির মাঝে নতুন মানুষের জন্ম হয়।রবীন্দ্রনাথ ঠাকুরের চণ্ডালিকা নাটকের কাহিনি মোটামুটি এমনই। নেপালের বৌদ্ধসাহিত্য ‘শার্দুলকর্ণাবদান’ থেকে রবীন্দ্রনাথ পেয়েছিলেন এই গল্প। তবে রবীন্দ্রনাথের চণ্ডালিকা রচনার এক দশকেরও বেশি সময় আগে কেরালার কবি কুমারন আসান একই কাহিনি নিয়ে রচনা করেছিলেন ‘চণ্ডালভিক্ষুকী’ নামের একটি দীর্ঘ কবিতা। সে কবিতায়ও উঠে এসেছিল অস্পৃশ্যতা নামের অমানবিক ভেদাভেদের করুণ কাহিনি। তাই কুমারন আসানের জন্মভূমি কেরালার মেয়ে থাঙ্কামনি কুট্টির নির্দেশনায় রবীন্দ্রনাথের চণ্ডালিকা নাটক নতুন প্রাণ পাবে এমন প্রত্যাশা বাড়াবাড়ি ছিল না।গত রোববার চট্টগ্রামের মুসলিম হলে হাজির হওয়া শ পাঁচেক দর্শক যেন নতুনভাবে বৌদ্ধপুরাণের এই কাহিনি আবিষ্কার করলেন। থাঙ্কামনি কুট্টির শিকড় কেরালায় হলেও কলকাতা তাঁর কাজের জায়গা। স্বামী নৃত্যগুরু গোভিন্দান আনন্দের সঙ্গে কলকাতায় চলে আসেন বিয়ের পর পরই। সেখানে প্রতিষ্ঠা করেন নাচের দল ‘কলামন্ডলম’। কলামন্ডলমের ভিন্ন ধারার প্রযোজনা নৃত্যনাট্য চণ্ডালিকা ঢাকার পর এবার চট্টগ্রামের দর্শকেরাও উপভোগের সুযোগ পেলেন।প্রথাগত রাবীন্দ্রিক নৃত্যধারা থেকে বেরিয়ে এই নাটকে ভরতনাট্যম, কুচিপুড়ি, কথাকলি ও লোকনৃত্যের আঙ্গিক ব্যবহার করেছেন নির্দেশক। নাটকের আবহে বেজেছে রবীন্দ্রসংগীত। প্রায় ১৫ জন নৃত্যশিল্পী এই নৃত্যনাট্যে অংশ নিয়েছেন। মালবিকা সেন-চণ্ডালিনী, অনিতা মল্লিক- চণ্ডালিনীর মা ও সম্বদিত্য দাশ-আনন্দের চরিত্র রূপায়ণ করেছেন। এ তিনজনই আগাগোড়া মন্ত্রমুগ্ধ করে রেখেছিলেন দর্শককে।চণ্ডালীনির মা ডাকিনিবিদ্যার মাধ্যমে ডেকে আনছেন ঋষি আনন্দকে। নৃত্যনাটের এই পর্বটি চোখের পলক না ফেলেই দেখতে হয়েছে দর্শককে। পাতালের সহস্র নাগিণীর জেগে ওঠা, অন্ধকারের শক্তি কামনা-বাসনার কাছে আননন্দের পরাজয়ের দৃশ্য হূদয় ছুঁয়ে গেছে দর্শকদের।আলোকসজ্জা যে নাটককে দৃশ্যকাব্যের উচ্চতায় পৌঁছে দিতে পারে এই পরিবেশনা দেখে সেটা আরও একবার বোঝা গেল। অশোক অধিকারী এই কাজটি করলেন অত্যন্ত মুনশিয়ানার সঙ্গে। ব্যক্তিস্বার্থের সংকীর্ণ চোরাগলিতে নয়—প্রেম ও সুন্দরের বসবাস সবার মঙ্গলের মাঝে। অস্পৃশ্য নারী হয়েও চণ্ডালকন্যা প্রকৃতি এই সত্য আবিষ্কার করতে পেরেছে। চণ্ডালিকা তাই যুগে যুগে প্রাসঙ্গিক থাকবে। মোহিত করবে দর্শককে।