চতুর্মুখী চাপে শ্রীলঙ্কা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বেকায়দায় আছে শ্রীলঙ্কা। দেশটির ওপর এখন চতুর্মুখী চাপ। একদিকে জাতিসংঘ চাইছে, গৃহযুদ্ধ চলাকালে সেনাদের মানবাধিকার লঙ্ঘনের যে অভিযোগ উঠেছে, তার তদন্ত ও বিচার হোক। অন্যদিকে যুক্তরাষ্ট্রের নেতৃত্বে আন্তর্জাতিক সম্প্রদায় চাইছে ইরানের সঙ্গে তাদের দহরম-মহরমের অবসান ঘটুক। সে দেশ থেকে অপরিশোধিত তেল আমদানি বন্ধ করুক শ্রীলঙ্কা। তার ওপর রাজনৈতিক ও অর্থনৈতিক সংকট মিলে তৈরি হয়েছে অভ্যন্তরীণ চাপ। এসব মিলিয়ে অস্থিরতার মধ্যে রয়েছে প্রেসিডেন্ট মাহিন্দা রাজাপক্ষের সরকার।শ্রীলঙ্কায় ২০০৯ সালে দীর্ঘ ২৫ বছরের গৃহযুদ্ধের অবসান ঘটে। টানা কয়েক মাসের ব্যাপক সেনা অভিযানে নির্মূল হয় স্বাধীন ভূখণ্ডের দাবিতে লড়তে থাকা লিবারেশন টাইগার্স অব তামিল ইলম (এলটিটিই)। স্বস্তির নিঃশ্বাস ফেলেছিলেন মাহিন্দা রাজাপক্ষে। তবে এই যুদ্ধের শেষ পর্যায়ে সেনাবাহিনীর বিরুদ্ধে বেসামরিক লোকদের ওপর হামলাসহ নানা মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ ওঠে। অন্যদিকে গৃহযুদ্ধ অবসানে সাফল্যের কারণে শ্রীলঙ্কার মানুষের কাছে জাতীয় বীরের মর্যাদা পান তৎকালীন সেনাপ্রধান জেনারেল শরৎ ফনসেকা। পরে অবশ্য প্রেসিডেন্টের সঙ্গে বিরোধে জড়িয়ে ‘ভিলেনে’ রূপান্তরিত হন তিনি। প্রেসিডেন্ট রাজাপক্ষের বিপক্ষে অবস্থান নিয়ে তাঁর চক্ষুশূল হয়ে পড়েন ফনসেকা। গ্রেপ্তার করে বিভিন্ন অভিযোগে সামরিক আদালতে তাঁর বিচারও করা হয়। হয় দীর্ঘমেয়াদি কারাদণ্ড। কিন্তু আন্তর্জাতিক চাপে শেষে তাঁকে অপরাধের অভিযোগ থেকে নিষ্কৃতি দিয়ে ছেড়ে দিতে বাধ্য হন রাজাপক্ষে। গত মে মাসে শরৎ ফনসেকা কারাগার থেকে বেরিয়ে আসার পর বহু মানুষ তাঁকে সাদরে বরণ করে নেয়। এই আকাশছোঁয়া জনসমর্থন আভাস দিচ্ছে, রাজনীতির মাঠে সাবেক এই রণনায়ক রাজাপক্ষের শক্ত প্রতিদ্বন্দ্বীই হবেন। মুক্তি পাওয়ার পর ফনসেকা অঙ্গীকার করেছেন, দেশের মানুষের জন্য তিনি তাঁর জীবন উৎসর্গ করবেন। লড়ে যাবেন রাজাপক্ষে ও তাঁর পরিবারের দুর্নীতির বিরুদ্ধে। রাষ্ট্রীয় আইন অনুযায়ী ফনসেকা আগামী সাত বছর দেশের কোনো নির্বাচনে অংশ নিতে পারবেন না। এর পরও তিনি সমর্থকদের নিয়ে সরকারবিরোধী প্রচারণা চালিয়ে যাচ্ছেন। রাজাপক্ষের বিরুদ্ধে রাজনৈতিক তৎপরতা বেড়েছে বিরোধী দলগুলোরও।এই হচ্ছে শ্রীলঙ্কার অভ্যন্তরীণ রাজনৈতিক সংকটের পরিস্থিতি। মানবাধিকার লঙ্ঘনের অভিযোগের আন্তর্জাতিক খড়্গও তাদের মাথার ওপর থেকে সরছে না। গৃহযুদ্ধের শেষ দিনগুলোতে সেনারা হাজার হাজার নিরীহ তামিল নাগরিকের ওপর নির্যাতন চালিয়েছে বলে বিভিন্ন দেশি-বিদেশি সূত্র থেকে অভিযোগ রয়েছে। জাতিসংঘে এই কথিত যুদ্ধাপরাধের তদন্ত ও বিচার নিশ্চিত করার মার্কিন প্রস্তাব অনুমোদিত হয়েছে। সেই থেকে শ্রীলঙ্কা সরকারের ওপর এই তদন্ত ও বিচার নিয়ে সাঁড়াশি চাপ দিয়ে আসছে জাতিসংঘের মানবাধিকার কমিশন। বিষয়টিকে পাশ কাটানোর জন্য রাজাপক্ষের সরকারের কোনো চেষ্টাই কাজে আসেনি। শুরুতে শ্রীলঙ্কা সরকারের অবস্থান ছিল কঠোর। তারা স্পষ্টভাবে বলে দিয়েছিল, এ ব্যাপারে কোনো তদন্ত বা বিচার হবে না। কারণ এ ধরনের কোনো অপরাধ ঘটেইনি। কিন্তু অব্যাহত আন্তর্জাতিক চাপের মুখে গত জুলাইয়ে সরকার বলেছে, যুদ্ধাপরাধের অভিযোগে সেনাদের বিরুদ্ধে এই বিচারের প্রক্রিয়া শুরু করতে তাদের পাঁচ বছরের মতো লাগবে। অনেক বিশ্লেষক শ্রীলঙ্কা সরকারের এই বক্তব্যের নিন্দা জানিয়ে বলেছেন, এটা তদন্ত ও বিচার এড়ানোর বাহানা মাত্র।শ্রীলঙ্কার সঙ্গে বহির্বিশ্বের সম্পর্ক মূলত যুক্তরাষ্ট্রনির্ভর। ওয়াশিংটন চাইলে বৈদেশিক বিভিন্ন সুবিধার ক্ষেত্রে দেশটি ছাড় পাবে, অন্যথায় নয়। সেটাও শ্রীলঙ্কার জন্য একটা সমস্যা। কারণ যুক্তরাষ্ট্রের দুই চোখের বিষ ইরানের সঙ্গে তার সম্পর্কটা ভালোই ঘনিষ্ঠ। গত বছরও শ্রীলঙ্কা তাদের প্রয়োজনীয় ৯৩ শতাংশ অপরিশোধিত তেল ইরান থেকে আমদানি করেছে। যুক্তরাষ্ট্র চাইছে, শ্রীলঙ্কা ইরান থেকে তেল আমদানি বন্ধ করুক। কিন্তু তেলের মতো একটি কৌশলগত পণ্যের প্রতিষ্ঠিত নিশ্চিত সরবরাহকারী হুট করে বদলানো সহজ নয়। অনেক ক্ষেত্রে অযৌক্তিকও।পরমাণু সমৃদ্ধকরণ কর্মসূচির জের ধরে ইরান এখন যুক্তরাষ্ট্রের ঘোর শত্রু। ইরানকে ওই কর্মসূচি থেকে পিছু হটাতে তাদের নানা নিষেধাজ্ঞার অন্যতম হচ্ছে বিভিন্ন দেশের ইরানি তেল আমদানি বন্ধ করা। যুক্তরাষ্ট্রের সঙ্গে ‘বেয়াড়াপনার’ অপরাধে ইরানের ওপর আরোপিত নিষেধাজ্ঞার কিছুটাও যদি শ্রীলঙ্কার ওপর চাপে, তাহলে তাদের বৈদেশিক বাণিজ্যের বারোটা বেজে যাবে। পশ্চিমা বিশ্বে চাসহ গুরুত্বপূর্ণ অর্থকরী পণ্য রপ্তানি ব্যাহত হতে পারে। একই সঙ্গে বাধাগ্রস্ত হবে গুরুত্বপূর্ণ পণ্য আমদানি। দেশের নাজুক অর্থনীতির ওপর তা ভয়ানক প্রভাব ফেলবে। বিষয়টি বুঝতে পেরে শ্রীলঙ্কা এর মধ্যেই ইরান থেকে অপরিশোধিত তেল আমদানি ৩৮ শতাংশ কমিয়ে দিয়েছে। তেলের এই ঘাটতি তারা পূরণ করছে ওমান ও সৌদি আরব থেকে আমদানি করে।রাজনৈতিক সংকট, আন্তর্জাতিক সম্প্রদায়ের সঙ্গে বিভিন্ন বিষয় নিয়ে টানাপোড়েন, বাণিজ্যে মন্দা—এসব কারণে শ্রীলঙ্কার অর্থনীতি এখন নাজুক পর্যায়ে রয়েছে। গত ফেব্রুয়ারিতে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) তাদের কাছ থেকে নেওয়া ২৬০ কোটি ডলার ঋণ পরিশোধে শ্রীলঙ্কার ওপর প্রচণ্ড চাপ দেয়। এই ঋণ পরিশোধে সরকার আবার ১০০ কোটি ডলারের বন্ড বিক্রি করে। একই সঙ্গে নেয় কঠোর কিছু ব্যয় সংকোচন উদ্যোগ। আইএমএফ বলছে, শ্রীলঙ্কার অর্থনৈতিক প্রবৃদ্ধি এখন নিম্নগামী। শুরুতে আন্তর্জাতিক আর্থিক প্রতিষ্ঠানটি আভাস দিয়েছিল, এ বছর শ্রীলঙ্কার অর্থনৈতিক প্রবৃদ্ধির হার ৭ দশমিক ৫ শতাংশ হতে পারে। কিন্তু এখন তা ৬ দশমিক ৭৫ শতাংশে নেমে এসেছে। দেশটির কেন্দ্রীয় ব্যাংকের লক্ষ্যমাত্রা হচ্ছে ৭ দশমিক ২ শতাংশ।বিশ্লেষকদের মতে, তৃণমূল পর্যায়ে জীবনযাত্রার ব্যয় বেড়ে যাওয়ায় দেশটির শ্রমিক সংগঠনগুলোর বিভিন্ন দাবি-দাওয়া বেড়েছে। এর মধ্যে প্রধান দাবি হচ্ছে মজুরি বাড়ানো। তাদের সঙ্গে তাল দিচ্ছে বিরোধী রাজনৈতিক দলগুলো। এদিকে শ্রীলঙ্কার মুদ্রা রুপির মানের ১৩ শতাংশ অবনমন ঘটেছে। এর বিরূপ প্রভাবে আমদানি করা পণ্যের দাম বেড়েছে অনেক। এতে জনমনে অসন্তোষ বাড়ছে। সব মিলিয়ে রাজাপক্ষের সরকারের এখন স্বস্তিতে থাকার কোনো অবকাশ নেই।  শরিফুল ইসলাম ভূঁইয়া