চতুষ্কোণের প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

৯ জানুয়ারি সন্ধ্যা। নগরের চেরাগি পাহাড়ের নন্দন চত্বরে প্রোজেক্টর থেকে স্থিরচিত্র এসে পড়ছিল পর্দায়। সে দিকে চোখ ত্রিশ-চল্লিশ জন দর্শকের। তাঁরা দেখছিলেন বিশ্ব চলচ্চিত্রের খণ্ড খণ্ড স্থির চিত্র। কেবল স্থিরচিত্র নয়, পর্দায় স্বল্প ও পূর্ণ দৈর্ঘ্যের চলচ্চিত্রও দেখল দর্শকেরা। চলল চলচ্চিত্র নিয়ে কথামালাও। চলচ্চিত্র সংগঠন চতুষ্কোণের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী ছিল এমনই চলচ্চিত্রময়।
‘চলচ্চিত্রের মাধ্যমে জীবনের শেকড়কে তুলে আনো’ এই স্লোগান নিয়ে এক বছর আগে চতুষ্কোণের পথ চলা শুরু।
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এই অনুষ্ঠানে সংগঠনের সদস্যদের নির্মিত ১৩টি স্বল্পদৈর্ঘ্য প্রামাণ্য চলচ্চিত্র প্রদর্শিত হয়। এরপর প্রদর্শিত হয় ভিন্ন মেজাজের স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র কথোপকথন। কবি পুর্ণেন্দু পত্রীর বিখ্যাত কবিতা ‘কথোপকথন’ অবলম্বনে এই চলচ্চিত্রটি নির্মাণ করেন সুমিত চয়ন। পরিবেশনার এক ফাঁকে ‘সুহৃদের কথা’ শিরোনামে চলে কথামালা। বক্তব্য দেন নাট্যকার অসীম দাশ এবং চলচ্চিত্র নির্মাতা রফিকুল আনোয়ার। কথামালার পর ঋত্ত্বিক ঘটকের বিখ্যাত চলচ্চিত্র কোমল গান্ধার প্রদর্শনীর মাধ্যমে চতুষ্কোণ–এর প্রথম বর্ষপূর্তি অনুষ্ঠান শেষ হয়।