চন্দনাইশ তাঁত কারখানা বন্ধ ৪ বছর
২০০৬ সালে দ্বিতীয় দফা বন্ধের চার বছর পেরোলেও চন্দনাইশের জোয়ারা তাঁত বোর্ড (কারখানা) চালুর উদ্যোগ নেই। বাংলাদেশ তাঁত বোর্ডের অধীনে স্থাপিত কারখানাটি লোকসানের কারণে ১৯৯৮ সালে প্রথম বন্ধ করে দেওয়া হয়। বর্তমানে কারখানার পাঁচ শতাধিক শ্রমিক বেকার হয়ে পড়ায় চরম অর্থকষ্টে দিন কাটাচ্ছেন। সরেজমিনে গিয়ে দেখা যায়, কারখানার প্রধান ফটক বন্ধ। ছোট্ট ফটক দিয়ে তত্ত্বাবধানকারী লোকজন চলাফেরা করেন। কারখানার আশপাশে ঝোপজঙ্গলের সৃষ্টি হয়েছে, স্যাঁতসেঁতে হয়ে পড়েছে চলাচলের রাস্তা। তাঁতগুলো পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে। কাজ না থাকলেও প্রতিদিন একবার কারখানা এলাকায় ঢুঁ মারেন তাঁতি নজির আহমদ। তিনি বলেন, ‘মিল বন্ধ হয়ে যাওয়ায় অভাব-অনটনে পড়ে গেছি, খেয়ে না খেয়ে কষ্টে দিন কাটাচ্ছি।’জানা যায়, বাংলাদেশ তাঁত বোর্ড ১৯৯০ সালে দেড় কোটি টাকা ব্যয়ে জোয়ারায় তাঁত কারখানা স্থাপন করে। ১৯৯৩ সালে স্থানীয় তাঁতিদের প্রশিক্ষণ দিয়ে কারখানায় নিয়োগ দেওয়া হয়। প্রথম দিকে ৩০ তাঁতের মধ্যে ছয়টি চালু করা হয়। উৎপাদন করা হতো লুঙ্গি, শাড়ি, গামছা ও চাদর। এসব কাপড় স্থানীয় বাজারে চাহিদা মিটিয়ে দেশের অন্য এলাকায় সরবরাহ করা হতো। তবে স্থানীয় তাঁতিদের অদক্ষতার কারণে কারখানা পূর্ণোদ্যমে উৎপাদনে যেতে পারেনি। উপজেলার তাঁতি-গ্রাম নামে পরিচিত সাতবাড়ীয়া, বৈলতলী, জাফরাবাদ, জোয়ারা ও নগরপাড়ায় প্রায় পাঁচ হাজার তাঁতি রয়েছেন। তাঁদের মধ্য থেকে ৫০০ তাঁতিকে প্রশিক্ষণ দেওয়া হয়। জানা যায়, ২০০৬ সালে পাবনা থেকে প্রশিক্ষিত লোক এনে পুনরায় কারখানাটি চালু করা হয়। ৫০০টি শাড়ির জন্য দুই লাখ টাকা বরাদ্দ দেয় সরকার। প্রতিটি শাড়ির জন্য পারিশ্রমিক দেওয়া হতো ৩০০-৪০০ টাকা। পোষাতে না পারায় তাঁরা কাজ ছেড়ে চলে যান। ২০০৮ সালে আটটি তাঁত সিলেটে নিয়ে যায় তাঁত বোর্ড। ২০০৬ সালে চালুর ছয় মাস পর থেকে বন্ধ রয়েছে কারখানা।কারখানার মেকানিক্যাল ইঞ্জিনিয়ার ও কারখানার তত্ত্বাবধায়ক (ইনচার্জ) বাবুলচন্দ্র দাশ জানান, ‘স্থানীয় অনেক তাঁতি প্রশিক্ষণ নেননি। তাঁদের অদক্ষতার কারণে কারখানার আজ এ অবস্থা। আমরা এটি বেসরকারি খাতে ছেড়ে দেওয়ার জন্য কর্তৃপক্ষের কাছে লেখালেখি করছি।’তবে কারখানা বন্ধের ব্যাপারে তাঁতিরা কর্তৃপক্ষকে দায়ী করেছেন। তাঁতিদের নেতা সোলেমান চৌধুরী বলেন, ‘কারখানায় স্থায়ী প্রশিক্ষণকেন্দ্র স্থাপন করা হয়নি। এতে সমস্যা হয়েছে, পাবনা থেকে প্রশিক্ষিত তাঁতি আনতে হয়েছে। বর্তমানে কারখানার কয়েক শ তাঁতি বাপ-দাদার পেশা ছেড়ে দিনমজুরের কাজ করছেন। অনেকেই ভিক্ষা করছেন। ৮০ বছর বয়সী আবুল খায়ের ও আবদুল বারেক জানান, ‘আমরা তাঁত মিল হওয়ায় খুশি হয়েছিলাম। কিন্তু কাজের কাজ কিছুই হয়নি। মিল চালাতে পারেনি কর্তৃপক্ষ, তাই আজ আমাদের কষ্টের শেষ নেই।’ মিল দেখাশোনার কাজে নিয়োজিত ওয়াহিদুজ্জামান জানান, এখন তাঁরা দুইজন মিল পাহারা দেন। বেতন পান কি না জানতে চাইলে তিনি বলেন, ‘১৯৯৬ সালের অক্টোবর থেকে বেতন পাইনি। এলাকার দুটি ছেলেকে পড়িয়ে কোনো রকমে সংসার চালাই। পাঁচ বছর পর অবসরে যাব। এখন খেয়ে না খেয়ে চাকরি করে যাচ্ছি, কিন্তু তখন কী হবে জানি না।’