চন্দনাইশ-সাতকানিয়ায় সবজির বাম্পার ফলন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চন্দনাইশ ও সাতকানিয়ায় সবজির বাম্পার ফলন হয়েছে, ভালো দামও পাচ্ছেন চাষিরা। আর এবার ফড়িয়াদের উৎপাত নেই। ফলে গতবারের ক্ষতি পুষিয়ে নিতে পেরে চাষিরা বেজায় খুশি। তবে চাষিদের আক্ষেপ, যথাযথ সংরক্ষণের অভাবে নষ্ট হচ্ছে অনেক সবজি। উপজেলা কৃষি কার্যালয় সূত্র জানায়, চন্দনাইশ ও সাতকানিয়া উপজেলার ২৭টি ইউনিয়নে বিভিন্ন জাতের শাকসবজি চাষ করা হয়। এখানে উৎপাদিত সবজি সরবরাহ করা হচ্ছে দেশের বিভিন্ন স্থানে। এসব সবজির মধ্যে রয়েছে আলু, বেগুন, মুলা, ফুলকপি, বাঁধাকপি, টমেটো, শিম, বরবটি, লাউ, শসা, খিরা প্রভৃতি। চাষিরা জানান, গত বছর এমন সময়ে মুলা বিক্রি করতে এনে রাস্তা ও খালের পাশে ফেলে দিয়ে ব্যথাভরা মন নিয়ে খালি হাতে বাড়ি ফিরতে হয়েছে। এবার সেই অবস্থা নেই। এখন এক ভার (৬০ কেজি) মুলা বিক্রি হচ্ছে ৭০০ টাকায়। স্থানীয় লোকজন জানান, দোহাজারী রেলওয়ে মাঠে বসে শাকসবজির বড় বাজার। এখানে পাইকারদের কাছে বিক্রির জন্য সবজি নিয়ে আসেন চাষিরা। পাইকারি ব্যবসায়ীরা চাষিদের কাছ থেকে সবজি কিনে প্রতিদিন শতাধিক ট্রাক-মিনিট্রাকসহ নানা যানবাহন বোঝাই করে এ সবজি সরবরাহ করেন বিভিন্ন স্থানে। ভোর থেকে দুপুর পর্যন্ত একটানা শাকসবজি বেচাকেনা চলে। ব্যবসায়ী আবুল কাশেম জানান, এ বছর চাষিরা যথেষ্ট লাভবান হয়েছেন। এখনো সবজির দাম তেমন কমেনি। চাহিদা যেমন আছে, তেমন দামও ভালো। প্রতিদিন শতাধিক গাড়িতে করে বিভিন্ন এলাকায় সবজি সরবরাহ হচ্ছে। কালিয়াইশ এলাকার চাষি মুজিবুর রহমান বলেন, ‘এবার ফড়িয়াদের উৎপাত নেই। পাইকারি ব্যবসায়ীরা সরাসরি চাষির কাছ থেকে সবজি কিনছেন। ফলে আমরা লাভবান হচ্ছি।’সাতকানিয়ার মুক্তার চর এলাকা থেকে বেগুন নিয়ে বাজারে বিক্রি করতে আসা চাষি মোহাম্মদ হাসান জানান, তিনি ৩০ শতক জমিতে বেগুন চাষ করেছেন। তাঁর খরচ হয়েছে ৪০ হাজার টাকা। এ পর্যন্ত তিনি ৯০ হাজার টাকার বেগুন বিক্রি করেছেন। খেতে আরও কিছু বেগুন রয়েছে। শিম বিক্রি করতে আসা নুর মোহাম্মদ জানান, ৬০ শতক জমিতে শিমের চাষ করেছেন। সবকিছু মিলে খরচ হয় ৬০ হাজার টাকা। তিনি এক লাখ ৫০ হাজার টাকার শিম এ পর্যন্ত বিক্রি করেছেন। চাষি আবদুল কাদের জানান, দেশি টমেটোর কদর এখনো কমেনি। ৬০-৭০ কেজি ওজনের এক ভার টমেটো বিক্রি হচ্ছে এক হাজার ২০০ থেকে এক হাজার ৫০০ টাকায়। চাগাচর থেকে ফুলকপি বিক্রি করতে আসা চাষি স্বপন দে জানান, তিনি ১০০ শতক জমিতে ফুল ও বাঁধাকপির চাষ করেছেন। এতে তাঁর খরচ হয়েছে এক লাখ টাকা। এ পর্যন্ত তিনি কপি বিক্রি করেছেন দুই লাখ টাকার। চাষি মোহাম্মদ মফিজ বলেন, এখন সবজি দিনের মধ্যে বিক্রি করে ফেলতে হচ্ছে। ভালো দাম পাওয়ার জন্য রেখে দিতে গেলে সেগুলো পচে যাবে। তিনি দোহাজারীতে সবজি সংরক্ষণের জন্য একটি হিমাগার প্রতিষ্ঠার দাবি জানান। উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মাসুদ আহমদ বলেন, কৃষকেরা সময়মতো সার ও কীটনাশক পাওয়ায় সবজির বাম্পার ফলন হয়েছে। এ ছাড়া পোকামাকড়ের উৎপাতও তেমন ছিল না। আর এবার ভালো দাম পাচ্ছেন চাষিরা। তিনি বলেন, এলাকার উৎপাদিত সবজি ও ফলমূল সংরক্ষণের প্রয়োজন রয়েছে।