চন্দনাইশে ইটভাটায় যাচ্ছে ফসলি জমির উর্বর মাটি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চন্দনাইশের বিভিন্ন এলাকার ফসলি জমির উপরিভাগের উর্বর মাটি (টপ-সয়েল) বিক্রি হচ্ছে ইটভাটায়। এতে জমির উর্বরতা শক্তি হারিয়ে যাচ্ছে, ভালো ফলন হচ্ছে না। সরেজমিনে দেখা গেছে, উপজেলার হাশিমপুর, বরকল, পূর্ব এলাহাবাদসহ বিভিন্ন গ্রামে জমির উপরিভাগের মাটি কেটে ট্রাকে করে ইটভাটায় নিয়ে যাওয়া হচ্ছে। স্থানীয় লোকজন জানান, বেশি টাকার লোভে ধানি জমির মাটি ইটভাটায় বিক্রি হচ্ছে। উপরিভাগের দু-তিন ফুট মাটিই কাটা হচ্ছে। প্রতি মিনিট্রাক মাটি ৬০০-৭০০ টাকায় বিক্রি হয়। জানা যায়, চন্দনাইশে ৩০টি ইটভাটা রয়েছে। প্রায় প্রতিটিতে ইট তৈরির জন্য ধানি জমির মাটি ব্যবহার করা হয়। একটি ইট তৈরিতে ২৫ ঘনফুট মাটির প্রয়োজন হয়।হাশিমপুরের কৃষক আমিনুল ইসলাম জানান, ‘ফসল চাষের চেয়ে মাটি বিক্রি করে বেশি লাভ পাওয়া যায়। এ জন্য আমরা ইটভাটায় মাটি বিক্রি করি।’ নুরুল আমিন বলেন, ‘আমরা মনে করেছিলাম জমির উপরের মাটি কাটা হলে ফলন ভালো হবে। অথচ ঘটনা উল্টো, অতিরিক্ত সার ও কীটনাশক প্রয়োগ করেও আশানুরূপ ফলন পাচ্ছি না।’উপজেলা উদ্ভিদ বিশেষজ্ঞ নৃপতি কান্তি দত্ত জানান, টপ-সয়েলে নয় ইঞ্চি থেকে এক ফুট পর্যন্ত খাদ্যকণা থাকে। জমির উপরিভাগ কেটে নেওয়ার ফলে উর্বরতা কমে, সেই সঙ্গে কমে ফলন। ইটভাটা মালিক সমিতির সভাপতি আবদুর রহিম এ প্রসঙ্গে বলেন, কৃষকেরাই মাটি বিক্রি করছেন, তাতে ইটভাটার মালিকের হাত নেই। অধিকাংশ মাটি জমির উপরিভাগের তা-ও সত্য নয়। উপজেলা কৃষি সমপ্রসারণ কর্মকর্তা মাসুদ আহমদ জানান, কৃষকেরা সচেতনতার অভাবে জমির উপরিভাগের মাটি বিক্রি করেন, এতে নিজেদের ক্ষতি নিজেরাই করেন। একবার উপরের মাটি কাটা হলে তা পূরণ হতে কয়েক বছর লাগে। কৃষকদের নানাভাবে বোঝানো হচ্ছে বিষয়টা, কিন্তু উপরের মাটি বিক্রি বন্ধ করা যাচ্ছে না।’