চন্দনাইশে গণসংযোগ শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের তফসিল ঘোষণার পর সরগরম হয়ে উঠেছে চন্দনাইশ উপজেলার রাজনৈতিক অঙ্গন। আগামী ২৫ জুন অনুষ্ঠেয় নির্বাচন সামনে রেখে তৎপর হয়ে উঠেছেন নয় ইউনিয়নের সম্ভাব্য প্রার্থীরা। ভোটারদের সঙ্গে গণসংযোগও করছেন তাঁরা। হাটবাজার ও চায়ের দোকানগুলোয় নির্বাচন নিয়ে চলছে জল্পনা-কল্পনা। নির্বাচনের তফসিল ঘোষণার আগে থেকেই সম্ভাব্য প্রার্থীরা নানা কৌশলে প্রচার-প্রচারণা চালিয়ে আসছিলেন। এ ছাড়া মেলা, মেজবান, বিয়েসহ ধর্মীয় অনুষ্ঠানগুলোয় হাজির হয়ে ভোটারদের চোখে পড়তে তৎপর ছিলেন তাঁরা। উপজেলার তিন ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) সমর্থক। এবারও তাঁরা এলডিপির সমর্থন নিয়ে চেয়ারম্যান পদে নির্বাচন করবেন। তাঁরা হলেন: হাশিমপুর ইউনিয়নের চেয়ারম্যান মোহাম্মদ আলী, বরকল ইউনিয়নের চেয়ারম্যান মোতাহের মিয়া ও জোয়ারা ইউনিয়নের চেয়ারম্যান জসিম উদ্দীন সিকদার। এ ছাড়া কাঞ্চনাবাদ ইউনিয়নে একরাম হোসেন এলডিপির সমর্থন নিয়ে চেয়ারম্যান পদে নির্বাচন করার ঘোষণা দিয়েছেন। এদিকে প্রার্থী নির্বাচন নিয়ে আওয়ামী লীগ-বিএনপির তেমন কোনো তৎপরতা দেখা যাচ্ছে না। এ নিয়ে মাঠপর্যায়ের নেতা-কর্মীরা হতাশায় ভুগছেন। তবে বিভিন্ন ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থীদের একটা তালিকাও পাওয়া যাচ্ছে ভোটারদের সঙ্গে কথা বলে।দোহাজারী ইউনিয়নে প্রার্থী হিসেবে শোনা যাচ্ছে বর্তমান চেয়ারম্যান আবুল কাশেম, লেয়াকত আলী ও আবদুল্লাহ আল নোমানের নাম। হাশিমপুর ইউনিয়নে সম্ভাব্য প্রার্থীরা হলেন: বর্তমান চেয়ারম্যান মোহাম্মদ আলী, সাবেক চেয়ারম্যান আবদুল মান্নান, হেলাল উদ্দীন ও মাহাবুল আলম। সাতবাড়িয়া ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান আহমেদুর রহমান, নবাব মিয়া, সিরাজুল ইসলাম ও নাসির উদ্দীন প্রার্থী হতে পারেন। বৈলতলী ইউনিয়নে প্রার্থিতার দৌড়ে আছেন বর্তমান চেয়ারম্যান আবুল হোসেন সওদাগর, মাহাবুবুল আলম ও মোহাম্মদ এনাম। জোয়ারা ইউনিয়নের সম্ভাব্য প্রার্থীরা হলেন বর্তমান চেয়ারম্যান জসিম উদ্দীন সিকদার, আহমদ হোসেন ও আবুল কাশেম। বরকল ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান মোতাহের মিয়া, হাবিবুর রহমান, উকিল আমিন ও নাসির উদ্দীন প্রার্থী হতে পারেন। বরমা ইউনিয়নের সম্ভাব্য প্রার্থীরা হলেন বর্তমান চেয়ারম্যান নুরুল ইসলাম ও সাবেক চেয়ারম্যান সিরাজুল ইসলাম। কাঞ্চনাবাদ ইউনিয়নের সম্ভাব্য প্রার্থীরা হলেন বর্তমান ভারপ্রাপ্ত চেয়ারম্যান আনোয়ার পারভেজ, সাবেক চেয়ারম্যান নুরুল আবছার, আবদুর শুক্কুর ও লোকমান গনি। ধোপাছড়ি ইউনিয়নে সম্ভাব্য প্রার্থী হিসেবে বর্তমান চেয়ারম্যান মোহাম্মদ দেলোয়ার হোসেন, সাবেক চেয়ারম্যান মোহাম্মদ সেলিম ও নুরুল ইসলামের নাম শোনা যাচ্ছে।