চন্দনাইশে চাষ হয়নি দেড় হাজার হেক্টর জমিতে
গত পাঁচ বছর চাঁদখালী খালে নোনা পানি ঢোকায় রোপা ফসল নষ্ট হয়ে যায়। এ বছরও নোনা পানি ঢুকলে ফসল নষ্ট হয়ে লোকসান গুনতে হবে—এমন আশঙ্কায় প্রায় দেড় হাজার হেক্টর জমিতে বোরো চাষ করেননি চন্দনাইশের তিন ইউনিয়নের কৃষকেরা। তবে কৃষি বিভাগ ও ইউনিয়ন পরিষদ সূত্রমতে, এবার নোনা পানি আসেনি। এ ব্যাপারে সভা করে কৃষকদের সচেতন করার উদ্যোগ নেওয়া হলেও তাঁরা কান দেননি। সরেজমিনে দেখা গেছে—বরকল, বরমা ও হারালায় বিস্তীর্ণ জমি অনাবাদি পড়ে রয়েছে। কৃষকেরা বোরো চাষের কোনো প্রস্তুতিও নেননি। বরমা ইউনিয়নের আবদুল মতিন, আবদুল নবী ও শামসুল ইসলামসহ একাধিক কৃষক জানান, কয়েক বছর ধরে চাঁদখালী খাল দিয়ে নোনা পানি আসার কারণে তাঁরা বোরো চাষাবাদ করতে পারেননি। উপজেলা কৃষি সমপ্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, একটি পৌরসভা ও নয়টি ইউনিয়নে এবার তিন হাজার ৬০০ হেক্টর জমিতে বোরো চাষাবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়। এর মধ্যে চাঁদখালী খাল থেকে সেচ দিয়ে চন্দনাইশ পৌরসভাসহ বরমা, বরকল ও জোয়ারা ইউনিয়নের এক হাজার ৬২০ হেক্টর জমিতে বোরো আবাদ করার কথা। বরকল ইউনিয়নের চেয়ারম্যান মোতাহের মিয়া জানান, এবার খালে নোনা পানি আসেনি। সেচ প্রকল্প ব্যবস্থাপকদের অনুরোধ করে পানিসেচের ব্যবস্থা এবং কৃষকদের নিয়ে সমাবেশের মাধ্যমে উদ্বুদ্ধ করার পরও কৃষকেরা বোরো চাষাবাদে নামেননি। বরকল ইউনিয়নের দায়িত্বপ্রাপ্ত উপসহকারী কৃষি কর্মকর্তা বিকাশ বড়ুয়া বলেন, ‘পানি নোনা না হওয়া সত্ত্বেও চাষিরা ভয়ে বোরো চাষ করেননি।’