চন্দনাইশে পাঁচ দিনব্যাপী বইমেলা শুরু
আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে চন্দনাইশ পৌর সদরের শাহ আমিন নগর পার্কে গত শুক্রবার থেকে শুরু হয়েছে পাঁচ দিনব্যাপী বইমেলা। ভাষাসৈনিক প্রিন্সিপাল আবুল কাসেমের নামে এই মেলার নামকরণ করা হয়েছে।
গত শুক্রবার বিকেলে মেলার উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রিন্সিপাল আবুল কাসেম ট্রাস্টের সাধারণ সম্পাদক মাহমুদ বিন কাসেম।
মেলা উদ্যাপন কমিটির সমন্বয়ক তানভীর আহমেদ সিদ্দীকির পরিচালনায় সভায় প্রধান অতিথি ছিলেন সাংসদ নজরুল ইসলাম চৌধুরী। প্রধান বক্তা ছিলেন কবি অভীক ওসমান। বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান আবদুল জব্বার চৌধুরী ও পৌরসভার মেয়র মাহবুবুল আলম। বিশেষ বক্তা ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক শুকান্ত ভট্টচার্য্য। শুভেচ্ছা বক্তব্য দেন কাসেম মাহবুব উচ্চবিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক বিজয় কৃষ্ণ ধর। আলোচনা সভা শেষে অনুষ্ঠিত হয় সাংস্কৃতিক অনুষ্ঠান ও প্রিন্সিপাল আবুল কাসেমের চিত্র প্রদর্শনী।
মেলা চলবে ২১ ফেব্রুয়ারি পর্যন্ত। প্রতিদিন বেলা তিনটা থেকে রাত আটটা পর্যন্ত মেলা উন্মুক্ত থাকবে সবার জন্য। মেলায় স্থান পেয়েছে ১৫টি স্টল।