চন্দনাইশে পাঁচ সেতু ঝুঁকিপূর্ণ
চন্দনাইশ উপজেলাধীন চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের ছোট-বড় ১০টি সেতুর মধ্যে পাঁচটি সেতুই বর্তমানে খুবই ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। এ ছাড়া দোহাজারী থেকে কাঞ্চননগর পর্যন্ত ১১ কিলোমিটার সড়কের মধ্যে প্রায় আট কিলোমিটার সড়কের দুই পাশ ভেঙে বা দেবে গিয়ে ছোট-বড় গর্তের সৃষ্টি হয়েছে। এসব সেতুর ওপর ও সড়কের পাশ দিয়ে যানবাহন চলাচল করতে গিয়ে যেকোনো সময় মারাত্মক দুর্ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। সরেজমিনে গিয়ে দেখা যায়, মহাসড়কের চন্দনাইশ উপজেলা অংশে ১০টি সেতু রয়েছে। এর মধ্যে দোহাজারীর শঙ্খ, হাশিমপুরের কলঘর, বরগুনি ও কাঞ্চনাবাদের বাদামতল এলাকার সেতুগুলো জরাজীর্ণ হয়ে পড়েছে। সেতুর দুই পাশের রেলিং ভেঙে ঝুলে পড়েছে নিচের দিকে। শঙ্খ সেতুর উত্তর দিকে পূর্ব-পশ্চিম পাশের এবং দক্ষিণ দিকের পাঁচটি রেলিং ভেঙে গেছে। বরগুনি, কলঘর ও বাদামতল সেতুরও একই অবস্থা। দোহাজারী, ফুলতলা, দেওয়ানহাট, কসাইপাড়া, বাগিচাহাট, কলঘর বাদামতল ও কাঞ্চননগর এলাকায় সড়কের দুই পাশ দেবে যাওয়ায় সড়ক সংকুচিত হয়ে পড়েছে। কোনো কোনো এলাকায় সড়কের দুই পাশ থেকে মাটি সরে গিয়ে হাঁটার পথ এক থেকে দেড় ফুট নিচু হয়ে গেছে। ফলে দুটি গাড়ি একসঙ্গে চলাচল কিংবা অন্য গাড়িকে পাশ কাটতে গিয়ে নিচু জায়গায় গাড়ি আটকে যায়। এতে দুর্ভোগে পড়েন যাত্রীরা। দূরপাল্লার গাড়িচালক নূরুল আলম বলেন, ‘একে তো সড়ক ছোট তার ওপর একাধিক বাঁক। এ ছাড়া সেতুগুলোর মেয়াদ উত্তীর্ণ হওয়ায় এমনিতেই ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। তাই গাড়ি নিয়ে চন্দনাইশে ঢোকার পর থেকে খুবই ভয় লাগে।’চট্টগ্রাম-কক্সবাজার আরাকান সড়ক শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মোহাম্মদ মুসা বলেন, ‘ঝুঁকিপূর্ণ সড়ক ও সেতুগুলো মেরামত কিংবা পুনর্নির্মাণ না করায় যেকোনো সময় মারাত্মক দুর্ঘটনার আশঙ্কা রয়েছে।’ দোহাজারী সড়ক ও জনপথ (সওজ) বিভাগের নির্বাহী প্রকৌশলী খান মোহাম্মদ কামরুল আহসান সড়ক ও সেতুর বেহাল অবস্থার কথা স্বীকার করেন। তিনি জানান, সড়কটি পাঁচ বছর আগে মহাসড়ক উন্নয়ন প্রকল্পের আওতায় নিয়ে যাওয়া হয়েছিল। পরে প্রকল্পটি স্থগিত হয়ে যায় এবং বর্তমানে আবার সওজ বিভাগের আওতায় এসেছে। যত তাড়াতাড়ি সম্ভব ঝুঁকিপূর্ণ সড়ক ও সেতুগুলো পর্যায়ক্রমে মেরামত করা হবে বলে তিনি জানান।