চন্দনাইশে পাঁচ হাজার তাঁতি বেকার
চন্দনাইশ উপজেলার এককালে নগরপাড়া নামে খ্যাত তাঁতি গ্রামগুলোর তাঁত কারখানাগুলো প্রায় বন্ধ হয়ে গেছে। যে কয়েকটি আছে সেগুলোও যেকোনো সময় বন্ধ হওয়ার আশঙ্কা করছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা। তাঁদের মতে, আধুনিক কারখানায় তৈরি উন্নতমানের কাপড়ে বাজার ছেয়ে যাওয়া, সুতা, রং, সোডাসহ প্রয়োজনীয় উপকরণের দাম বৃদ্ধির কারণে স্থানীয় শিল্প টিকতে পারছে না। এ ছাড়া, প্রয়োজনীয় প্রশিক্ষণ এবং সরকারি পৃষ্ঠপোষকতার অভাবও তাঁতশিল্পের এমন দশার জন্য দায়ী বলে তাঁরা মন্তব্য করেন। এলাকার তাঁতিরা জানান, স্বাধীনতার পর ১৯৮০ সাল পর্যন্ত উপজেলার সাতবাড়িয়া, বৈলতলী, জাফরাবাদ, নগরপাড়া ও কাঞ্চনাবাদ এলাকায় প্রায় দুই হাজার তাঁত কারখানা ছিল। এসব কারখানায় উৎপাদিত লুঙ্গি, চাদর, গামছা, থামি ইত্যাদি কাপড় দক্ষিণ চট্টগ্রামের জনগণের চাহিদা মেটানো ছাড়াও দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করা হতো। প্রায় পাঁচ হাজার পরিবার জীবন ধারণ করত এ শিল্পের সঙ্গে জড়িত থেকে। চাহিদা বেশি থাকায় প্রচুর লাভবান হতেন তাঁতমালিকেরাও। কোনো কোনো তাঁতমালিকের ১৪-১৫টি পর্যন্ত তাঁত কারখানা ছিল। কিন্তু ১৯৮০ সালের পর থেকে এখানকার তাঁতশিল্প ও কারিগরদের দুর্দশা নেমে আসে। একে একে বন্ধ হতে থাকে কারখানা। বেকার হয়ে পড়েন শ্রমিকেরা। তাঁদের পরিবারে নেমে আসে অভাব-অনটন। বর্তমানে ২০-২২টি কারখানা কোনো রকমে টিকে আছে।সরেজমিনে দেখা গেছে, সাতবাড়িয়া, বৈলতলী ও কাঞ্চননগর এলাকার সব তাঁতশিল্প প্রায় বন্ধ। সাতবাড়িয়া ইউনিয়নের নগরপাড়ার তাঁতি আমিনুর রহমান জানান, তাঁর ১৮টি তাঁত কারখানা ছিল। প্রয়োজনীয় উপকরণের দাম বেড়ে যাওয়ায় লোকসানে পড়ে কারখানাগুলো একে একে বন্ধ করে দিয়েছেন। বেচে দিয়েছেন সব সরঞ্জামও। বৈলতলীর জাফরাবাদ গ্রামের নগরপাড়ার আলতাফ মিয়ার চারটি তাঁত কারখানা চালু আছে। তিনি জানান, সুতা, রং, সোডাসহ প্রয়োজনীয় উপকরণের মূল্য বেড়ে যাওয়ায় সাত বছর থেকে লুঙ্গি ও চাদর তৈরির কাজ বন্ধ। বর্তমানে চারটি তাঁতে চারজন শ্রমিক কাজ করছেন। এসব তাঁতে দিনে চার-ছয়টি গামছা তৈরি হয়। কিন্তু এগুলো বিক্রির টাকা থেকে শ্রমিকদের মজুরি দিয়ে পরিবার-পরিজন নিয়ে বেঁচে থাকা কষ্টসাধ্য হয়ে উঠেছে। কারিগর নজির আহামদ (৫২) জানান, একটি গামছা তৈরি করে মজুরি পান ১০ টাকা। দিনে পাঁচ-ছয়টি গামছা তৈরি করে ৫০-৬০ টাকা পান। কোনো কোনো সময় তা-ও হয় না। স্ত্রী, চার মেয়ে ও দুই ছেলেকে নিয়ে সংসার চালাতে হিমশিম খাচ্ছেন তিনি। দুই সন্তান এতিমখানায় পড়াশোনা করলেও অভাবের তাড়নায় অন্যদের পড়াশোনা বন্ধ রয়েছে। আলতাফ মিয়া জানান, আগে ১০ পাউন্ড সুতার দাম ছিল ৪৬০ টাকা, বর্তমানে এক হাজার টাকা, সালফার প্রতিকেজি ৭০ টাকার স্থলে বর্তমানে ১৫০ টাকা। এভাবে অন্য সব উপকরণ এবং মজুরিও প্রায় দ্বিগুণ। প্রশিক্ষণ এবং সরকারি পৃষ্ঠপোষকতা পাওয়া গেলে এখানকার তাঁতশিল্প আবার চাঙা হয়ে উঠতে পারে বলে সংশ্লিষ্ট ব্যক্তিরা আশা করেন।