চন্দনাইশে শিমের ফলনে খুশি চাষি
দক্ষিণ চট্টগ্রামের চন্দনাইশ ও সাতকানিয়া উপজেলায় এবার শিমের বাম্পার ফলন হয়েছে। ভালো দাম পাওয়ায় খুশি ওই দুই উপজেলার কয়েক হাজার চাষি।গত কয়েক বছর ধরে বাণিজ্যিকভাবে শিম চাষ জনপ্রিয় হয়ে উঠেছে চন্দনাইশ ও সাতকানিয়ায়। এখানকার উৎপাদিত স্থানীয় বাজারে বিক্রির পাশাপাশি মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশেও রপ্তানি হচ্ছে। চাষিরা জানান, মৌসুমের শেষ দিকেও এবার শিমের ভালো দাম পাওয়া যাচ্ছে। মৌসুমের শুরুতে এক মণ শিম বিক্রি হয়েছিল চার হাজার ৮০০ টাকায়। তখন বাজারে প্রতিকেজি শিম বিক্রি হয়েছিল ১২০ টাকায়। বর্তমানে প্রতিমণ শিমের দাম ৮৮০ টাকা। প্রতিকেজি শিম বিক্রি হচ্ছে ২২ টাকায়। দোহাজারীর শঙ্খ নদের চরের বিস্তীর্ণ এলাকাজুড়ে এবার শিমের চাষ হয়েছে। কোথাও কোথাও সড়কের পাশেও শিমের চাষ করা হয়েছে। সম্প্রতি এই এলাকায় গেলে, চাষি নেজাম উদ্দীন জানান, শিম বিক্রি করে তাঁর এর মধ্যেই চাষের খরচ উঠে গেছে। লাভও হয়েছে প্রচুর। গাছে এখনো প্রচুর শিম রয়ে গেছে। খেতের শিম বিক্রি করে আরও ৫০ হাজার টাকা আয় হবে বলে তিনি আশা করছেন। চন্দনাইশ উপজেলার পূর্ব দোহাজারীর চাষি ফয়েজুর রহমান জানান, তিনি দুই শতক জমিতে শিম চাষ করেছেন। সার, কীটনাশক, শ্রমিকের খরচসহ তাঁর এক লাখ ৫০ হাজার টাকা খরচ হয়েছে। এ পর্যন্ত তিনি বাজারে তিন লাখ টাকার শিম বিক্রি করেছেন। আরও এক লাখ টাকার শিম বিক্রি করতে পারবেন বলে আশা করছেন।চন্দনাইশ উপজেলা ভারপ্রাপ্ত কৃষি কর্মকর্তা শৈবাল কান্তি নন্দী জানান, আধুনিকভাবে শিমের চাষাবাদ এবং উন্নতমানের বীজ বপনের কারণে এবার শিমের বাম্পার ফলন হয়েছে। শিমের ভালো ফলনের জন্য ইউনিয়ন সহকারী কৃষি কর্মকর্তারা চাষিদের বিভিন্ন পরামর্শ দিচ্ছেন।