কালবৈশাখী ঝড়ে বিপর্যস্ত বিদ্যুৎব্যবস্থা স্বাভাবিক না হওয়ায় চন্দনাইশের অধিকাংশ এলাকায় এখনো বিদ্যুৎ-সংযোগ চালু হয়নি। ৪ মে ঝড়ে গাছপালা ও বিদ্যুতের খুঁটি ভেঙে পড়ায় পুরো উপজেলা ২৯ ঘণ্টারও বেশি সময় বিদ্যুৎবিহীন ছিল। পরদিন ৫ মে রাতে উপজেলা সদর, দোহাজারী ও গাছবাড়িয়া এলাকায় বিদ্যুৎ-সংযোগ চালু হয়। তবে উপজেলার ১১ ইউনিয়নের ৩০ হাজার গ্রাহক এখনো অন্ধকারে আছেন।দোহাজারী বিদ্যুৎ বিতরণ কেন্দ্রের প্রকৌশলী মো. ইউসুফ জানান, ঝড়ে ৫০টি বৈদ্যুতিক খুঁটি ভেঙে পড়েছে। এতে প্রায় ২৫ কিলোমিটার বৈদ্যুতিক তার ছিঁড়ে পড়েছে। মেরামত কাজ চলার কারণে উপজেলার অধিকাংশ এলাকায় বিদ্যুৎ-সংযোগ দেওয়া যায়নি। চন্দনাইশ পল্লী বিদ্যুৎ সমিতির উপমহাব্যবস্থাপক গোলাম মোস্তফা জানান, কালবৈশাখীতে পল্লি বিদ্যুতের বিভিন্ন এলাকায় খুঁটি ভেঙে পড়ায় বিদ্যুৎ বির্পযয় ঘটে। সংযোগ মেরামতের জন্য কাজ করছেন বিদ্যুৎ বিভাগের কর্মীরা। ৪ মে কালবৈশাখীতে বিদ্যুৎ-ব্যবস্থা বিপর্যস্ত হওয়ার পাশাপাশি উপজেলার বিভিন্ন ইউনিয়নের অর্ধ শতাধিক বাড়িঘর ও দোকানপাট বিধ্বস্ত হয়।