চন্দনাইশের কৃষকেরা ঝুঁকছেন তামাক চাষের প্রতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চন্দনাইশ উপজেলার কৃষকেরা দিন দিন ধান ও রবিশস্য চাষ ছেড়ে তামাক চাষের দিকে ঝুঁকছেন। ইতিমধ্যে ধোপাছড়ি ইউনিয়নের প্রায় এক শ একর কৃষি ও সংরক্ষিত বনের জমিতে তামাক চাষ করা হয়েছে। দু-তিন বছর আগেও এখানে তামাক চাষ হতো ১৫-২০ একর জমিতে। সংশ্লিষ্ট সবাই সতর্ক না হলে ভবিষ্যতে এলাকায় কৃষিজমির অভাবে খাদ্যশস্য উৎ পাদন কমে যাওয়া এবং পরিবেশের মারাত্মক ক্ষতি হবে বলে আশঙ্কা করছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা।কৃষক ও কৃষি বিভাগের লোকজনের সঙ্গে কথা বলে জানা যায়, তামাক কোম্পানিগুলো বেশি লাভের টোপ, বীজ ও সারসহ উৎ পাদন খরচের টাকা অগ্রিম দিয়ে কৃষকদের তামাক চাষে উৎ সাহ জোগাচ্ছে।ধোপাছড়ির কৃষক আহমদ শফি এবং রফিক আহমদ জানান, এক একর জমিতে ধান চাষে প্রতি মৌসুমে আয় হয় ২০ থেকে ২৫ হাজার টাকা। সমপরিমাণ জমিতে তামাক চাষ করে আয় হয় এক থেকে দেড় লাখ টাকা। ফলে তাঁরা তামাক চাষের প্রতি আগ্রহী হয়ে উঠছেন। তাঁরা স্বীকার করেন, তামাক চাষে জমির উর্বরতা কমে এবং স্বাস্থ্যের ক্ষতি করে।সরেজমিনে দেখা যায়, ধোপাছড়ি ইউনিয়নের ধোপাছড়ি, সাঙ্গু, ডলু, বটতলী, চেমির মুখ, শামুকছড়িসহ বিভিন্ন এলাকার প্রায় এক শ একর ফসলি জমি এবং সংরক্ষিত বনের জমিতে তামাক চাষ করা হয়েছে। এলাকার কৃষকেরা জানান, তামাক চাষ ভালো হলে প্রতি মৌসুমে এক থেকে দেড় লাখ টাকা আয় হয়। কারা তামাক চাষে সহযোগিতা দেন এবং উৎ পাদিত তামাক কেনেন এ প্রশ্নে তাঁরা নীরব থাকেন। তবে নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক চাষি জানান, ব্রিটিশ আমেরিকান টোব্যাকো কোম্পানি (বিএটিসি) তাঁদের চাষে সহযোগিতা দিয়ে যাচ্ছে। ধোপাছড়ি ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান দেলোয়ার হোসেন জানান, কয়েক বছর ধরে ধোপাছড়ির বিভিন্ন এলাকায় তামাক চাষ হচ্ছে। সম্প্রতি তা আগের তুলনায় বেড়েছে।ক্ষতিকর দিক সম্পর্কে বোঝানো সত্ত্বেও কৃষকেরা বেশি লাভের আশায় তামাক চাষের দিকে ঝুঁকছেন। বিএটিসির স্থানীয় প্রতিনিধি সুব্রত বড়ুয়ার সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি মাত্র আট একর জমিতে তামাক চাষ হচ্ছে এবং উৎ পাদিত তামাক কোম্পানি কিনে নেয় বলে স্বীকার করেন। তবে কৃষকদের প্রলুব্ধ করার কথা তিনি অস্বীকার করেন। এ ব্যাপারে যোগাযোগ করা হলে ধোপাছড়ি ইউনিয়নের দায়িত্বপ্রাপ্ত সহকারী কৃষি কর্মকর্তা পরিতোষ দাশ গুপ্ত প্রায় ২৫ একর জমিতে তামাক চাষ হওয়ার কথা স্বীকার করে বলেন, ‘কৃষি ভর্তুকিসহ প্রয়োজনীয় সুযোগ-সুবিধা দেওয়ার পরও অতি লোভে পড়ে কৃষকেরা তামাক চাষের দিকে ঝুঁকছেন।’