চন্দনাইশের গৃহবধূ কলিকে হত্যা করা হয়েছিল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চন্দনাইশের বরকল ইউনিয়নের পশ্চিম কেশুয়া গ্রামের গৃহবধূ নূর কলি আত্মহত্যা করেননি। তাঁকে গলায় রশি দিয়ে বেঁধে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। নূর কলির ময়নাতদন্ত প্রতিবেদন থেকে এ তথ্য পাওয়া গেছে। জানা যায়, গত ৭ এপ্রিল বিকেলে কেশুয়া গ্রামের মোহাম্মদ ইলিয়াছের স্ত্রী নূর কলি (২২) আত্মহত্যা করেছেন বলে তাঁর শ্বশুরবাড়ির লোকজন প্রচার করেন। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়। সম্প্রতি ময়নাতদন্ত প্রতিবেদন পুলিশের হাতে আসার পর জানা গেল নূর কলিকে গলায় রশি বেঁধে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। প্রতিবেদন পাওয়ার পর নূর কলির ছোট ভাই মিজানুল হক ৬ মে বাদী হয়ে নূর কলির স্বামী, শ্বশুর, শাশুড়ি ও ননদসহ ছয়জনকে আসামি করে চন্দনাইশ থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা করেছে। মামলায় অভিযোগ করা হয়, পাঁচ বছর আগে মধ্যপ্রাচ্য প্রবাসী ইলিয়াছের সঙ্গে নূর কলির বিয়ের পর থেকে শ্বশুরবাড়ির লোকজন তাঁকে যৌতুকের জন্য নির্যাতন করে আসছিল। এর মধ্যে তাঁর গর্ভে সন্তান না আসার অজুহাতেও তাঁকে মারধর করা হতো। সমপ্রতি ইলিয়াছ বিদেশ থেকে আসার পর বাপের বাড়ি থেকে যৌতুক আনার দাবিতে নির্যাতনের মাত্রা বেড়ে যায়। গত ৭ এপ্রিল নির্যাতনে নূর কলি জ্ঞান হারিয়ে ফেললে মারা গেছেন মনে করে গলায় রশি বেঁধে শ্বাসরোধ করে মৃত্যু নিশ্চিত করে আত্মহত্যার ঘটনা প্রচার করে শ্বশুরবাড়ির লোকজন। এদিকে, নিহতের পক্ষে তাঁর ছোট ভাই মামলা করার পর থেকে আসামিপক্ষ মামলা তুলে নেওয়ার জন্য হুমকি দিচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে। মামলা তুলে না নিলে সবাইকে নূর কলির পরিণতি ভোগ করতে হবে বলে হুঁশিয়ার করে দেওয়া হয়েছে বলে জানান বাদী মিজানুল হক। এদিকে পুলিশ নূর কলি হত্যার সঙ্গে জড়িত কাউকে গ্রেপ্তার করতে পারেনি। স্বামী ইলিয়াছ ইতিমধ্যে বিদেশ পাড়ি জমানোর চেষ্টা চালাচ্ছেন বলেও জানিয়েছেন বাদীপক্ষ। মামলার তদন্ত কর্মকর্তা চন্দনাইশ থানার উপ-পরিদর্শক আবদুল মালেক তদন্ত প্রতিবেদনে শ্বাসরোধ করে হত্যার কথা উল্লেখ আছে বলে স্বীকার করেন। তিনি জানান, আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।