চট্টগ্রামের আলকরণ এলাকায় সন্ত্রাসীদের হাতে নিহত চন্দনাইশের গাছবাড়িয়া সরকারি কলেজের ছাত্র রিটু ঘোষের খুনীরা এখনো গ্রেপ্তার হয়নি। এতে হতাশা প্রকাশ করেছেন রিটুর পরিবারের সদস্যরা। তাঁদের অভিযোগ, আসামিদের পক্ষ থেকে মামলা তুলে নেওয়ার জন্য নানা মাধ্যমে হুমকি দেওয়া হচ্ছে। এদিকে নিহত রিটুর গ্রামের বাড়ি চন্দনাইশ পৌরসভার ঘোষপাড়ায় গিয়ে দেখা যায়, প্রিয়জনকে হারানোর বেদনায় স্তব্ধ তাঁর আত্মীয়স্বজন ও রিটুর সহপাঠীরা। ছেলে হারানোর শোকে থেমে থেমে ডুকরে কেঁদে উঠছেন রিটুর মা রত্না ঘোষ ও বাবা অধীর ঘোষ। রিটুর বড় ভাই সমীর ঘোষ ও বড় বোন রুম্পা ঘোষের চোখেও পানি। তাঁরা কোনোভাবেই মেনে নিতে পারছেন না রিটু খুন হওয়ার বিষয়টি। অধীর ঘোষ জানান, দুই ছেলে ও দুই মেয়ের মধ্যে রিটু সবার ছোট। সে পড়াশোনায় ছিল মেধাবী। পঞ্চম ও অষ্টম শ্রেণীতে ট্যালেন্টপুলে বৃত্তি এবং এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছিল। সম্প্রতি অনার্স তৃতীয় বর্ষের পরীক্ষার ফরম পূরণ করে সে। তার স্বপ্ন ছিল লেখাপড়া শেষ করে শিক্ষকতা করবে। কিন্তু তার সে স্বপ্ন পূরণ হতে দিল না সন্ত্রাসীরা।রিটুর সহপাঠী গাছবাড়িয়া সরকারি কলেজের ছাত্র সুব্রত নাথ বলেন, ‘রিটু ছিল অত্যন্ত ভদ্র ও মেধাবী। কোনো রাজনৈতিক সংগঠনের সঙ্গে যুক্ত ছিল না সে। আমরা রিটু হত্যাকারীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।’রিটুর বড় ভাই সমীর ঘোষ জানান, ১ জুন রাতে চট্টগ্রাম নগরের আলকরণ এলাকার সোনিয়া মেডিকেল হলে কর্মরত অবস্থায় কিছু অচেনা লোক রিটুকে দোকান থেকে ডেকে নিয়ে কুপিয়ে আহত করে। পরে তাকে মুমূর্ষু অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে সে মারা যায়। এ ঘটনায় তিনি নগরের সদরঘাট থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। এতে বিরোধ সৃষ্টিকারী প্রতিবেশীদের আসামি করা হয়। রিটুর বাবা অধীর ঘোষ বলেন, ‘পাঁচ বছর ধরে আমাদের ভিটার জায়গা নিয়ে প্রতিবেশী সন্তোষ ঘোষ, শিবু ঘোষ, নিতাই ঘোষ, গৌরাঙ্গ ঘোষ ও বাবুল ঘোষের সঙ্গে বিরোধ চলছিল। গত ১৮ এপ্রিল ঝড়ে ক্ষতিগ্রস্ত ঘরের চালা ঠিক করা নিয়েও তাঁদের সঙ্গে ঝগড়া হয়। এ সময় তারা আমাদের ঘরবাড়ি ভাঙচুর করে এবং পরিবারের সদস্যদের মারধর করে। এ ঘটনায় তারা উল্টো আমাদের নামে থানায় মামলা দায়ের করলে গত ১৯ এপ্রিল রিটুও বাদী হয়ে ওদের বিরুদ্ধে আর একটি মামলা দায়ের করে। তখন থেকেই ওরা রিটুকে হত্যার পরিকল্পনা করে।’ এদিকে রিটু খুন হওয়ার পর থেকেই মামলার আসামিরা আত্মগোপন করে আছেন। তবে বিভিন্ন মাধ্যমে তাঁরা রিটুর পরিবারের সদস্যদের হুমকি দিচ্ছেন বলে অভিযোগ করেন রিটুর বড় ভাই সমীর ঘোষ। এতে তাঁরা নিরাপত্তাহীনতায় ভুগছেন। এ বিষয়ে সদরঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রণব চৌধুরী মুঠোফোনে বলেন, ‘নতুন থানা হিসেবে যাত্রা শুরুর পর এটি আমাদের জন্য প্রথম গুরুত্বপূর্ণ ঘটনা। তাই এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও আসামিদের গ্রেপ্তারকে আমরা চ্যালেঞ্জ হিসেবে নিয়েছি। খুব তাড়াতাড়ি হত্যার রহস্য উদ্ঘাটন করা যাবে বলে তিনি আশা প্রকাশ করেন।