চন্দ্রগ্রস্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাত ১১টায় শফি মোটরসাইকেল নিয়ে আমাদের বাড়িতে এসে হাজির। আমাকে বলল, ‘এক কাপড়ে মোটরসাইকেলে ওঠ। মাস্টারপাড়াতে মাইজভান্ডারি গানের আসর বসেছে, দেখতে যাব।’ওর কথা শুনে আমার হার্টঅ্যাটাক করার দশা হলো। ওকে ধমক দিয়ে বললাম, ‘ব্যাটা বুরবক, তুই কি এখনো চট্টগ্রামে আছিস নাকি। এটা নিজের বাড়ি, ঈদের ছুটিতে আমরা এখন গ্রামে আছি। আমি যদি এখন বাড়ি থেকে বের হই, আমার মা আর জীবনে কোনো দিন আমাকে বাড়িতে ঢুকতে দেবে না! তোর বেশি শখ হলে তুই দেখতে যা।’শফি আমাকে বোঝানোর চেষ্টা করল, ‘আরে ভাই জীবনে বিনোদনেরও তো দরকার আছে। এসব গানের অনুষ্ঠান কি প্রত্যেক দিন হয়।’আমিও পাল্টা যুক্তি দিলাম, ‘বিনোদন চাইলে বাড়িতে গিয়ে টেলিভিশন দেখ! ঈদ উপলক্ষে টিভিতে অনেক রকম গানের অনুষ্ঠান হচ্ছে।’শফি এবার বেশ মরিয়া হয়ে বলল, ‘একটু দয়া কর ভাই। ঘণ্টা খানেক পরই চলে আসব। আসল কথা হলো, একা একা যেতে ভয় পাচ্ছি। গ্রাম এলাকা তো, এখনই কী রকম নির্জন হয়ে গেছে। আমাকে একলা পেয়ে যদি ভূতেরা দল বেঁধে আক্রমণ করে। তুই সঙ্গে গেলে একটু সাহস পাই।’এবার আমি বুক ফুলিয়ে দাঁড়ালাম। ভূতের ভয়ে ভীত এক ভাই আমার কাছে সাহস নিতে এসেছে, একে তো নিরাশ করা যায় না। আমিও যে খুব একটা সাহসী সেটা আশপাশের দু-দশ গ্রামের কেউ বলতে পারবে না! কোনো এলাকায় ভূত আছে শুনলে আমি ওই এলাকার কিলোমিটার খানিক দূর দিয়ে হাঁটি। কিন্তু এই কথা তো আর এই ব্যাটার কাছে ফাঁস করা যাবে না। যা থাকে কপালে! মাকে বলে আমি মোটরসাইকেলে উঠে পড়লাম। মা সম্ভবত তাঁর বীর ছেলের বীরত্বে গর্বিত হয়ে বকাঝকা করা থেকে বিরত থাকলেন।গানের আসরে এসে ভালোই হলো। আমি আগে কখনো মাইজভান্ডারি গানের আসর সরাসরি দেখিনি। অনেকটা কাওয়ালি ধাঁচের গান। একজন প্রধান গায়ক হারমোনিয়াম দিয়ে মোটামুটি উচ্চ স্বরে ভক্তিমূলক গান গাচ্ছেন। ঢোল, খঞ্জনি দিয়ে সহকারীরা তাঁকে সংগত করছেন। গায়কের চেহারায় বার্ধক্যের ছাপ এসেছে, গলার স্বর খানিকটা ভাঙা। বয়স তাঁর কণ্ঠে সামান্য জড়তা নিয়ে এলেও মনোযোগ দিয়ে শুনলে বোঝা যায় এককালে এই কণ্ঠে অনেক জৌলুশ ছিল।ছেলে-বুড়ো সবাই বেশ মাথা ঝাঁকিয়ে ঝাঁকিয়ে গান শুনছে। কেউ কেউ মাঝেমধ্যে দুই হাত ওপরে তুলে আবেগে ‘আহা আহা’ করছে। আমি গান শুনছি আর মানুষের বিচিত্র কার্যকলাপ দেখছি।পর পর কয়েকটি গান গেয়ে গায়ক থামতেই কোনো এক ছোকরা ‘ওয়ান মোর, গরম গান লাগান’ বলে চিৎকার করে উঠল। গায়কের এক সহকারী জনতার দিকে তাকিয়ে নিচু গলায় বললেন, ‘হারমোনিয়ামের ওপর টাকার ছড়াছড়ি হইয়া যাইতে হইব, তাইলে সুন্দর সুন্দর গান হইব।’বৃদ্ধ গায়ক গলা খাঁকারি দিয়ে বললেন, ‘এট্টু বিরতি দেই। চা খাইয়া আসি, তারপর আবার গামু নে।’বৃদ্ধ পিরিচে ঢেলে সুরুৎ সুরুৎ শব্দ করে চা খাচ্ছেন। আমি পাশে বসে বললাম, ‘আপনি তো ভালো গান করেন।’ বৃদ্ধ আমাকে পাত্তা দেন না, উদাস ভঙ্গিতে তাকান। তারপর একসময় বলেন, ‘একসময় এ রহম কথা শুনে ভারি ভালো লাগত। শয়ে শয়ে মানুষ আমার গান শুইনা পাগল হইতেছে দেখলে নিজেরে সিনেমার নায়কেগো মতন লাগত। এহন এসব চোক্কে পড়ে না বাপজান।’আমি একটু অবাক হই, ‘কেন, চোখে পড়ে না কেন?’বৃদ্ধ কথা বলেন একদম বুকের ভেতর থেকে, ‘জোয়ান বয়সে সারা দিন মাঠে হালচাষ করছি। আর রাত্রে গান শুনায়া মানুষরে আনন্দ দিছি। এহন আর সেই বয়স নাই। খেতে কাম করনের মতো শক্তি নাই শরীলে। এহন এই গানডাই ভরসা। আগের দিনের মতো এসব অনুষ্ঠান তো এহন আর হয় না। ঈদের কারণে আইজকা এই গানের আসর বসছে। গান গাইতে গেলে বারে বারে হারমোনিয়ামের ওপরে দেখি, কয় ট্যাকা পড়ল। ট্যাকার জইন্যে গান গাইতে একদম ভালো লাগে না বাবা। কিন্তু কী করব, পেটের ক্ষুধার কাছে বিবেক বিসর্জন দিছি।’আমি হঠাৎ হকচকিয়ে গেলাম। আমার মনে হলো একটা বিশাল গহ্বরে আমি তলিয়ে যাব এক মুহূর্তে। আমার গলার কাছে কী যেন একটা আটকে গেল। মনে হলো, আমার বুকের ভেতর থেকে সবকিছু বেরিয়ে গিয়ে আমি একটা শূন্যে পরিণত হয়েছি। দম বন্ধ হয়ে মারা যাব নাকি।বৃদ্ধ গায়ক পিরিচে চা ঢেলে উদাস হয়ে বসে আছেন। আমি বৃদ্ধের পাশ থেকে সরে আসি। শফিকে বললাম, ‘আর ভালো লাগছে না, চল চলে যাই।’ শফি এক কথায় রাজি হয়ে গেল।দুই পাশে বিস্তীর্ণ ধানখেত, মাঝখানে পাকা রাস্তা। এই মধ্যরাতে বাংলাদেশের পল্লিগ্রামে কী মৃত্যুর মতো নিস্তব্ধতা! নির্জনতার বুক চিরে দিয়ে আমরা প্রচণ্ড গতিতে ছুটে চলেছি। শীতের এই শুরুর সময়টাতে কুয়াশা এখনো জাঁকিয়ে বসেনি রুক্ষ খেতের ওপর। ঠান্ডা বাতাস আমাদের নাকেমুখে ঢুকে যাচ্ছে। আমি আকাশে তাকিয়ে দেখি বিশাল একটা চাঁদ আমাদের সঙ্গে পাল্লা দিয়ে দৌঁড়ে চলেছে। আমি তো ভুলেই গিয়েছিলাম আজকে কোজাগরি পূর্ণিমা। আমি চন্দ্রগ্রস্তের মতো শফিকে বললাম, ‘আরও জোরে চালা তো, চাঁদটাকে পেছনে ফেলে দিতে পারি কি না দেখি।’জুয়েল দেব[email protected]