চন্দ্রঘোনা ইউপিতে নির্বাচন আজ
কাপ্তাই উপজেলার চন্দ্রঘোনা ইউনিয়ন পরিষদে (ইউপি) আজ নির্বাচন অনুষ্ঠিত হবে। কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা হাজেরা খাতুন জানান, নির্বাচনকে ঘিরে কঠোর নিরাপত্তাব্যবস্থা রাখা হয়েছে। বিপুলসংখ্যক আনসার ও পুলিশের পাশাপাশি বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যদেরও মোতায়েন করা হয়েছে। হাজেরা খাতুন জানান, রাঙামাটির জেলা প্রশাসক, জেলা পুলিশ সুপারসহ জেলার ঊর্ধ্বতন কর্মকর্তাদের দৃষ্টি এখন চন্দ্রঘোনা ইউনিয়নের নির্বাচনের দিকে। নির্বাচনে যাতে কোনো ধরনের অনিয়ম হতে না পারে, সে জন্য কাপ্তাইয়ে অবস্থিত বিজিবি, কাপ্তাই থানা পুলিশ এবং উপজেলা আনসার-ভিডিপির কর্মকর্তাদের সঙ্গে ইতিমধ্যে একাধিকবার আলোচনা হয়েছে। কাপ্তাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইউসুফ সিদ্দিকী বলেন, ‘তিনটি কেন্দ্র ঝুঁকিপূর্ণ বলে তথ্য রয়েছে। কিন্তু আমরা সব কেন্দ্রকে সমান গুরুত্ব দিয়ে নজরদারিতে রাখছি।’ সামান্যতম অনিয়মের অভিযোগ পাওয়া গেলেই তাৎক্ষণিক আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’ নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ-সমর্থিত চারজন, বিএনপি-সমর্থিত একজন এবং নির্দলীয় একজন ছাড়াও অন্য ১২টি পদে মোট ৫৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। আওয়ামী লীগের প্রার্থীরা হলেন কাপ্তাই উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. মফিজুল হক (গরুর গাড়ি), উপজেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়া সম্পাদক বিপ্লব মারমা (টেলিফোন), রাঙামাটি জেলা কৃষক লীগের সদস্য কোটিপতি আবুল বশর (জাহাজ) এবং উপজেলা আওয়ামী লীগের সদস্য হানিফ বাবুল (দোয়াত-কলম)। বিএনপির একমাত্র প্রার্থী হলেন মো. ওয়াজি উল্যাহ (দেয়াল ঘড়ি) এবং নির্দলীয় প্রার্থী হলেন মো. হারুনর রশিদ (আনারস)।