চন্দ্রঘোনায় অপহৃত স্কুলছাত্রীর খোঁজ মেলেনি ১৩ দিনেও
কাপ্তাইয়ের চন্দ্রঘোনা থেকে অপহৃত স্কুলছাত্রীর খোঁজ মেলেনি ১৩ দিনেও। এই ঘটনায় ছাত্রীর মা বাদী হয়ে থানায় মামলা দায়ের করলেও মূল আসামিদের গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। এই অবস্থায় ওই ছাত্রীকে জীবিত ফেরত পেতে ব্যাকুল হয়ে আছে পরিবার।
ছাত্রীর মা মামলার এজাহারে উল্লেখ করেন, চন্দ্রঘোনা নারানগিরি সরকারি উচ্চবিদ্যালয়ের দশম শ্রেণি পড়ুয়া মেয়েকে উত্ত্যক্ত করত স্থানীয় ইরফান, রহিম ও রাহুলসহ কিছু বখাটে যুবক। বিষয়টি স্থানীয় লোকজনকে জানানো হলে তাদের বারণও করা হয়। তার পরও তারা থেমে থাকেনি। ৩ নভেম্বর বাসা থেকে বের হলে তার মেয়েকে জোরপূর্বক অপহরণ করে নিয়ে যায় আসামিরা। এজাহারে ছয়জনকে আসামি রাখা হয়।
জানতে চাইলে ছাত্রীর মা প্রথম আলোকে বলেন, ‘অনেক খোঁজাখুঁজি করে না পেয়ে থানায় মামলা দায়ের করা হয়। পুলিশ আসামিদের গ্রেপ্তারে গরজ দেখাচ্ছে না। এখনো আমার মেয়েকে উদ্ধার করতে পারেনি। আমি মেয়েকে জীবিত ফেরত চাই।’
তিনি অভিযোগ করে বলেন, আনোয়ার হোসেন নামের স্থানীয় এক স্বেচ্ছাসেবক লীগ নেতার আশ্রয়ে রয়েছে বখাটেরা। এই জন্য তাঁর মেয়েকে ফেরত পাচ্ছেন না। তবে এ অভিযোগ অস্বীকার করে আনোয়ার হোসেন শুক্রবার বিকেলে প্রথম আলোকে বলেন, ‘আমি কাউকে আশ্রয় দিইনি। এই ঘটনার সঙ্গে আমার কোনো সম্পৃক্ততা নেই।’
চন্দ্রঘোনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল আনোয়ার জানান, অপহৃত স্কুলছাত্রীকে উদ্ধার করতে পুলিশের অভিযান অব্যাহত আছে। ছেলেটির সঙ্গে পূর্বপরিচয়ের সূত্র ধরে মেয়েটি চলে গেছে ধারণা করা হচ্ছে। এর পরও যেহেতু মামলা হয়েছে পুলিশের তদন্ত অব্যাহত আছে। আবদুর রহিম নামের এক আসামিকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছে।