চন্দ্রঘোনায় আচরণবিধি লঙ্ঘনের দায়ে ১০ প্রার্থীকে জরিমানা
কাপ্তাই উপজেলার চন্দ্রঘোনা ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনকে সামনে রেখে প্রার্থীরা আচরণবিধি লঙ্ঘন করছেন বলে অভিযোগ পাওয়া গেছে। আচরণবিধি লঙ্ঘনের দায়ে ইউনিয়নের পাঁচ চেয়ারম্যান ও পাঁচ সদস্য পদপ্রার্থীকে জরিমানা করেছে প্রশাসন। প্রশাসন সূত্রে জানা গেছে, ইউনিয়নের বেশ কয়েকজন প্রার্থী প্রতিদ্বন্দ্বী প্রার্থীর বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ এনেছেন। চেয়ারম্যান পদপ্রার্থী মো. ওয়াজি উল্যাহ অভিযোগ করেন, তিনি প্রচারণার জন্য যে ব্যানার ঝুলিয়েছিলেন, সেটি চুরি হয়ে গেছে। বিষয়টি তিনি রিটার্নিং কর্মকর্তাকেও জানিয়েছেন বলে জানান। এ বিষয়ে কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা হাজেরা খাতুন বলেন, ‘প্রার্থীদের বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ আসছে। নানা অভিযোগে এ পর্যন্ত পাঁচজন চেয়ারম্যান পদপ্রার্থীকে দুই হাজার টাকা করে জরিমানা করা হয়েছে। একই অপরাধে পাঁচজন সদস্য প্রার্থীকেও এক হাজার টাকা করে জরিমানা করা হয়।’ নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে প্রশাসনের পক্ষ থেকে সব রকম প্রস্তুতি নেওয়া হয়েছে বলে নিশ্চিত করেন তিনি। আচরণবিধি লঙ্ঘন করা হচ্ছে কি না তা কঠোরভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। বিধি লঙ্ঘনের কোনো অভিযোগ পাওয়া গেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান। তিনি বলেন, ২১ জুলাই নির্বাচনকে সামনে রেখে গত রোববার বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), পুলিশ ও আনসার বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের নিয়ে বৈঠক হয়েছে। নির্বাচনের আগে এবং নির্বাচনের দিন কেউ যাতে আচরণবিধি লঙ্ঘন করতে না পারেন তার জন্য সার্বক্ষণিক নজরদারি করা হচ্ছে।নির্বাচনী কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, চেয়ারম্যান পদপ্রার্থীদের মধ্যে মফিজুল হক, হানিফ বাবুল, বিপ্লব মারমা, মো. ওয়াজি উল্যাহ এবং মো. হারুনুর রশিদকে আচরণবিধি লঙ্ঘনের দায়ে জরিমানা করা হয়। সদস্য পদপ্রার্থীদের মধ্যে মো. আবদুল মান্নান, মো. একরামুল হক, মো. এরশাদ, মো. মনা ও খোরশেদ আলমকে জরিমানা করা হয়।