চন্দ্রঘোনায় ইউপি নির্বাচনের স্থগিতাদেশ প্রত্যাহার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কাপ্তাই উপজেলার ১ নম্বর চন্দ্রঘোনা ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচনের স্থগিতাদেশ প্রত্যাহার করেছেন আদালত। ফলে এই ইউনিয়নের নির্বাচন নিয়ে অনিশ্চয়তা দূর হয়েছে। উপজেলার পাঁচ ইউনিয়নের মধ্যে তিন ইউনিয়নে নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষভাবে পরিচালনার জন্য ইতিমধ্যে প্রস্তুতি নিয়েছে প্রশাসন। নির্বাচনের সময় সার্বিক আইনশৃঙ্খলা রক্ষায় দায়িত্ব পালন করবেন পুলিশ ও বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা। কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হাজেরা খাতুন প্রথম আলোকে গত ৩০ মে বলেন, ‘উচ্চ আদালতের নির্দেশে চন্দ্রঘোনা ইউনিয়নে নির্বাচন পরিচালনার বিষয়ে যে স্থগিতাদেশ ছিল আপিল বিভাগ সেই আদেশ স্থগিত করেছেন।’ আপিল বিভাগের রায়ের সার্টিফাইড কপি তাঁর (ইউএনও) হাতে এসেছে বলে তিনি জানান। নির্বাহী কর্মকর্তা আরও বলেন, জুন মাসের মধ্যে চন্দ্রঘোনা ইউনিয়নের নির্বাচন সম্পন্ন করা সম্ভব হবে। তবে এখন পর্যন্ত তফসিল ঘোষণা করা হয়নি। কাপ্তাই উপজেলার ২ নম্বর রাইখালী ইউনিয়নের নির্বাচন উচ্চ আদালতের নির্দেশে তিন মাসের জন্য স্থগিত রয়েছে বলে নির্বাহী কর্মকর্তা জানান।নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মধ্যে এখন পর্যন্ত বড় ধরনের আচরণ লঙ্ঘনের মতো অভিযোগ পাওয়া যায়নি। এখনো পর্যন্ত কোনো ভোটকেন্দ্রকেও ঝুঁকিপূর্ণ বলে চিহ্নিত করা হয়নি। এ প্রসঙ্গে উপজেলা নির্বাহী কর্মকর্তা হাজেরা খাতুন জানান, ‘প্রতিটি ভোটকেন্দ্রের প্রতি আমাদের সমান গুরুত্ব থাকবে এবং নিয়মমাফিক নিরাপত্তাব্যবস্থা রাখা হবে।’ নির্বাচনের দিন পুলিশের পাশাপাশি টহলে থাকবে বিজিবির সদস্যরা। কাপ্তাইয়ে অবস্থিত ৪ বিজিবির মেজর মো. আতিকুজ্জামান বলেন, ‘বিজিবির সদস্যরা প্রতিটি কেন্দ্রের আশপাশে অবস্থান করবেন এবং নির্বাচনী এলাকায় দিন-রাত নিয়মিত নিরাপত্তা টহলে থাকবেন।’ ঘোষিত তফসিল অনুযায়ী ১৫ জুন উপজেলার চিৎমরম, কাপ্তাই ও ওয়াগ্গা ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হবে। ইতিমধ্যে এই তিন ইউনিয়নে প্রার্থী চূড়ান্ত হয়েছে। গত ২৯ মে ছিল প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন। তিন ইউনিয়নে ভোটারসংখ্যা ১৯ হাজার ৬৮৯ এবং ভোটকেন্দ্র ২৭টি। উপজেলা মৎস্য কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা মো. গোলাম মর্তুজা জানান, চিৎমরম ইউনিয়নে থুইচাই প্রু মারমা ও থোয়াইচিং মারমা—এ দুইজন চেয়ারম্যান পদে প্রার্থী হয়েছেন। উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা ত্রিরতন চাকমা জানান, কাপ্তাই ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রার্থী হয়েছেন ছয়জন—মো. নিজাম উদ্দিন, আব্দুল লতিফ, মো. নাছির উদ্দিন, মো. মহির উদ্দিন, মো. মোফাজ্জল হোসেন ও মো. নুরুল আমিন। ওয়াগ্গা ইউনিয়নে পাঁচ চেয়ারম্যান পদপ্রার্থী হলেন—দিপ্তীময় তালুকদার, চিরঞ্জিত তঞ্চঙ্গ্যা, অংলাচিং মারমা, প্রভাতচন্দ্র তালুকদার ও সফিউল আলম।